
যেকোনো বিপণনকেন্দ্রেই বেশি পণ্য বিক্রি করতে পারলে বিক্রয়কর্মী প্রশংসিত হন। সুযোগ থাকলে পদোন্নতিও দেওয়া হয় তাঁকে। কিন্তু কিউবায় আপেল বিক্রি করে ফেঁসেছেন একটি সুপারশপের কয়েকজন কর্মী। বরখাস্ত হতে হয়েছে তাঁদের।
ওই কর্মীদের অপরাধ, এক ক্রেতার কাছেই ১৫ হাজার আপেল বিক্রি করেছেন তাঁরা। কিউবার রাজধানী হাভানায় ঘটনাটি ঘটেছে।
ওই সুপারশপ থেকে সম্প্রতি এক তরুণ আপেলগুলো কেনেন। ওই তরুণ প্রতি আপেলের জন্য ৪৫ সেন্ট করে দাম পরিশোধ করেন। ঘটনাটি প্রত্যক্ষ করেন স্থানীয় সাংবাদিক আয়োরেল সানচেজ। নিজের ব্লগে এ নিয়ে লেখা প্রকাশ করেন তিনি। এরপর কিউবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্রানমা গত শুক্রবার এ বিষয়ে খবর প্রকাশ করে।
ক্যারিবীয় দ্বীপদেশ কিউবার জনসংখ্যা প্রায় ১ কোটি ১০ লাখ। চাহিদা পূরণে ফলমূল, দুধসহ প্রায় সব ধরনের খাদ্যপণ্য আমদানি করতে হয় দেশটিকে। এই সংকটকে পুঁজি করতে বেশ কিছু চক্র সক্রিয়। এমন পরিস্থিতিতে এক গ্রাহকের কাছে ১৫ হাজার আপেল বিক্রি করাটা অপরাধ হিসেবেই নিয়েছে সুপারশপ কর্তৃপক্ষ। আপেল বিক্রিতে সংশ্লিষ্ট কর্মীদের বরখাস্তও করেছে তারা।