আফগান যুদ্ধ নিয়ে মার্কিন সংশয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে ১৩ বছর আগে শুরু করা যুদ্ধ অবশেষে শেষ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। কিন্তু চড়া দামের এই লড়াই থেকে কী লাভ হলো, তা নিয়ে মার্কিনদের মধ্যেই এখন সংশয় ও বিভক্তি দেখা দিয়েছে।
আধুনিক যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম লড়াইয়ের অবসান উপলক্ষে বিজয়ের অনুভূতির বদলে অধিকাংশ মার্কিনির মধ্যে হা-হুতাশ ও ক্লান্তির প্রকাশই বেশি। এক লাখ কোটি মার্কিন ডলার খরচ হওয়ার পাশাপাশি আফগান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ২ হাজার ৩০০ সেনার প্রাণ গেছে।
মার্কিন সামরিক কর্মকর্তারা জোর দিয়ে বলছেন, জঙ্গি সংগঠন তালেবানের বিরুদ্ধে লড়াই এখন আফগান নিরাপত্তা বাহিনীই সামলাতে পারবে। কিন্তু অনেকেই সেখানে ইরাকের মতো অরাজক পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা করছেন। কারণ, মার্কিন বাহিনীর কাছে প্রশিক্ষণ নেওয়া আফগান সেনাবাহিনী জিহাদিদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে এরই মধ্যে কার্যত ভেঙে পড়েছে।
মার্কিনদের একটি বড় অংশ এখন বলছে, আফগান লড়াইয়ের দরকার ছিল না। আর সেনাদের মধ্যেই মাত্র ২৩ শতাংশ বিশ্বাস করেন, আফগান অভিযান সফল হয়েছে। সাম্প্রতিক এক জনমত জরিপে এ তথ্য পাওয়া যায়। কিন্তু আফগান যুদ্ধ শুরু হওয়ার সময় যুক্তরাষ্ট্রজুড়ে এর পক্ষে বেশ ভালো সমর্থন পাওয়া গিয়েছিল।
২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার এক মাসেরও কম সময়ের মধ্যে আফগানিস্তানে সামরিক অভিযান চালিয়েছিল যুক্তরাষ্ট্র। তখনকার মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সামরিক অভিযান চালানোর পক্ষে জনগণের ক্ষোভকে সফলভাবে কাজে লাগান। অক্টোবর মাসেই এক ভাষণে তিনি আফগান যুদ্ধ শুরু করার ঘোষণা দেন। যুক্তরাষ্ট্রের ঘোষিত লক্ষ্য ছিল, ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের ভিত্তি হিসেবে আফগানিস্তানকে অকার্যকর করে দেওয়া’ এবং ‘আল-কায়েদার পৃষ্ঠপোষক’ তালেবান সরকারকে উৎখাত করা।
যুক্তরাষ্ট্রের লক্ষ্য বেশ দ্রুত অর্জিত হয়েছিল। মার্কিন বাহিনীর সমর্থনে বিরোধী উত্তরাঞ্চলীয় জোটের যোদ্ধারা এক মাসের মধ্যেই তালেবান সরকারকে উৎখাত করে। বিমান হামলা এবং স্বল্পসংখ্যক বিশেষ সেনা দিয়ে যুক্তরাষ্ট্র ওই অভিযানে সক্রিয়ভাবে অংশ নিয়েছিল। তবে তালেবান বাহিনী পুনর্গঠিত হয়ে প্রতিবেশী পাকিস্তানে আশ্রয় নিয়ে প্রতিরোধ লড়াই চালাতে থাকে। যুক্তরাষ্ট্রের মনোযোগ ক্রমশ সরে যায় ইরাক যুদ্ধের দিকে। কাবুলের দুর্নীতিগ্রস্ত ও অকার্যকর সরকারের বিরুদ্ধে বিচ্ছিন্নভাবে লড়াই শুরু করে তালেবান। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আন্তর্জাতিক বাহিনী তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে থাকে। কিন্তু যুদ্ধের ‘আসল লক্ষ্য’ অর্জনের বিষয়টি অধরা থেকে যায়।
যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা আফগানিস্তানের পুনর্গঠন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই, অর্থনৈতিক উন্নয়ন এবং স্থিতিশীল গণতন্ত্র প্রতিষ্ঠার মতো আশার কথা শোনাতে থাকে। কিন্তু বাস্তবে অগ্রগতি হয় কমই। বরং দশকের পর দশক ধরে যুদ্ধের জেরে দেশটির দারিদ্র্য পরিস্থিতি চরম পর্যায়ে পৌঁছায়। সব মিলিয়ে আফগান যুদ্ধের ফলাফল বেশ হতাশাজনক। আন্তর্জাতিক সহায়তায় অবকাঠামোসহ বিভিন্ন খাতে কিছু উন্নতি হয়। কিন্তু দুর্নীতি বৃদ্ধি এবং অব্যাহত সন্ত্রাসবাদ সামনে এগোতে দেয়নি। তালেবানের সঙ্গে সাম্প্রতিক বছরগুলোতে চলা শান্তি আলোচনা ফলপ্রসূ হয়নি। বিদেশি সেনারা সাংস্কৃতিক ও ভাষাগত সমস্যা এবং উপজাতীয় জনগোষ্ঠীর বিরোধিতার মুখে পড়ে। অভিযানের শেষ পর্যায়ে আফগানিস্তানে মার্কিন সেনার সংখ্যা এক লাখ থেকে মাত্র ১১ হাজারে নেমে এসেছে।
বিশ্লেষকেরা মনে করেন, আফগানিস্তানে তালেবান হয়তো ঠিক আগের ভূমিকায় ফিরে আসতে পারবে না। তবে সমমনা জঙ্গি সংগঠনগুলো সিরিয়া, ইরাকসহ অন্যান্য দেশে তৎপরতা চালিয়ে যাচ্ছে। গবেষণা প্রতিষ্ঠান ব্রুকিংস ইনস্টিটিউশনের বিশেষজ্ঞ ভ্যান্ডা ফেলবাব-ব্রাউন বলেন, আফগানিস্তানে তালেবানকে পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়নি।
মার্কিন কর্মকর্তারা মনে করেন, আফগান নিরাপত্তা বাহিনীর জন্য এখন আর বড় অঙ্কের বিনিয়োগ করতে হবে না। কিন্তু আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের কিছু কিছু জায়গায় মার্কিন সেনারা চলে যাওয়ার পর বিদ্রোহীরা আবার নিয়ন্ত্রণ নিতে শুরু করেছে। স্থানীয় নিরাপত্তা বাহিনীতে জাতিগত বিভেদ থাকায় তার কার্যকারিতা নিয়েও উঠেছে প্রশ্ন।