আফগান যুদ্ধ নিয়ে হতাশ হয়ে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ ১৬ বছর ধরে লড়াইয়ের পরও তা শেষ হওয়ার কোনো লক্ষণ না থাকায় তাঁর মধ্যে এই হতাশা সৃষ্টি হয়েছে। এ অবস্থায় তিনি দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের নতুন কৌশল বাস্তবায়ন-প্রক্রিয়া বিলম্বিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। দেশটির কর্মকর্তারা গত বুধবার এ কথা জানিয়েছেন।
কর্মকর্তারা বলেন, হতাশ প্রেসিডেন্ট আফগানিস্তানে নিয়োজিত মার্কিন বাহিনীর প্রধান জেনারেল জন নিকলসনকে বরখাস্তের পরামর্শ দিয়েছেন। তাঁর প্রতি বিরক্ত প্রেসিডেন্ট গত ১৯ জুলাই হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে এক বৈঠকে দাবি করেন, তাঁর শীর্ষ জাতীয় নিরাপত্তা উপদেষ্টারাই বরং আফগান যুদ্ধের বিষয়ে তাঁকে আরও বেশি তথ্য দেন।
বৈঠকে ট্রাম্প বলেন, যুদ্ধে জয় না পাওয়ার জন্য আফগানিস্তানে মার্কিন বাহিনীর কমান্ডার জেনারেল জন নিকলসনকে বরখাস্তের বিষয়টি প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস ও জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান মেরিন জেনারেল জোসেফ ডানফোর্ডের বিবেচনা করা উচিত। তাঁর এ কথার পরই বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, এ সময় ট্রাম্প বলেন, ‘আমরা যুদ্ধে জয়ী হচ্ছি না।’ তিনি আফগান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হেরে যাওয়ার বিষয়টি সামরিক বাহিনী মেনে নিচ্ছে বলে মন্তব্য করলে বেশ কয়েকজন কর্মকর্তা বৈঠকস্থল থেকে বেরিয়ে যান।
বৈঠক শেষে ট্রাম্পের প্রধান কৌশলবিদ স্টিভ ব্যাননের সঙ্গে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বাদানুবাদ শুরু হয় বলে জানিয়েছেন ওই কর্মকর্তারা।