আফগান রোবটিকস দলের মেয়েদের আমেরিকার ভিসা দেওয়া হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের রোবটিকস (প্রকৌশলী) দলের টিনএজার মেয়ে প্রতিযোগীদের আমেরিকায় প্রবেশের জন্য ভিসা দেওয়া হয়নি। এর ফলে তাঁরা ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য প্রতিযোগিতায় ব্যক্তিগতভাবে উপস্থিত হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

এই প্রতিযোগীদের প্রত্যাশা ছিল, সারা বিশ্বের অন্যান্য দেশের যুব প্রকৌশলীদের মতো জুলাই মাসে যুক্তরাষ্ট্রের রাজধানীতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে তাঁদের যোগ্যতা ও দক্ষতা যাচাইয়ের সুযোগ পাবেন। কিন্তু যুক্তরাষ্ট্র পররাষ্ট্র বিভাগ তাঁদের ভিসা দিতে অস্বীকৃতি জানায়।
এ দলের স্পনসর রোয়া মাহাবুব ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন, ভিসার আবেদন নাকচ হওয়ায় মেয়েগুলো কান্না সংবরণ করতে পারেননি। কেউ কেউ সারা দিন কেঁদেছেন। উল্লেখ্য, সুদান ও সিরিয়ার মেয়ে প্রকৌশলীদের একই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য ভিসা দেওয়া হয়েছে। যদিও দুটি দেশের নাগরিকদের আমেরিকায় ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। আফগান মেয়েদের ভিসার আবেদন নাকচ করার ব্যাপারে আমেরিকান পররাষ্ট্র দপ্তর থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।