আফগানদের চাপে হিমশিম দশায় মার্কিন অভিবাসন

  • তালেবানরা আফগানিস্তান দখল করে নেওয়ায় মার্কিন অভিবাসনব্যবস্থা এখন ভিন্ন বাস্তবতার সম্মুখীন।

  • এখন পর্যন্ত ৭০ হাজারের বেশি আফগান নাগরিক যুক্তরাষ্ট্রে আশ্রয়ের আবেদন জানিয়েছে।

  • আগামী ৩০ সেপ্টেম্বর চলতি বছরের শরণার্থী গ্রহণের মেয়াদ শেষ হচ্ছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তালেবানের হাতে কাবুল পতনের পর আফগানিস্তান থেকে অনেককেই উদ্ধার করে নিয়ে গেছে মার্কিন কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রে নেমে শরণার্থী হিসেবে আশ্রয় পাওয়ার পাসের অপেক্ষায় শিশুসহ আফগানরা। ২৪ আগস্ট, ডালাস এক্সপো সেন্টার, ভার্জিনিয়া
ছবি: রয়টার্স

মার্কিন অভিবাসন ব্যবস্থায় চরম অরাজকতার সৃষ্টি হয়েছে। বৈধ অভিবাসনের আবেদনপত্র জমা পড়ে আছে বছরের পর বছর। এর মধ্যে দক্ষিণ সীমান্ত দিয়ে প্রবেশ করা নথিপত্রহীন অভিবাসী এবং আফগান পরিস্থিতি অভিবাসনব্যবস্থাকে আরও নাজুক করে তুলেছে।

মার্কিন অভিবাসনব্যবস্থা একটি নির্দিষ্ট সংখ্যক অভিবাসন আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রস্তুত। এমনিতেই বিভাগটিতে বিরাজমান লোক স্বল্পতার সঙ্গে যোগ হয়েছে নতুন অভিবাসনের আবেদনের চাপ। আফগানিস্তানে গত ২০ বছরে মার্কিন

বাহিনীকে নানাভাবে সাহায্য করা লোকজনকে বিশেষ অভিবাসনব্যবস্থায় যুক্তরাষ্ট্রে নিয়ে আসার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

তালেবানরা আফগানিস্তান দখল করে নেওয়ায় মার্কিন অভিবাসনব্যবস্থা এখন ভিন্ন বাস্তবতার সম্মুখীন। এখন পর্যন্ত ৭০ হাজারের বেশি আফগান নাগরিক যুক্তরাষ্ট্রে আশ্রয়ের আবেদন জানিয়েছে বলে অভিবাসন বিভাগ জানিয়েছে।

এদিকে প্রেসিডেন্ট জো বাইডেন গত জানুয়ারি মাসে ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্রে শরণার্থী গ্রহণের কোটা বৃদ্ধির ঘোষণা দিয়েছিলেন। পূর্বসূরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরণার্থী আশ্রয় প্রদানের কোটা সংকোচনের নীতি থেকে বেরিয়ে আসার ঘোষণা দেওয়া হয় বাইডেন প্রশাসনের পক্ষ থেকে। অভিবাসনে প্রতি অর্থবছরে ৬৫ হাজার শরণার্থীদের আশ্রয় দেওয়ার কথা বলা হয়েছিল। আগামী ৩০ সেপ্টেম্বর চলতি বছরের অভিবাসন শরণার্থী গ্রহণের মেয়াদ শেষ হচ্ছে। গত ৩১ জুলাই পর্যন্ত মাত্র ৬ হাজার ২৪৬ জনকে আশ্রয় দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে অভিবাসন বিভাগ জানিয়েছে।

শরণার্থী বা রাজনৈতিক আশ্রয়ের আবেদনের চেয়ে মার্কিন অভিবাসনের কাছে এখন অগ্রাধিকার পাচ্ছে আফগান লোকজনের বিশেষ অভিবাসনের আবেদন। এ নিয়ে চাপের মুখে রয়েছে অভিবাসন বিভাগ। আফগান লোকজনকে যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়ার ব্যাপারে ডেমোক্রেটিক ও রিপাবলিকান দল একমত। রিপাবলিকানদের অভিযোগ, তালেবানদের হাতে কাবুলের পতনের আগেই কেন দ্রুততার সঙ্গে বিশেষ ভিসার আবেদনগুলোর প্রক্রিয়া সম্পন্ন করা হলো না।

ইউএস সিটিজেন অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসের (ইউএসসিআইএস) চিফ অব স্টাফ ফেলিসিয়া এস্কোবার বলেছেন, তাঁর বিভাগের লোকজন দিনরাত পরিশ্রম করে অভিবাসনের আবেদনগুলোর ফয়সালা করার চেষ্টা করছেন। তিনি চলমান মহামারির কারণে কাজ কর্মে বিলম্ব হচ্ছে বলেও উল্লেখ করেছেন। তিনি বলেন, প্রতিটি অভিবাসনের আবেদন একটি প্রক্রিয়া। সম্ভবের চেয়ে দ্রুততার সঙ্গে এসব প্রক্রিয়া সম্পন্ন করার কোনো উপায় নেই।

দক্ষিণের সীমান্ত দিয়ে আসা অভিবাসী প্রবাহের সঙ্গে যোগ হয়েছে আফগান বিশেষ অভিবাসীদের আবেদন। দক্ষিণের সীমান্ত থেকে দুই লাখ ১২ হাজারের বেশি অভিবাসীদের আটক করা হয়েছে। এদের অনেকে সঙ্গেই নারী ও শিশু রয়েছে। এসব অভিবাসীদের আবেদন গ্রহণ করতে হচ্ছে, ডিটেনশন সেন্টারে আটক রাখতে হচ্ছে। পাশাপাশি অভিবাসনের নিয়মিত আবেদন দেখভাল করতে গিয়ে মার্কিন অভিবাসন বিভাগ এখন প্রচণ্ড চাপে রয়েছে।

কর্ম ভিসার জন্য গত এক বছরের এক লাখ ভিসার কোটা অব্যবহৃত পড়ে আছে। মার্কিন ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো কর্মী সংকটে ভুগছে। অভিবাসী সংগঠনগুলোর পক্ষ থেকে অব্যবহৃত কোটা সমন্বয় করার আহ্বান জানানো হচ্ছে।

করোনা মহামারির কারণে বিমান যাত্রা নিয়ন্ত্রিত থাকায় স্থল সীমান্তে অভিবাসীদের আগমন ঘটছে বেশি করে। বিমান যাত্রা স্বাভাবিক হয়ে উঠলে এমন অভিবাসীদের ভিন্ন প্রবাহ দেখা যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ধারণা করছে, চলতি বছর ইতিহাসের রেকর্ড সংখ্যক অভিবাসীদের আগমন ঘটতে পারে।

লুথারান ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি সার্ভিস নামের অভিবাসী সংগঠনের প্রধান নির্বাহী ক্রিস ও’মারা ভিগনারাজাহ বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের নিয়ন্ত্রণমূলক অবস্থান থেকে বেরিয়ে আসার ঘোষণা দিলেও অভিবাসনের ক্ষেত্রে নাটকীয় কোনো পরিবর্তন এখনো দেখা যাচ্ছে না। পুরো বিষয়টি একটি দুঃখজনক অধ্যায় হয়ে উঠেছে।