আফগানিস্তান–সংক্রান্ত তথ্য গোপন করছে মার্কিন সরকার: এসআইজিএআর
চলতি বছরের আগস্টে তালেবানের আগ্রাসনের মুখে পতন হয় আফগানিস্তানের সাবেক সরকার ও সেনাবাহিনীর। এ–সংক্রান্ত অনেক তথ্য মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন গোপন করেছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার এমন অভিযোগ এনেছে মার্কিন সরকারের নজরদারি প্রতিষ্ঠান স্পেশাল ইন্সপেক্টর জেনারেল ফর আফগানিস্তান রিকনস্ট্রাকশন (এসআইজিএআর)। খবর রয়টার্সের।
এসআইজিএআরের কর্মকর্তা জন সোপকো বলেন, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পেন্টাগন যেসব তথ্য গোপন রেখেছে, সেগুলো প্রকাশ করা হলে, আগস্টে কী ঘটেছিল তার একটি পরিষ্কার চিত্র পাওয়া যাবে। আফগান পরিস্থিতি সম্পর্কে ধারণা পেতে ওই তথ্যগুলো প্রকাশের প্রয়োজন রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে রয়টার্সের কাছে তাত্ক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি পেন্টাগন। তবে আফগানিস্তান থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে এমনটি করা হয়েছিল বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র।
ওই মুখপাত্র বলেন, শনাক্তকরণ–সংক্রান্ত তথ্য সংশোধনের জন্য কিছু প্রতিবেদন সরকারি নথি থেকে সাময়িকভাবে সরিয়ে ফেলার অনুরোধ করা হয়েছিল। এ ছাড়া মার্কিন সরকারের হয়ে কাজ করা আফগানিস্তানের বাসিন্দা ও প্রতিষ্ঠানগুলোর পরিচয় গোপন রাখার বিষয়টিও বিবেচনা করা হয়েছিল। তবে প্রতিবেদনগুলো আবার ফিরিয়ে আনার এখতিয়ার রয়েছে এসআইজিএআরের।
গোপন করা ওই প্রতিবেদনগুলো নিয়ে এসআইজিএআর কর্মকর্তা জন সোপকো বলেন, তালেবানের কাবুল দখলের পর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় তাঁর সঙ্গে যোগাযোগ করে। সে সময় যুক্তরাষ্ট্রকে সহায়তাকারী আফগানদের নিরাপত্তার বিষয়টি উল্লেখ করে কিছু প্রতিবেদন সাময়িকভাবে সরিয়ে ফেলতে বলা হয়।
সোপকো অভিযোগ করেন, ওই প্রতিবেদনগুলো কোন ধরনের হুমকির কারণ হতে পারে, সে সম্পর্কে জানাতে পারেনি পররাষ্ট্র মন্ত্রণালয়। ফলে ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তাঁকে অনলাইনে প্রতিবেদনগুলোর প্রকাশ নিষিদ্ধ করতে হয়েছিল।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ ধরনের অনুরোধগুলোর কয়েকটি খুবই ‘অদ্ভুত’ ছিল বলে উল্লেখ করেছেন জন সোপকো। এর মধ্যে একটি ছিল প্রতিবেদন থেকে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনির নাম বাদ দেওয়া। এ নিয়ে পরে এক যাচাই–বাছাই শেষে মাত্র চারটি বিষয় সংশোধনের প্রয়োজন রয়েছে বলে দেখতে পায় এসআইজিএআর। আর বাকি তথ্যগুলো উন্মুক্ত করে দেওয়ার কথা বলেছিল।
জন সোপকো বলেছেন, মার্কিন–সমর্থিত আফগান সরকার ও সামরিক বাহিনীর ব্যর্থতা নিয়ে তদন্ত করতে কংগ্রেস তাঁকে দায়িত্ব দিয়েছে। তিনি আরও জানান, ২০১৫ সাল থেকেই আফগানিস্তান–সংক্রান্ত বেশ কিছু তথ্য জনসমক্ষে প্রকাশে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে পেন্টাগন এবং এসবের বেশির ভাগই করা হয়েছে সাবেক গনি সরকারের অনুরোধে।
সোপকো মনে করেন, আফগান নিরাপত্তা বাহিনী আদতেই একটি সত্যিকারের বাহিনী ছিল নাকি পুতুল বাহিনী, সেটি নির্ণয়ের জন্যই এসব তথ্য জানা প্রয়োজন।