আফগানিস্তানে ভারতকে ঠেকাতে তালেবান ব্যবহার করে পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে ভারতের ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতে তালেবানকে ব্যবহার করেছে পাকিস্তান। ২০০৮ সালে ই-মেইলে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টকে এ কথা জানান বর্তমানে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রধান জন ব্রেনান। লাখ লাখ নথি ফাঁস করে সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকস এ ই-মেইল ফাঁস করেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ২০০৮ সালের নির্বাচনে জেতার তিন দিন পর ব্রেনান তাঁকে ই-মেইল পাঠান। সেখানেই তিনি জানান, আফগানিস্তানে ভারতের প্রভাব ঠেকাতে তালেবান জঙ্গিদের ব্যবহার করে পাকিস্তান। ব্রেনান ২০০৮ সালে ৭ নভেম্বর এক ই-মেইল বার্তায় লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে চলে গেলে সেখানে নিজেদের (পাকিস্তান) প্রভাব কমতে পারে আশঙ্কা করে আফগানিস্তানে ভারতের ক্রমবর্ধমান প্রভাব রুখতে তালেবানদের সঙ্গে সম্পর্ক রেখে চলে পাকিস্তান।’
ব্রেনান সে সময় প্রেসিডেন্ট ওবামার পররাষ্ট্রনীতি এবং সন্ত্রাসবিরোধী পরামর্শক ছিলেন। ২০১৩ সালের জানুয়ারি মাসে ব্রেনান সিআইয়ের প্রধান হন। ১৩ পাতায় ব্রেনান আফগানিস্তান ও পাকিস্তান সম্পর্কে তাঁর মতামত তুলে ধরেন। তিনি লেখেন, পাকিস্তানের কেন্দ্রশাসিত উপজাতীয় এলাকায় (এফএটিএ) তালেবানদের প্রতি পাকিস্তানের নিরঙ্কুশ সমর্থনের জন্য সেখানে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।
ব্রেনান বলেন, ‘পাকিস্তানের সামরিক ও গোয়েন্দা সংস্থাগুলোর ঐতিহাসিক যোগসূত্রের জন্যই তালেবানের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া যায়নি। আফগানিস্তানে সাবেক সোভিয়েত ইউনিয়নের সঙ্গে তালেবানদের যুদ্ধ এবং ভারতের বিরুদ্ধে তালেবানদের ব্যবহার এর অন্যতম কারণ।’
ব্রেনান লিখেছেন, মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনী আফগানিস্তানে প্রতিটি বড় যুদ্ধে জয়ী হলেও কৌশলগত বিচারে এসব জয় দীর্ঘস্থায়ী হয়নি। যুদ্ধে হারলেও আফগান-পাকিস্তান সীমান্তে তালেবানরা খুব তাড়াতাড়ি সংগঠিত হতে পারত।
গত বুধবার উইকিলিকসের ফাঁস করা সিআইয়ের নানা গোপন তথ্যের মধ্যে আফগানিস্তান ও পাকিস্তান নিয়ে নানা তথ্য আছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের ইরান-সংক্রান্ত নীতিরও তথ্য আছে।