আফ্রিকান অভিবাসীদের জন্য যার দরজা সব সময় খোলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রঙ্কস কমিউনিটি কলেজের আফ্রিকান শিক্ষার্থীদের উদ্দীপনার প্রয়োজন হলে তারা প্রেসিডেন্টের দিকে তাকিয়ে থাকে। না এই প্রেসিডেন্ট হোয়াইট হাউসের নন, যিনি আফ্রিকা মহাদেশের অবমাননা করেছেন। যিনি অভিবাসী ঠেকাতে একের পর এক নিষেধাজ্ঞা দিয়েছেন, আর এও বলেছেন, কমিউনিটি কলেজগুলো কারিগরি স্কুলে পরিণত হয়েছে। কৃষ্ণাঙ্গ শিক্ষার্থীরা যার দিকে তাকিয়ে থাকেন, তিনি ব্রঙ্কস কমিউনিটি কলেজের প্রেসিডেন্ট ড. থমাস এ ইসেকেনেগবে, যাঁর জন্ম নাইজেরিয়ায়, যিনি কৃষ্ণাঙ্গ শিক্ষার্থীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষা করেন। আর এই প্রেসিডেন্টের জন্যই ব্রঙ্কস কলেজের দরজা সব সময় খোলা আফ্রিকান-আমেরিকান শিক্ষার্থীদের জন্য।
নিউইয়র্ক নগরের ব্রঙ্কসেই সবচেয়ে বেশি আফ্রিকান অভিবাসীর বাস। সময়ের সঙ্গে এই অঞ্চলের আফ্রিকান জনসংখ্যা অনেক বেড়েছে। আর এর সঙ্গে পাল্লা দিয়ে ব্রঙ্কস কমিউনিটি কলেজে বেড়েছে আফ্রিকান শিক্ষার্থীর সংখ্যা। মাত্র এক দশক আগে এই শিক্ষাপ্রতিষ্ঠানে আফ্রিকান শিক্ষার্থীর সংখ্যা ছিল ২০০। এখন এই সংখ্যা বেড়ে এক হাজারে দাঁড়িয়েছে। আফ্রিকা থেকে আমেরিকায় পাড়ি জমানো মানুষের কাছে ব্রঙ্কস হয়ে উঠেছে বিশেষ কিছু। সন্তানের শিক্ষার সুযোগের কথা মাথায় রেখে অনেক আফ্রিকানই সরাসরি ব্রঙ্কসে পাড়ি জমান। শুধু শিক্ষা নয়, নিজেদের পরিবারের চাহিদা মেটাতে কিংবা জীবনধারণের জন্যই অনেকের প্রথম পছন্দ ব্রঙ্কস। আর এই সূত্রেই ব্রঙ্কস হয়ে উঠেছে আমেরিকারই সবচেয়ে বেশি আফ্রিকান অধ্যুষিত এলাকাগুলোর মধ্যে অন্যতম।
এটা ভাবার কোনো কারণ নেই যে, আফ্রিকান শিক্ষার্থীরা ব্রঙ্কস কলেজ কর্তৃপক্ষের অনুগ্রহে শিক্ষার এ সুযোগ পাচ্ছে। বরং কলেজটির অন্য শিক্ষার্থীদের তুলনায় তারা অনেকটাই এগিয়ে আছে। কলেজ কর্তৃপক্ষের তথ্যমতে, খুব অল্প সময়ের মধ্যেই আফ্রিকান শিক্ষার্থীরা নিজেদের দৃঢ় অবস্থান তৈরি করতে পারছে। তাদের মধ্যে ভালো ফল করার প্রবণতা বেশি। আর এই ভালো ফল তাঁরা করছেন অনেক প্রতিকূলতার মধ্যে। মার্কিন সমাজে বিশেষত শ্বেতাঙ্গদের একটি অংশের মধ্যে কৃষ্ণাঙ্গদের নেতিবাচক দৃষ্টিতে দেখার প্রবণতা রয়েছে। কৃষ্ণাঙ্গরা অপরাধপ্রবণ এমন হাস্যকর দৃষ্টিভঙ্গিও রয়েছে। এই কৃষ্ণাঙ্গরা মার্কিন স্বপ্নকে লালন করলেও কিছু আমেরিকান তাদের কখনোই বিশ্বাস করে না। কিন্তু এই ভয়াবহ প্রতিকূল পরিবেশেও তারা যথেষ্ট ভালো করছে।
এ বিষয়ে ড. ইসেকেনেগবে নিউইয়র্ক টাইমসকে বলেন, ‘তারা এখানে আসে অনেকটা স্পঞ্জের মতো অবস্থায়, জ্ঞান শুষে নেওয়াই যার উদ্দেশ্য।’
তিন বছর আগে ব্রঙ্কস কমিউনিটি কলেজের প্রেসিডেন্টের দায়িত্ব পাওয়া এই শিক্ষক বলেন, ‘তাদের সামনে একটি আদর্শ হিসেবে নিজেকে দাঁড় করাতে আমাকে অনেক দায়িত্ব পালন করতে হয়। যখন আপনি কঠোর পরিশ্রম করবেন, আর প্রয়োজনীয় সবকিছুই করবেন, তখন আপনি স্বর্গরাজ্য ধারণার খুব কাছাকাছি পৌঁছে যাবেন। আর সবচেয়ে বড় কথা হলো, এই দেশে সুশিক্ষা থাকলে আপনার জন্য অনেক সুযোগ খোলা আছে। কেউ না কেউ আপনার জন্য দরজা খুলে দেবে। আর আমেরিকার সমাজের অঙ্গীভূত হওয়ার সম্ভাবনাটুকু তাদের সামনে তুলে ধরাটা খুব প্রয়োজন।’
এটা কোনোভাবেই বাড়িয়ে বলা নয়। পলিন ডঙ্গোমালে—মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র থেকে পালিয়ে আসা এই তরুণ এখন ব্রঙ্কস কলেজে প্রকৌশল বিষয়ে পড়াশোনা করছেন। কেউ এসেছেন বাবার বরাতে, যিনি আগেই আমেরিকায় পাড়ি জমিয়েছিলেন শুধু পরিবারের চাহিদা পূরণের তাগিদে। এই ব্রঙ্কস কমিউনিটি কলেজ এই সম্প্রদায়ের অনেকেরই ভাগ্য বদলে দিয়েছে। এঁদেরই একজন গডউইন বফুল। ঘানা থেকে আসা গডউইন ব্রঙ্কস কলেজের পাঠ চুকিয়ে ভর্তি হন ব্রাউন বিশ্ববিদ্যালয়ে। সেখানে রসায়নে স্নাতক করে ভর্তি হন মেডিকেল স্কুলে।
এদের প্রত্যেককে ব্রঙ্কস কলেজ শুধু স্বাগতই জানায়নি, ক্যাম্পাস জীবনের অতি গুরুত্বপূর্ণ পাঠও উপহার দিয়েছে। এই কলেজ শুধু তাদের প্রয়োজনীয় শিক্ষাই দেয়নি, মার্কিন সমাজে একীভূত হতে সাংস্কৃতিক অভিযোজনেও প্রত্যক্ষ সহযোগিতা করেছে। আর এটিই ব্রঙ্কস কমিউনিটি কলেজের বিশেষত্ব, যা আস্থার জন্ম দিয়েছে আফ্রিকান-আমেরিকানদের মধ্যে।
ক্যাম্পাসে সময় কাটানোর ওপর জোর দিয়েছেন ইসেনকেনেগবেও। তিনি বলেন, ‘ক্যাম্পাসে সবার সঙ্গে যুক্ত হওয়ার মধ্য দিয়ে অনেক সম্ভাবনার দরজা আপনাতেই খুলে যায়। আর যদি কেউ শুধু ক্লাস করেই ফিরতি ট্রেন ধরে, তবে তার সফল হওয়ার সম্ভাবনা কম। সহপাঠী, শিক্ষক ও বিভিন্ন ক্লাবের সঙ্গে সংযুক্ত হতে হবে। এর মাধ্যমে নিজের পরিসরটি বড় হবে, জন্ম নেবে নেতৃত্বগুণ।’
অন্য অভিবাসীদের মতোই আফ্রিকান শিক্ষার্থীদের মধ্যেও বিজ্ঞান ও প্রযুক্তির মতো চাহিদা রয়েছে এমন বিষয়ে পড়াশোনার প্রবণতা বেশি। বিশেষত ব্রঙ্কসের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি বিশেষ আগ্রহ রয়েছে শিক্ষার্থীদের। কারণ ব্রঙ্কসে স্বাস্থ্য সুরক্ষা খাতেই কাজের সুযোগ সবচেয়ে বেশি। তবে সম্প্রতি এই প্রবণতায় কিছু পরিবর্তন আসছে। অনেক শিক্ষার্থীই এখন রাষ্ট্রবিজ্ঞানের মতো মানবিক শাখার বিষয়গুলোকে বেছে নিচ্ছে, যার সম্ভাব্য কাজের ক্ষেত্র তাদের নিজেদের দেশে। এখানেও ব্রঙ্কস কমিউনিটি কলেজের অবদানকে স্বীকার করতে হবে। এই কলেজের পরিবেশই শিক্ষার্থীদের নিজ দেশের প্রতি দায়িত্ব সম্পর্কে সচেতন করে তুলছে।
প্রচলিত ধারার বাইরে মানবিক শিক্ষায় মনোযোগ দিয়েছেন এমন শিক্ষার্থীর সংখ্যা এখন ব্রঙ্কসে উল্লেখযোগ্য। এমনই একজন ব্রাইট ইগবিনিগান। সম্প্রতি তাঁর কবিতার বই ‘আই মাস্ট রিটার্ন হোম’ প্রকাশ হয়েছে। বোঝাই যাচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের এই শিক্ষার্থীর ধ্যানধারণায় ব্রঙ্কস কলেজ কী ধরনের পরিবর্তন এনেছে। তাঁর মতে, ‘ব্রঙ্কস কলেজ ও এখানকার কমিউনিটি আমাকে সমাজের প্রতি দায়িত্বশীল হতে শিখিয়েছে। আমার দেশ নাইজেরিয়ার প্রতিটি ঘটনার দিকে এখন আমি নজর রাখছি। সেখানকার রাজনীতি ও অর্থনীতিতে এখন অনেক কিছুই ঘটছে। আমি ফিরে গিয়ে সেখানকার পুনর্গঠনে অবদান রাখতে চাই।’