আবদ্ধ গাড়িতে শিশু মৃত্যুর হার উদ্বেগজনক
অত্যধিক গরমে গাড়িতে আটকা পড়া শিশু মৃত্যুর গড় সংখ্যা বছরে ৩৭ হলেও চলতি বছরের প্রথম সাত মাসেই (জুলাই পর্যন্ত) সে সংখ্যা ২৮-এ দাঁড়িয়েছে। বদ্ধ গাড়িতে গরমের কারণে শিশু মৃত্যুর এই সংখ্যাকে বেশ উদ্বেগজনক বলছেন সংশ্লিষ্টরা।
কিডসঅ্যান্ডকার ডটঅর্গ নামের একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট জেনেট ফেনওয়েল বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি গরমে গাড়িতে আটকা পড়া শিশুদের মৃত্যুর সংখ্যা প্রতি বছর ক্রমাগত বাড়ছে। এ বছর এটি আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে, যা মেনে নেওয়া কষ্টকর!’
দেশজুড়ে এভাবে শিশুদের অপমৃত্যুর কারণ ও এর প্রতিরোধে করণীয় সম্পর্কে অনেক মা-বাবা ও শিশু পালনকারীরা অবগত নন। ২০১১ সালে ক্রিস্টি রিভসের একমাত্র মেয়ে গাড়িতে থাকা অবস্থায় মারা যায়। সেই শোক এখনো ভুলতে পারেননি তিনি।
সম্প্রতি এবিসি টেলিভিশনকে সন্তানহারা এই মা বলেন, ‘এ ধরনের মৃত্যু কোনা অভিভাবকেরই কাম্য নয়। ২০১১ সালে আমাদের একমাত্র মেয়েকে ডে কেয়ার সেন্টারে পৌঁছাতে গিয়ে ভুলবশত তাকে গাড়িতে রেখেই কাজে চলে যান তার বাবা। পরে তাকে গাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। মাত্রাতিরিক্ত উদ্বেগ ও মানসিক চাপের পাশাপাশি অত্যধিক গরমে এ ঘটনা ঘটে।’
এক পরিসংখ্যানে জানা যায়, প্রতি বছর গাড়ির ভেতরে গরমে আটকা পড়ে গড়ে ৩৭টি শিশু মারা যায়। চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের শরীর গরমের সময় দ্রুত উত্তপ্ত হয়। পানিশূন্যতা দেখা দেয়। এ ছাড়া গাড়ির মতো বদ্ধ জায়গায় আটকা পড়ার কারণে শিশু-মনে গভীর প্রভাব পড়ে। এই সব কারণেই অত্যধিক গরমের সময় বদ্ধ গাড়িতে আটকা পড়ে শিশু মৃত্যুর হার বেড়ে যায়।
অধিকাংশ ক্ষেত্রেই ভুলবশত গাড়িতে শিশুকে রেখে অভিভাবকদের চলে যাওয়ার কারণে এমন দুর্ঘটনা ঘটে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু রোধে জরুরি কিছু বিষয় মেনে চলতে সবার প্রতি অনুরোধ জানিয়েছে কিডসঅ্যান্ডকার সংঘটনটি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—
১. গাড়ির পেছনের দরজা নিয়মিত খোলার অভ্যাস গড়ে তুলুন। চেক করুন কিছু ফেলে গেলেন কিনা।
২. পেছনের সিটে মূল্যবান দ্রব্যাদি যেমন, মানিব্যাগ, মোবাইল ফোন রাখুন। সে জন্য হয়তো আপনাকে পেছনের দরজা খুলতে হবে।
৩. যদি শিশু বিদ্যালয়ে না পৌঁছায়, তাহলে স্কুল কর্তৃপক্ষ ও শিশু সেবাদানকারী প্রতিষ্ঠানকে যথা সময়ে ফোন করতে বলা।
৪. গাড়ির রিমোট অথবা চাবি শিশুদের নাগালের বাইরে রাখা।
৫. গাড়ি ছেড়ে যাওয়ার আগে বারবার গাড়ি পরীক্ষা করে দেখার অভ্যাস গড়ে তোলা। অভিভাবকদের সর্বোচ্চ প্রচেষ্টাই শুধু এ ধরনের দুঃখজনক শিশু মৃত্যুকে প্রতিরোধ করতে সক্ষম।