আবার অবৈধ অভিবাসীদের ধরপাকড় শুরু
আবারও শুরু হয়েছে অবৈধ অভিবাসীদের ধরপাকড়। ৪ জুলাই রাত ১২টার পর থেকে এ ধরপাকড় শুরু হয়েছে। বিশেষ করে যাদের ওপর চূড়ান্ত ডিপোর্টেশনের (বিতাড়নের) আদেশ রয়েছে, তাদের আটক করা হচ্ছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ১৭ জুন এ-সংক্রান্ত একটি আদেশ জারি করেন। গত ২২ জুন থেকে তা কার্যকর করার কথা থাকলেও তিনি সেটা স্থগিত করেন। সে সময় তিনি বলেছিলেন, ‘এই সময়ের মধ্যে ডেমোক্র্যাট তথা কংগ্রেসকে সীমান্ত প্রাচীর নির্মাণের জন্য অর্থ বরাদ্দের সিদ্ধান্তে পৌঁছতে হবে। অভিবাসন প্যাকেজ ও সীমান্ত নিরাপত্তা খাতে ৫৩০ কোটি ডলার বরাদ্দ দাবি করেন ট্রাম্প।’
ডেমোক্র্যাট নেতৃত্বাধীন কংগ্রেসে পুরো অর্থ ছাড় কারার অনুমোদন দেওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প ২৯ জুন বলেন, ‘৪ জুলাইয়ের পর থেকে অবৈধ অভিবাসীদের আটক করা শুরু হবে।’
আগে ট্রাম্প স্থগিতাদেশ দিলেও ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্সি (আইস) তাদের আটক কার্যক্রম অব্যাহত রেখেছিল। এই সময়ের মধ্যে টেক্সাস ও ওকলাহোমা থেকে ১২৭ জন অভিবাসীকে আটক করে আইস।
এ বিষয়ে আইসের এক কর্মকর্তা নাম প্রকাশে না করার শর্তে সম্প্রতি নিউইয়র্কার পত্রিকাকে বলেন, ১৭ জুন ট্রাম্প অভিবাসীদের আটকে নির্দেশ দিলেও আইস আগেই তাদের আটকাভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছিল।