দুই মাসের বেশি সময় পর আবার সব স্বাভাবিক হতে শুরু করেছে নিউইয়র্কে। নতুন করোনাভাইরাসের কারণে যে লকডাউন আরোপ করা হয়েছিল, তা ধীরে ধীরে তুলে নেওয়া হচ্ছে। ৮ জুন প্রথম ধাপে নিউইয়র্ক নগরীর বেশ কিছু ক্ষেত্র খুলে দেওয়া হয়েছে। নির্মাণ খাত, খুচরা দোকানসহ সেবা খাতের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। এটি অত্যন্ত স্বস্তির একটি বিষয়। কিন্তু একই সঙ্গে এটি বাড়তি সতর্কতাও দাবি করে।
১৯১৮ সালে স্প্যানিশ ফ্লু বা দ্য গ্রেট ইনফ্লুয়েঞ্জার প্রথম ধাক্কায় আমেরিকায় আনুমানিক ৭৫ হাজার মানুষ মারা গিয়েছিল। মার্চ থেকে জুন পর্যন্ত চলা এই প্রথম ধাক্কাই সবাইকে চমকে দিয়েছিল। আর দ্বিতীয় ধাক্কাটি শুরু হলে একরকম চোখেমুখে অন্ধকার দেখতে শুরু করে গোটা বিশ্ব। আর আমেরিকার অবস্থা হয়ে পড়ে সঙিন। ১৯১৮ সালের অক্টোবর মাসেই শুধু আমেরিকায় প্রায় দুই লাখ মানুষ মারা যায় স্প্যানিশ ফ্লুতে।
গত শতকের প্রায় একই সময়ে হওয়া সেই মহামারি পৃথিবীকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছিল। আজকের বাস্তবতাও কিছুমাত্র ভিন্ন নয়। তখনো নতুন একটি ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের কোনো জানা অস্ত্র মানুষের হাতে ছিল না; আজও নেই। তবে এই সময়ে নিশ্চয়ই কিছুটা সুবিধাজনক পর্যায়ে মানুষ আছে। গবেষণার গতি এক শতক আগের তুলনায় অনেক বেশি। কোনো বিশ্বযুদ্ধের মধ্য দিয়েও যাচ্ছে না পৃথিবী। আর শারীরিক দূরত্ব বজায় রাখা কিংবা হাত ধোয়ার মতো সুরক্ষিত থাকার নিয়মগুলোও মানুষ আগের চেয়ে ভালোভাবে জানে।
এবারের যে মহামারি, তার শুরু হয়েছিল এখন থেকে ছয় মাস আগে। ইতিমধ্যে ভাইরাসটি বেশ কয়েকবার তার কেন্দ্র বদলেছে। শত বছর আগের ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সঙ্গে তুলনা করলে এই মিলগুলোই বেশি করে সামনে আসে। তাই খুবই গুরুত্বের সঙ্গে মনে রাখা দরকার যে শত বছর আগের সেই মহামারি কয়েক গুণ বেশি প্রাণসংহারী রূপ নিয়েছিল প্রথম আক্রমণের ছয় থেকে সাত মাসের মাথায়। অনেকটা ঝিমিয়ে আসার পর অভিযোজিত নতুন স্ট্রেইনের আক্রমণেই সবচেয়ে বেশি ধরাশায়ী হয়েছিল মানুষ। আর এবার নতুন করোনাভাইরাসটি ছড়িয়ে পড়ার পর থেকে বেশ কয়েকবার তার রূপ বদল করেছে। বিজ্ঞানীরা বলছেন, আগের তুলনায় এই রূপবদলের হার বরং অনেক বেশি।
কোভিড-১৯ এখনো নিয়ন্ত্রণে আসেনি বলতে হবে। গোলার্ধ বদলে বা সীমানা ডিঙিয়ে সে তার অভিযান অব্যাহত রেখেছে। কিন্তু দ্বিতীয় হন্তারক অর্থনৈতিক মন্দা আরও ভয়াবহ রূপ যেন না নেয়, সেই শঙ্কা থেকেই রাষ্ট্রগুলো ধীরে ধীরে সব খুলে দিতে শুরু করেছে। আমেরিকাও তার ব্যতিক্রম নয়। আমেরিকায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঙ্গরাজ্য ও নগর দুই দিক থেকেই নিউইয়র্কের নাম আসবে। এ অবস্থায় নিউইয়র্ককে আরও সতর্ক থাকতে হবে। বিশেষত জর্জ ফ্লয়েড হত্যার বিচারের দাবিতে ও বর্ণবাদবিরোধী যে আন্দোলন হয়ে গেল, তা গত প্রায় তিন মাসের লকডাউন ও শারীরিক দূরত্ব বজায় রাখার নীতিকে ভেঙে গুঁড়িয়ে দিল। এ অবস্থায় সবাইকে আবার অতিমাত্রায় সচেতন হয়ে উঠতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন যেমন চলবে, তেমনি নিজেদের ও অন্যের সুরক্ষার বিষয়টিও ভাবতে হবে। এই দ্বিতীয় ঢেউ যেন কোনোভাবেই শত বছর আগের মতো সবাইকে স্তব্ধ করে না দেয়।