আবার ধরা পড়লেন মার্কিন রত্নচোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডরিস পেইন
ডরিস পেইন

৮৫ বছর বয়সে আবারও গ্রেপ্তার হয়েছেন ‘আন্তর্জাতিক রত্নচোর’ ডরিস পেইন। কুখ্যাত এ নারী রত্নচোরের বিরুদ্ধে এবারের অভিযোগ, তিনি সম্প্রতি যুক্তরাষ্ট্রের আটলান্টার একটি ডিপার্টমেন্ট স্টোর থেকে ক্রিশ্চিয়ান ডিওরের ৬৯০ ডলার দামের কানের দুল চুরি করেছেন। খবর ওয়াশিংটন পোস্টের।
সর্বশেষ এ গ্রেপ্তারের মধ্য দিয়ে ডরিস পেইন চৌর্যবৃত্তি থেকে অবসরে গেলেন বলে মনে করা হচ্ছে। ১৯৫২ সাল থেকে তাঁর চৌর্যবৃত্তির ‘ক্যারিয়ারে’ অনেক উত্থানপতন ঘটে। লাস ভেগাস থেকে মন্টি কার্লো, প্যারিস থেকে সান ডিয়েগো —সব জায়গাতেই তিনি সফলভাবে দামি রত্ন চুরি করেছেন। আন্তর্জাতিক রত্নচোর হিসেবে বিশ্বজুড়ে কুখ্যাতি পেয়েছেন তিনি। দৃশ্যত এত বয়সেও এ ধরনের চুরি চালিয়ে যাওয়া গুটিকয়েক ব্যক্তির অন্যতম তিনি।
ডরিস পেইনের জীবন নিয়ে তথ্যচিত্র পর্যন্ত নির্মিত হয়েছে। ২০১৩ সালে নির্মিত ‘ডরিস পেইনের জীবন ও অপরাধ’ নামের ওই তথ্যচিত্রে পেইন বলেছিলেন, ‘আমি চুরি করতে গিয়ে কাঙ্ক্ষিত জিনিস না নিয়ে ফিরেছি এমন কোনো দিন নেই।’ চুরি করার সময় পেইনের সাজগোজ ও পোশাকের নমুনাও দেখানো হয় তথ্যচিত্রটিতে। সেখানে দেখা যায়, শোরুমে চুরি করতে যাওয়ার সময় তিনি এমন সব মূল্যবান গয়না ও পোশাক পরে যেতেন, যাতে তাঁকে অনেক বিত্তশালী বলে মনে হয়। ডব্লিউএসবি-টিভির প্রতিবেদনে বলা হয়েছে, আটলান্টায় পেইনের সর্বশেষ চুরির পদ্ধতিও এর ব্যতিক্রম ছিল না। তবে চুরি করা কানের দুলটি পকেট থেকে পড়ে যাওয়ায় ধরা পড়ে যান তিনি।