আবার নিউইয়র্কের ভার ব্লাজিওর ওপর

নিউইয়র্কের মেয়র পদে পুনর্নির্বাচিত হয়েছেন বিল ডি ব্লাজিও। আগামী চার বছর মেয়াদে তিনিই গুরুত্বপূর্ণ এ শহরের অভিভাবকের দায়িত্ব পালন করবেন। গত তিন দশকের মধ্যে এই প্রথম কোনো ডেমোক্র্যাট প্রার্থী টানা দ্বিতীয়বারের মতো নিউইয়র্ক শহরের মেয়র পদে বসলেন। এ হিসেবে ভোটের আগে নানা ধরনের বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হলেও শেষ বিচারে ডি ব্লাজিও ইতিহাসই সৃষ্টি করেছেন বলা যায়।
নিকটতম প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ম্যালিওট্যাকিস এবং স্বতন্ত্র প্রার্থী বো ডাইট উভয়ের সম্মিলিত ভোটের চেয়ে বেশি ভোট পেয়ে দ্বিতীয় মেয়াদে নিউইয়র্ক নগরীর মেয়র নির্বাচিত হয়েছেন ডি ব্লাজিও। ৭ নভেম্বর অনুষ্ঠিত মেয়র নির্বাচনে ৭৫ শতাংশ ভোটার নিজের ভোটিং ক্ষমতা প্রয়োগ করেছেন। এর মধ্যে ৬৫ শতাংশ ভোট পড়েছে ডি ব্লাজিও বাক্সেই। প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিকোল ম্যালিওটাকিসের থেকে তিনি ৩৫ শতাংশ পয়েন্ট এগিয়ে রয়েছেন। নির্বাচনের আগে ব্যক্তিগত দাতাদের বিভিন্ন অনৈতিক সুবিধা প্রদান, কনফেডারেট ভাস্কর্য অপসারণসহ বিভিন্ন কারণে ডি ব্লাজিওর বিরুদ্ধে এক ধরনের সমালোচনা জোরদার ছিল। আবার বিভিন্ন প্রাক নির্বাচনী জরিপে সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে ছিলেন তিনি। শেষ পর্যন্ত এ এসব জনমত জরিপের ফলকেই সত্য প্রমাণ করেন নির্বাচনে জয়লাভ করলেন ডি ব্লাজিও।
নির্বাচনের ফল ঘোষণার পর ৭
নভেম্বর স্থানীয় সময় রাতে বিল ডি ব্লাজিও সংবাদমাধ্যমের সামনে দেওয়া এক প্রতিক্রিয়ায় ধনাঢ্যদের ওপর বাড়তি কর আরোপের প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে নিজের আগের মেয়াদে হওয়া বিভিন্ন ভুলের কথা উল্লেখ করে ভবিষ্যতে আরও সতর্কভাবে দায়িত্ব পালনের আশ্বাস দিয়েছেন তিনি।
ভোটের দিনই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের সঙ্গে আলাপচারিতায় ডি ব্লাজিও জয় নিয়ে অনেকটাই নিশ্চিত হওয়া গিয়েছিল। ওই দুই ভোট কেন্দ্রে ভোট দিয়ে আসা নয়জন ভোটারের সঙ্গে কথা হয়। এদের মধ্যে রয়েছেন বাংলাদেশি তিন নারী ও এক পুরুষ, চীনা বংশোদ্ভূত এক দম্পতি, ভারতীয় বংশোদ্ভূত এক যুবক, স্প্যানিশভাষী দুই নারী, গায়ানিজ একজন এবং পাকিস্তানি একজন। এদের সবাই ডেমোক্রেটিক পার্টির সদস্য। সংগত কারণেই তারা সবাই ব্লাজিওসহ বিভিন্ন পদে ডেমোক্রেটিক পার্টির প্রার্থীদের অনুকূলে ভোট দিয়েছেন। একই সঙ্গে ব্লাজিওর জয় নিয়েও তারা আশা প্রকাশ করেন। এ আশাবাদের কারণ নিয়ে খুব বেশি আলাপের সুযোগ সে সময় ছিল না।
তবে ডি ব্লাজিওর পুনর্নির্বাচনের পেছনে যথেষ্ট কারণ রয়েছে। একটি হচ্ছে তরুণদের মধ্যে জনপ্রিয় ভারমন্ট সিনেটর ও গত নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হওয়ার দৌড়ে অংশ নেওয়া বার্নি স্যান্ডার্সের সমর্থন। ধনাঢ্যদের ওপর বাড়তি করারোপে ব্লাজিও অবস্থানের পক্ষে দাঁড়িয়েছেন স্যান্ডার্স। এ ছাড়া সময়ের সঙ্গে তুমুল অজনপ্রিয় হয়ে ওঠা বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচক হওয়ার কারণেও সুবিধাজনক অবস্থানে ছিলেন ব্লাজিও। বিশেষত অভিবাসী ভোটারদের সমর্থন প্রায় একতরফাভাবেই পেয়েছেন তিনি। এ ছাড়া শিক্ষা খাতে বিশেষত শিশুদের জন্য তাঁর নেওয়া বিভিন্ন উদ্যোগও ভোটার সমর্থন টানতে তাঁকে সহায়তা করেছে। আর নিউইয়র্কের ডেমোক্র্যাট অধ্যুষিত শহর পরিচয় তো ছিলই তাঁর পক্ষে।
টেলিফোনে কথা হয় বিভিন্ন পেশার ও পরিচয়ের প্রবাসী বাংলাদেশির সঙ্গে। রাজনৈতিক নেতা কাজী কয়েস বলেন, ‘আমি ডেমোক্রেটিক পার্টির সদস্য। মেয়র প্রার্থীদের মধ্যে সবচেয়ে এগিয়ে ছিলেন বিল ডি ব্লাজিও। গত চার বছর বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন তিনি। নগরীর গরিব ও নিম্ন আয়ের বাসিন্দাদের জন্য আবাসন এবং কর্মজীবীদের বেতন বাড়িয়ে সর্বনিম্ন স্তর নির্ধারণ করেছেন। পরবর্তী চার বছর কী ধরনের কাজ করবেন সে প্রতিশ্রুতিও ঘোষণা করেছেন তিনি। সব মিলিয়ে ভোটারদের গ্রহণযোগ্যতা অর্জনে সফল হয়েছেন তিনি।’ এমনকি অনেক রিপাবলিকান সমর্থকও মেয়র হিসেবে ব্লাজিওকে ভোট দিয়েছেন বলে দাবি করেন তিনি।
কথা হয় আরেক রাজনীতি সংশ্লিষ্ট প্রবাসী ছবির লস্করের সঙ্গে। ছবির বলেন, ‘ব্লাজিও আমার সেরা পছন্দ ছিলেন। তিনি ভিন্ন দলের হলেও আমি তাকে ভোট দিতাম। ব্লাজিও অভিবাসী-বান্ধব এবং অন্য প্রার্থীদের থেকে যোগ্য ও কর্মমুখী। দুই ঈদের দিন ছুটি ঘোষণা করেছেন তিনি। এ ছাড়া আরও গণমুখী বিভিন্ন কর্মকাণ্ডের কারণে ব্লাজিও সব সচেতন ভোটারের সমর্থন পেয়েছেন।’
তবে একই সঙ্গে পাওয়া গেছে কিছু বিরূপ প্রতিক্রিয়াও। আন্তর্জাতিক মানবাধিকার ও শ্রমজীবীদের অধিকার আন্দোলনের অন্যতম সংগঠক শাহেনশা বেগম মেয়র বিল ডি ব্লাজিওর কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, ব্লাজিও আবাসন নির্মাণের নামে কিছু আবাসন ব্যবসায়ীকে ধনী করছেন। নগরীর দরিদ্র জনগোষ্ঠী তাদের জমি হারাচ্ছে। দরিদ্রদের জন্য আবাসনের কথা বলা হলেও বেসমেন্টের ভাড়াও ৮০০ ডলারের নিচে পাওয়া যায় না। রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টির প্রার্থীরা ধনিক শ্রেণির প্রতিনিধিত্ব করেন। তাই তাদের অধীনে গরিবরা আরও গরিব হবেন।
নগরীর একটি বিশেষ নিরাপত্তা বাহিনীতে চাকরি করেন মোহাম্মদ নুরুর রহমান সাচ্চু। তার মতে ব্লাজিও নগরীর অপরাধ দমনে বিশেষ পারদর্শিতা দেখিয়েছেন। তার বিশ্বাস ব্লাজিও আবার নির্বাচিত হওয়ায় নগরীর অপরাধ প্রবণতার হার শূন্যের কোঠায় নিতে আনতে সক্ষম হবেন। সাচ্ছু বলেন ব্লাজিও নিম্ন আয়ের মানুষের জন্য আবাসনের ব্যবস্থা করছেন। নিউইয়র্কে বসবাসরত সব কমিউনিটির মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যমূলক সম্পর্ক সৃষ্টিতে সক্ষম হয়েছেন তিনি। তাই নগরীর বেশির ভাগ ভোটার ব্লাজিওর পক্ষে রায় দিয়েছেন।
ট্যাক্সি চালক জাহিদ হোসেন জাবেদ মনে করেন, ব্লাজিও একজন অসাম্প্রদায়িক মানুষ। অভিবাসীদের রক্ষার ব্যাপারে সোচ্চার ব্লাজিওর অবস্থান মূলত মানুষের পক্ষে। আর এটিই তাই ব্লাজিওর বিপুল ভোটে বিজয়ী হওয়ার নেপথ্যে কাজ করেছে।