বাংলাদেশ সোসাইটি ইনক-এর নির্বাচন নিয়ে সৃষ্ট জটিলতায় নিউইয়র্কের কুইন্স সুপ্রিম কোর্টে দায়ের করা মামলার শুনানির তারিখ আবারও পিছিয়েছে। শুনানির নতুন তারিখ নির্ধারিত হয়েছে আগামী বছরের ৮ জানুয়ারি। এ নিয়ে দু দফা মামলার শুনানির তারিখ পেছাল। সর্বশেষ নির্ধারিত তারিখ ছিল ২৭ নভেম্বর।
বাংলাদেশ সোসাইটির এবারের নির্বাচনে ‘নয়ন-আলী’ পরিষদের দুই সদস্য প্রার্থীর মনোনয়ন নির্বাচন কমিশন বাতিল করে দিলে, তাদের মনোনয়নের বৈধতা দাবি করে এবং অন্য একটি প্যানেলের সিনিয়র সহসভাপতির মনোনয়নপত্র বাতিলের দাবি জানিয়ে নির্বাচনের ওপর স্থগিতাদেশ চেয়ে গত ১৮ অক্টোবর আদালতে যান সংশ্লিষ্টরা। মামলা দায়েরের পরদিন অর্থাৎ ১৯ অক্টোবর এই মামলার বিরুদ্ধে আপিল করা হলে আদালত ৩০ অক্টোবর মামলার নতুন তারিখ ধার্য করেন। পরে তা আবারও পরিবর্তন করে ২৭ নভেম্বর ধার্য করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্ধারিত দিন গত ২৭ নভেম্বর বাদী-বিবাদীর দুই পক্ষের আইনজীবীর উপস্থিতিতে আদালত শুনানির নতুন তারিখ ৮ জানুয়ারি নির্ধারণ করেন।
প্রসঙ্গত, গত ২১ অক্টোবর বাংলাদেশ সোসাইটির কার্যকরী পরিষদের দ্বিবার্ষিক (২০১৯-২০) নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল। নির্বাচনে ‘রব-রুহুল’ ও ‘নয়ন-আলী’ এই দুটি পরিষদসহ কার্যকরী পরিষদের ১৯টি পদে ৩৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এ জন্য নিউইয়র্কের পাঁচটি কেন্দ্রে ভোট গ্রহণের ব্যবস্থাসহ নির্বাচন কমিশনের সব প্রস্তুতিও ছিল। কিন্তু সোসাইটির নির্বাচন নিয়ে মামলা-মোকদ্দমায় জড়িয়ে পড়ায় এই নির্বাচন অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে অনেক প্রার্থী ও সমর্থক হতাশ হয়ে পড়েছেন। অন্যদিকে সোসাইটির ট্রাস্টি বোর্ডের দুই সদস্যকে বোর্ডে রাখা না রাখা নিয়ে সোসাইটির ভেতরেই বিভক্তি দেখা দিয়েছে। সোসাইটির বর্তমান সভাপতি কামাল আহমেদ ও সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকীর নেতৃত্বাধীন কমিটির সংখ্যাগরিষ্ঠ কর্মকর্তা ট্রাস্টি বোর্ড সদস্য আলী ইমাম শিকদারকে বহিষ্কার ও অন্য সদস্য কাজী আজহারুল হক মিলনকে নোটিশ জারি করেছে। এ ব্যাপার সোসাইটির কার্যকরী পরিষদ ও ট্রাস্টি বোর্ড সম্প্রতি যৌথ সভায় মিলিত হলেও ওই সভার কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
সোসাইটির নির্বাচন বিষয়ে প্রথম আদালতের শরণাপন্ন হন সোসাইটির সাবেক কর্মকর্তা ওসমান চৌধুরী। তিনি গত সেপ্টেম্বরে কুইন্স সুপ্রিম কোর্টে একটি মামলা করেন (ইনডেক্স নম্বর ৭৮৫০/২০১৮)। ওসমান চৌধুরীর মামলা নিষ্পত্তি হতে না হতেই বাংলাদেশ সোসাইটি ইনক ও নির্বাচন কমিশনের প্রধান এস এম জামাল ইউ আহমেদ এবং সোসাইটির সভাপতি কামাল আহমেদকে বিবাদী করে ১৮ অক্টোবর একই আদালতে মামলা করেন (ইনডেক্স নম্বর ৭৮০৭/২০১৮) আলী আকবর, জি আর চৌধুরী ও শফিকুল ইসলাম। এদের মধ্যে দুজন ‘নয়ন-আলী’ প্যানেলের সদস্য প্রার্থী ছিলেন, ত্রুটির কারণে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছিল।