আবার প্রাণ ফিরছে বাফেলোয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাফেলো নিউইয়র্ক অঙ্গরাজ্যের একটি নগরীর নাম। এর নামকরণের উৎস খুঁজতে গিয়ে দুইটি ধারণা পাওয়া যায়। এক. সেকালে আমেরিকান বাফেলোর (মহিষ) অবাধ বিচরণ নিউইয়র্ক অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে থাকায়, সেই সুন্দর ছোট্ট নদীর নাম হয়েছিল বাফেলো ক্রীক্ আর সেই থেকেই সেখানে গড়ে ওঠা শহরটি বাফেলো নামে পরিচিতি লাভ করে।
দুই. সুন্দর নদীর ফ্রেঞ্চ শব্দ ‘ব্যইউফ্লেঁউভ’। সুদৃশ্য এক ছোট্ট নদীর মুখে গড়ে ওঠা এ জনপদের নাম ফরাসি বণিক আর আদি আমেরিকানদের মুখে মুখে ব্যইউফ্লেঁউভ থেকে ক্রমে এর উচ্চারণ বিবর্তিত হয়ে বাফেলো হয় এবং সেই অনুসারে এই এলাকার নামকরণ হয় বাফেলো।
নিউইয়র্ক অঙ্গরাজ্যের পশ্চিম প্রান্তে অবস্থিত এই বাফেলো নগরী। ইরি কাউন্টির সদর এটি। জনসংখ্যার দিক থেকে অঙ্গরাজ্যের দ্বিতীয় বৃহত্তম বাফেলোর স্থান নিউইয়র্ক নগরের পরেই।
ক্ষুদ্র একটি বাণিজ্যিক গোত্রের আদলে বাফেলোর গোড়াপত্তন ১৭৮৯ সালের দিকে বাফেলো ক্রীক্ নামের একটি ছোট্ট নদীর মোহনায়।
১৮২৫ সালে আটলান্টিক মহাসাগরের সঙ্গে হাডসন নদী হয়ে বাফেলোয় যোগাযোগ স্থাপনকারী ইরি ক্যানেল চালুর পর থেকে জনপদ বাড়তে থাকে। ছোট্ট গোত্রটি থেকে শহর, নগরীতে পরিণত হতে থাকে বাফেলো। ইরি লেকের পূর্বদিকে অবস্থিত হওয়ায় এবং লেকের দক্ষিণ তীর ও লাকওয়ানা এলাকার আটা-ময়দা কারখানা, ইস্পাত উৎপাদন শিল্প প্রতিষ্ঠানগুলোর অবস্থানের কারণে দ্রুত অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করতে থাকে বাফেলো নগরী।
বিংশ শতাব্দীর সূচনার দিকে বাফেলো ছিল আমেরিকার সবচেয়ে জনবহুল নগরীর একটি। ১৯০১ সালে ‘পেন-আমেরিকান এক্সপোজিশন’–এর মতো বিশ্ব মেলার আয়োজন হয় বাফেলোর দেলওয়ার পার্ক, এলমউড অ্যাভিনিউ, গ্রেট অ্যারো অ্যাভিনিউয়ের ৩৫০ একরের বিস্তৃত এলাকাজুড়ে।
পরবর্তীতে বাফেলো হয়ে উঠেছিল মোটরগাড়ি শিল্প নগরী। আরও পরে, সেন্ট লরেন্স সমুদ্রপথের উদ্বোধন, নগর বিকেন্দ্রীকরণ, বিশ্বায়ন ইত্যাদির প্রভাবে এলাকার শিল্পপ্রতিষ্ঠানগুলো বিলুপ্ত হতে থাকে। ১৯৫০ থেকে ২০১০ সালের মধ্যে বাফেলো নগরী হারিয়ে ফেলে তার অর্ধেকের বেশি জনসংখ্যা।
উত্থান–পতনের ওই সব এপিসোডের পরও বাফেলো বজায় রাখতে সক্ষম হয় কয়েকটি শিল্প। উন্নততর নির্মাণপ্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা ও শক্তিশালী শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর ভিত্তি করে বাফেলো তার অর্থনীতিতে বৈচিত্র্য ও গতিশীলতা নিয়ে ঘুরে দাঁড়াতে সক্ষম হয়।
উচ্চ আবাসন ব্যয়ভার লাঘব করতে ও ব্যস্ত নগরের জঞ্জাল ইত্যাদি থেকে দূরত্বে অবস্থান এবং শান্ত, সহজ পরিবেশ—এসবের কারণে বাংলাদেশি নব্য অভিবাসীরা সাম্প্রতিককালে বসবাসের জন্য বেছে নিচ্ছেন বিশ্বের অন্যতম প্রাকৃতিক বিস্ময় নায়াগ্রা জলপ্রপাতের অববাহিকার এই বৃহত্তর বাফেলো এলাকা। নিউইয়র্ক সিটি, ফিলাডেলফিয়া, মিশিগান, বোস্টনসহ আমেরিকার বিভিন্ন জায়গা থেকে অনেক বাংলাদেশি অভিবাসীকে ইতিমধ্যেই বাফেলোর নানা এলাকায় স্থানান্তর হতে দেখা গেছে। বাড়ির দামও এখানে অভিবাসীদের ক্রয় ক্ষমতার মধ্যে। নিউইয়র্ক নগরের একটি গড়পড়তা অ্যাপার্টমেন্টের এক বছরের ভাড়ার টাকা সাশ্রয় করলে বাফেলোর ইষ্ট সাইড এলাকায় একটি বাড়ি কেনা সম্ভব হচ্ছে এখনো।
যেসব প্রবাসীর পড়ুয়া সন্তানাদি রয়েছে, ইউনিভার্সিটি অ্যাট বাফেলো এবং বাফ-স্টেট কলেজের মতো উন্নত শিক্ষাপ্রতিষ্ঠানও তাদের স্থানান্তরে হাতছানি দিচ্ছে। বাফেলো নগর প্রশাসনও নতুনদের সাদরে স্বাগত জানায়। অনেক মসজিদ এবং কয়েকটি মাদ্রাসাও গড়ে উঠেছে বাফেলোতে।
সাম্প্রতিক নথি অনুসারে বৃহত্তর বাফেলো এলাকায় প্রায় কুড়ি হাজার বাঙালির বাস আর সে সংখ্যা দ্রুতই বৃদ্ধি পাচ্ছে।