আবার মামলার পরিকল্পনা হাওয়াই অঙ্গরাজ্যের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা নতুন নির্বাহী আদেশের বিরুদ্ধে আদালতে যাচ্ছে হাওয়াই অঙ্গরাজ্য। গত মঙ্গলবার হাওয়াইয়ের আইন কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন। ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা বলবৎ হওয়ার আগের দিন, ১৫ মার্চ এ বিষয়ে শুনানির দিন ধার্য হয়েছে।
গত সোমবার নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করে ট্রাম্প মুসলিম সংখ্যাগরিষ্ঠ ছয় দেশ ইরান, সিরিয়া, সোমালিয়া, সুদান, ইয়েমেন ও লিবিয়ার নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এবারের নিষেধাজ্ঞায় ইরাককে বাদ দেওয়া হয়।
হাওয়াইয়ের আইন কর্মকর্তারা বলেন, ট্রাম্প ইরাকসহ সাত দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে প্রথম নির্বাহী আদেশ জারি করার পর তাঁর সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে গিয়েছিল হাওয়াই অঙ্গরাজ্য। তবে দেশজুড়ে ওই আদেশটি স্থগিতের ব্যাপারে আদালতের নির্দেশ আসায় হাওয়াইয়ের মামলাটি স্থগিত করা হয়। তাই এ নিয়ে অঙ্গরাজ্যটি এই মামলার স্থগিতাদেশ তুলে নিতে আদালতে আবেদন করেছে, যাতে সংশোধিত মামলা করা যায়।
এর আগে গত ফেব্রুয়ারি মাসে হাওয়াইয়ের হনলুলুতে মার্কিন ডিস্ট্রিক্ট জজ ডেরিক ওয়াটসন এই অঙ্গরাজ্যকে সংশোধিত মামলা করার সুযোগ দিয়েছিলেন।
এ বিষয়ে অঙ্গরাজ্যের পক্ষে আইনি লড়াইয়ের জন্য ওয়াশিংটন ডিসিভিত্তিক এক আইনি প্রতিষ্ঠানকে নিয়োগ করা হয়েছে।
হাওয়াইয়ের অ্যাটর্নি জেনারেল ডুগ চিন সোমবার এক বিবৃতিতে বলেন, ‘নতুন এই নির্বাহী আদেশ মুসলিম নিষিদ্ধ নম্বর-২.০ ছাড়া আর কিছুই নয়। জাতীয় নিরাপত্তা ইস্যুতে ভণ্ডামির অংশ হিসেবে এখনো অভিবাসী আর শরণার্থীদের লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে।’