যুক্তরাষ্ট্রে নির্বাচনের বাকি মাত্র ৬০ দিন। রাজনৈতিকভাবে বিভক্ত দেশটিতে এখন সবাই কম-বেশি ভীত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা ভীত এই ভেবে যে তিনি হেরে যাবেন। এঁদের সংখ্যা মোট ভোটারের ৪৩ শতাংশ। ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেনের সমর্থকেরা ভীত, ট্রাম্প জিতে যাবেন। এঁদের সংখ্যা মোট ভোটারের ৫১ শতাংশ। এখনো মন ঠিক করে ওঠেনি এমন ভোটারের সংখ্যা ১০-১২ শতাংশ। উভয় দলের প্রচারশিবিরের একমাত্র লক্ষ্য, এই মাঝের ভোটারদের নিজের দলে টানা।
জনমত জরিপের ভিত্তিতে যে নির্বাচনী মডেল তৈরি হয়েছে, তাতে এই মুহূর্তে নির্বাচন হলে জো বাইডেনের সর্বাধিক ভোট পেয়ে জেতার সম্ভাবনা ৭১ শতাংশ, ট্রাম্পের ২৯ শতাংশ। জনসমর্থনে বাইডেন ও ট্রাম্পের এই তুলনামূলক অবস্থান গত তিন মাস কার্যত অপরিবর্তিত রয়েছে। এতে বাইডেনের স্বস্তির কোনো কারণ নেই, ২০১৬ সালের নির্বাচনী চিত্রটিও প্রায় একই রকম ছিল। কোনো কোনো নির্বাচনী মডেল অনুসারে সেবার হিলারি ক্লিনটনের জয়ের সম্ভাবনা ছিল প্রায় ৮৫ শতাংশ। ৩০ লাখ ভোট তিনি বেশিও পেয়েছিলেন। এরপরও ইলেকটোরাল কলেজ ভোটের জোরে বেশ নিরাপদ ব্যবধানে জিতে যান ডোনাল্ড ট্রাম্প। এখন এ কথা মোটামুটি স্পষ্ট, নাটকীয় কোনো পরিবর্তন না ঘটলে, এবারও মোট ভোটের হিসাবে ট্রাম্প জিততে পারবেন না, তাঁকে জিততে হলে ইলেকটোরাল কলেজের ওপর নির্ভর করতে হবে।
২০১৬ সালে পেনসিলভানিয়া, উইসকনসিন এবং মিশিগান—এই তিন অঙ্গরাজ্যে মোট ৭৭ হাজার ভোট বেশি পেয়ে ইলেকটোরাল কলেজ ভোটের জোরে জয় ছিনিয়ে নেন ট্রাম্প। সেবার হিলারি একটি ভুল করেছিলেন। এই তিন রাজ্যে তাঁর জয় ‘অবধারিত’ ভেবে তিনি বলতে গেলে সেখানে কোনো রকম প্রচারণাই চালাননি। বাইডেন সে ভুল করছেন না, তিনি উইসকনসিন ও পেনসিলভানিয়ায় জোর প্রচারণা চালাচ্ছেন। গতবারের ভুলের পুনরাবৃত্তি এড়াতে মিশিগানেও ডেমোক্র্যাটরা তৎপর। ট্রাম্পও ঠিক সেই কাজই করছেন। এই তিন রাজ্যে জয় না পেলে তাঁর পক্ষে ইলেকটোরাল ভোটে এগিয়ে যাওয়া কঠিন হবে।
গত তিন মাস এই তিন রাজ্যে বাইডেন এগিয়ে থাকলেও এখন দেখা যাচ্ছে ট্রাম্প কোথাও কোথাও তাঁর জনসমর্থনে আঁচড় দিতে সক্ষম হয়েছেন।
যেমন পেনসিলভানিয়ায় ট্রাম্পের সমর্থন আগের তুলনায় অন্তত ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এগিয়ে থাকলেও এই মুহূর্তে ট্রাম্পের সঙ্গে বাইডেনের ব্যবধান মাত্র ৩ দশমিক ৪ শতাংশ। এই রাজ্যের স্ক্রানটনে তাঁর জন্ম, এটি তাঁর রাজনৈতিক ঘাঁটি। তা সত্ত্বেও ট্রাম্প যে সেখানে আঁচড় ফেলেছেন, তাতে প্রমাণিত হয় নির্বাচনী খেলা মোটেই শেষ হয়নি। ফ্লোরিডা থেকেও ট্রাম্প সুফল পেয়েছেন, সেখানে সর্বশেষ জরিপে তিনি নিজের জনসমর্থন ৩ শতাংশ বাড়াতে সক্ষম হয়েছেন। এমনকি ‘নীল’ বা ডেমোক্রেটিক রাজ্য হিসেবে পরিচিত মিনেসোটাতেও ট্রাম্প আগের তুলনায় জনসমর্থনে প্রায় ২ শতাংশ এগিয়েছেন।
তবে অন্যান্য ‘অমীমাংসিত রাজ্যে’গুলো থেকে বাইডেনের জন্য সুখবর এসেছে। ‘ব্যাটেলগ্রাউন্ড স্টেটস’ নামে পরিচিত লাল ও নীলের বাইরের এই মধ্যবর্তী অঙ্গরাজ্যগুলো এবারের নির্বাচনে ইলেকটোরাল কলেজ ভোটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সর্বশেষ জরিপ অনুসারে বাইডেন উইসকনসিন, মিশিগান, জর্জিয়া ও অ্যারিজোনাতে উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে গেছেন।
ট্রাম্পের সমর্থক হিসেবে পরিচিত ফক্স নিউজ পর্যন্ত অ্যারিজোনা, নর্থ ক্যারোলাইনা ও উইসকনসিনে বাইডেনের এগিয়ে থাকার জরিপ প্রকাশ করেছে। কাকতালীয় হলেও এই ফল প্রকাশের পর ওয়াল স্ট্রিটের শেয়ারবাজারে বড় ধরনের পতন ঘটে। ট্রাম্প এই জরিপকে ‘ফেক নিউজ’ আখ্যা দিয়ে বলেছেন, শেয়ারবাজারের পতনের কারণ ফক্সের এই ‘মিথ্যা জরিপ’।
জরিপের খবরে হাল ছাড়ার পাত্র ট্রাম্প নন। তিনি বিশ্বাস করেন, দেশের ‘নিঃশব্দ সংখ্যাগরিষ্ঠ’ মানুষ তাঁর পক্ষে রয়েছে। তাঁর অনুগত সমর্থক বলতে বোঝায় শ্বেতকায়, স্বল্পশিক্ষিত ও রক্ষণশীল ভোটার, যাঁদের বৃহদাংশ কৃষিপ্রধান অঞ্চলের বাসিন্দা। জিততে হলে তাঁকে এই অনুগত ‘বেইসের’ বাইরে অন্যত্র হাত বাড়াতে হবে। সেই কারণে প্রধানত শ্বেতকায় ও রক্ষণশীল ভোটারদের প্রভাবিত করতে ট্রাম্প নিজেকে ‘আইন ও শৃঙ্খলার রক্ষক’ হিসেবে প্রমাণের চেষ্টা করছেন। একই কারণে তিনি ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছেন। মুখ্যত ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত শহরগুলোয় এই আন্দোলন দানা বেঁধে উঠেছে। এদের সবাইকে ঢালাওভাবে ‘অরাজক’ অভিহিত করে ট্রাম্প নিউইয়র্কসহ একাধিক ডেমোক্রেটিক-নিয়ন্ত্রিত শহরে কেন্দ্রীয় সরকারের অর্থায়ন বাতিল করার হুমকি দিয়েছেন।
বাইডেনকে ‘অরাজকতার সমর্থক’ ও ‘বামপন্থীদের হাতের পুতুল’ হিসেবে প্রমাণের যে রণকৌশল তিনি ধরেছেন, তার ফল পাওয়া শুরু করেছেন ট্রাম্প। পেনসিলভানিয়ার জনমত জরিপ তার প্রমাণ। সদ্য প্রকাশিত সিএনএনের এক জরিপে দেখা যাচ্ছে তিন মাস আগেও যেখানে ৬৭ শতাংশ মানুষ বর্ণবৈষম্যকে একটি প্রধান সমস্যা মনে করতেন, এখন সে কথা মনে করেন ৫৫ শতাংশ মানুষ। অর্থনীতি প্রশ্নে ট্রাম্পের নেতৃত্বের ব্যাপারে মার্কিন জনগণের আস্থা এখনো অটুট। করোনাভাইরাস মোকাবিলায় ব্যর্থতার জন্য ট্রাম্প সমালোচিত হয়েছেন ঠিক, কিন্তু একটি ভ্যাকসিন যদি আবিষ্কৃত হয়, তাহলে অবস্থা বদলাতে পারে। ট্রাম্প তেমন আশাই করছেন।
ইলেকটোরাল কলেজ কী
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নির্ভর করে মোট ৫৩৮ জন ‘ইলেকটর’ বা নির্বাচকের ভোটের ওপর। প্রতিটি রাজ্যের জনসংখ্যার ভিত্তিতে এসব নির্বাচকের সংখ্যা নির্ধারিত থাকে। যেমন জনবহুল ক্যালিফোর্নিয়ার রয়েছে ৫৫ জন নির্বাচক, আবার বিরল জনসংখ্যার মন্টানার রয়েছে মাত্র ৩টি ভোট। জিততে হলে প্রয়োজন ন্যূনতম ২৭০ ইলেকটোরাল ভোট। একটি রাজ্যে সবচেয়ে বেশি ‘জনপ্রিয় ভোট’ যিনি পাবেন, সে রাজ্যের নির্ধারিত সব ইলেকটোরাল ভোট তাঁর খাতায়ই জমা হবে। এ কারণে মোট ভোটের হিসাবে এগিয়ে থেকেও কোনো প্রার্থী পর্যাপ্ত ইলেকটোরাল ভোট পেতে ব্যর্থ হলে প্রেসিডেন্ট নির্বাচিত হবেন না।