আবারও দাবানল ক্যালিফোর্নিয়ায়

ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সেসকোর উত্তরের বনাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়েছে। শক্তিশালী বাতাসের কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ছে। এ অবস্থায় জরুরি পরিষেবা কর্মকর্তারা সংশ্লিষ্ট এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেন ২৪ অক্টোবর।
দাবানলের কারণে ওই অঞ্চলের অন্তত ২ লাখ মানুষ বর্তমানে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। সান ফ্রান্সেসকোর সোনোমা কাউন্টির বহু মানুষ ঘর ছেড়ে অন্যত্র স্থানান্তরিত হয়েছেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ২৪ অক্টোবর পর্যন্ত কিনক্যাড দাবানল ১০ হাজার একর এলাকায় বিস্তৃত হয়েছে। ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশনের তথ্যমতে, শক্তিশালী বাতাসের কারণে এ আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ছে। এরই মধ্যে স্থানীয় সোনোমা কাউন্টির শেরিফ গেসারভিল শহর ছেড়ে যাওয়ার জন্য স্থানীয় বাসিন্দাদের নির্দেশ দিয়েছেন। এরই মধ্যে প্রায় হাজারখানেক মানুষ শহরটি ছেড়ে গেছেন।
সোনোমা কাউন্টির পরিস্থিতি নিয়ে সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। স্থানীয় এক সাংবাদিকের করা ওই ভিডিওতে ধোঁয়াটে আকাশ দেখা যায়। একই সঙ্গে তীব্র বাতাসের শব্দ ভেসে আসছিল মাইক্রোফোনের মাধ্যমে। উদ্ভূত পরিস্থিতিতে ক্যালিফোর্নিয়ার বিস্তৃত অঞ্চলে সতর্ক সংকেত দেওয়া হয়েছে। বলা হচ্ছে, পুরো অঞ্চলটিতেই আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। উচ্চ তাপমাত্রা ও তীব্র বাতাসের কারণে এ ঝুঁকি আরও বেড়ে যাচ্ছে।
এ সম্পর্কিত সতর্কবার্তায় বলা হয়েছে, চলতি সপ্তাহে দাবানল ছড়িয়ে পড়ার কারণে অন্তত ৫ লাখ লোক বিদ্যুৎহীন হয়ে পড়তে পারে। নিরাপত্তার কথা বিবেচনা করে এরই মধ্যে নিজ নিজ অঞ্চলে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করেছে প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রিক ও সাউদার্ন ক্যালিফোর্নিয়া এডিসন কোম্পানি। একইভাবে লস অ্যাঞ্জেলেস, সান বার্নাদিনো, ভেনচুরাসহ বিভিন্ন অঞ্চলের আরও তিন লাখ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হতে পারে বলে জানানো হয়েছে।
পরিস্থিতি আগামী দু-এক দিনে আরও ভয়াবহ রূপ নিতে পারে। জাতীয় আবহাওয়া দপ্তরের ভূতত্ত্ববিদ মার্ক শেনার্ড বলেন, আজ ও আগামীকালের মধ্যে বাতাসের বেগ আরও বাড়ার আশঙ্কা রয়েছে। বিশেষত ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে বাতাস ঘণ্টায় ৫৫ মাইল বেগে ধাবিত হতে পারে। এমনকি কিছু উপকূলীয় অঞ্চলে এ বেগ ঘণ্টায় ৭৫ মাইল পর্যন্ত হতে পারে। আর তেমনটি হলে দাবানল আরও দ্রুত ছড়িয়ে পড়বে সন্দেহ নেই।