আবিয়া মিশিগানের জমকালো ফ্যামিলি নাইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবিয়া মিশিগান চ্যাপ্টারের ফ্যামিলি নাইট অনুষ্ঠানে বাংলাদেশি-আমেরিকান প্রফেশনালদের মিলন মেলা
আবিয়া মিশিগান চ্যাপ্টারের ফ্যামিলি নাইট অনুষ্ঠানে বাংলাদেশি-আমেরিকান প্রফেশনালদের মিলন মেলা

বাংলাদেশি আমেরিকান ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্ট অ্যাসোসিয়েশনের (আবিয়া) মিশিগান চ্যাপ্টারের ফ্যামিলি নাইট অনুষ্ঠিত হয়েছে।

২২ সেপ্টেম্বর আবিয়া মিশিগান চ্যাপ্টারের এবারের বার্ষিক ফ্যামিলি নাইটের জমকালো আসর বসে ট্রয় সিটির পোলিশ আমেরিকান কালচারাল সেন্টারে। এই আয়োজন বাংলাদেশি-আমেরিকান প্রফেশনালদের মিলন মেলায় পরিণত হয়।

প্রকৌশলীদের ব্যানারে অনুষ্ঠিত হলেও এই অনুষ্ঠানে প্রকৌশলী ছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষাবিদ, চিকিৎসক, ফার্মাসিস্ট, ব্যবসায়ী, তাঁদের পরিবার পরিজন ও বন্ধুরা। বাংলাদেশ থেকে এবার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিকিৎসক ও লেখক ইকবাল আনোয়ার।

অনুষ্ঠানটি তিনটি পর্বে বিভক্ত ছিল। প্রথমে ছিল সংগঠনের সদস্যদের সন্তান শিশু-কিশোর অংশগ্রহণে অনুষ্ঠিত স্টেজ শো। উঠতি প্রকৌশলীদের অংশগ্রহণে ব্যতিক্রমী কমেডি টকশো দর্শকদের আনন্দ দেয়। টকশো সঞ্চালনায় ছিলেন প্রকৌশলী ফাহিম আহমেদ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে লিডারশিপসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সাবেক সংগঠকদের ‘আবিয়া লিডারশিপ অ্যাওয়ার্ড’ প্রদান, আমন্ত্রিত স্থানীয় রাজনীতিকদের বক্তব্য এবং ডিনার পর্ব। পুরস্কারপ্রাপ্তরা হলে আবিয়ার সাবেক চার প্রেসিডেন্ট নাসিম উদ্দিন, জাকিরুল হক, প্রকৌশলী মুনির জামান ও প্রকৌশলী সাদেক রহমান। আবিয়া কমিউনিটি সার্ভিস অ্যাওয়ার্ড দেওয়া হয় মিশিগান বাংলাদেশি কমিউনিটির সুপরিচিত মুখ প্রকৌশলী ফেরদৌস গাজীকে।

তৃতীয় পর্বটি ছিল স্থানীয়, বাংলাদেশ এবং পশ্চিম বাংলা থেকে আসা, জি বাংলার সা রে গা মা পা খ্যাত শিল্পী ঋষিতা। অনুষ্ঠানের মূল আকর্ষণ তারকা শিল্পী মাইনুল আহসান নোবেল।

স্থানীয় শিল্পীদের মধ্যে প্রকৌশলী ইমরান হোসেনের মেয়ে জাইমার বাদ্যযন্ত্রের পরিবেশনা, নাজমুল আনোয়ারের মেয়ে সুকণ্ঠী জারা আনোয়ার, জাফরী-নিতু দম্পতি, চন্দ্রনাথের মেয়ের সংগীত পরিবেশনা এবং মিথুনের নৃত্য দর্শকদের আনন্দ দেয়। স্থানীয় ব্যান্ড ‘হৃদম অব বাংলাদেশ’ দেশীয় ব্যান্ডের জনপ্রিয় গান দিয়ে মাতিয়ে রাখে দর্শকদের।

স্থানীয় রাজনীতিকদের মধ্যে ইউএস কংগ্রেসম্যান অ্যান্ডি ল্যাভিন এবং ট্রয় এলাকার স্টেট রিপ্রেজেনটেটিভ উপস্থিত ছিলেন।

কংগ্রেসম্যান অ্যান্ডি ল্যাভিন বলেন, অচিরেই তিনি ও তাঁর টিমের সদস্যরা রোহিঙ্গাদের বর্তমান অবস্থা সরেজমিনে দেখতে বাংলাদেশ সফরে যাবেন।

অনুষ্ঠানের শুরুতে আবিয়া মিশিগান চ্যাপ্টারের বর্তমান প্রেসিডেন্ট, জেনারেল মোটরসের প্রোগ্রাম ম্যানেজার প্রকৌশলী আবু আশরাফের নির্বাহী কমিটির পক্ষে সবাইকে স্বাগতম জানান। তিনি তাঁর বক্তব্যে বছরব্যাপী আবিয়া মিশিগান কর্তৃক আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের সারসংক্ষেপ ও সফলতা তুলে ধরেন।

অনুষ্ঠান আয়োজনের সহযোগিতায় ছিলেন তরুণ প্রকৌশলীদের একটি চৌকস দল। যাদের মধ্যে অন্যতম সংগঠনের সাধারণ সম্পাদক কাজী মাশফিক হোসাইন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কামরুল মজুমদার, ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন আজিজ, কোষাধ্যক্ষ প্রণব চৌধুরী, কার্যনির্বাহী সদস্য মাহমুদ সালাম, গোলাম মাইনুদ্দিন, দেবাঞ্জন দ্বীপ ও প্রকৌশলী ফয়জুল মোমেন।