আবেদনে আগ্রহ হারিয়ে ফেলছেন অভিবাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকার নাগরিকত্ব পেতে আবেদন করার আগ্রহ হারিয়ে ফেলছে অভিবাসীরা। কারণ যারা সব নিয়মকানুন মেনে, তাদের নাগরিকত্ব প্রাপ্তির অপেক্ষার সময় দীর্ঘ হচ্ছে। বছর পেরিয়ে গেলেও নাগরিকত্ব আবেদনের কোনো সুরাহা হচ্ছে না। নানা তল্লাশি আর পরীক্ষা-নিরীক্ষায় অতিরিক্ত সময় নেওয়া হচ্ছে। এ নিয়ে নতুন সামাজিক নানা সমস্যা প্রকট হয়ে উঠেছে। আমেরিকার গুরুত্বপূর্ণ ৫০টি নগরীর মেয়র অভিবাসন বিভাগকে দেওয়া এক চিঠিতে নাগরিকত্ব আবেদনের প্রক্রিয়া দ্রুত সুরাহা করার আবেদন জানিয়েছেন।
মার্কিন অভিবাসন বিভাগের দেওয়া তথ্যমতে, আগের বছরের একই সময়ের তুলনায় চলতি বছর নাগরিকত্বের জন্য ৭০ হাজার কম আবেদন পড়েছে। মার্কিন নাগরিকত্বের জন্য আবেদন কমার সঠিক

কোনো কারণ খুঁজে পাচ্ছেন না অনেকেই। যদিও অভিবাসী গ্রুপগুলো বলছে, অভিবাসনের স্বর্গ রাজ্য হিসেবে পরিচিতি আগের সেই আমেরিকা আর নেই। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা এখন অভিবাসীদের জন্য স্বর্গরাজ্য মনে হচ্ছে না বলেই, এ দেশের নাগরিকত্ব গ্রহণে অভিবাসীদের আগ্রহ আর আগের মতো নেই।

ইমিগ্রেশনের সব নিয়ম মেনে নাগরিকত্বের জন্য আবেদন করেছেন, এমন প্রায় নয় লাখ আবেদন নিষ্পত্তির অপেক্ষায় পড়ে আছে। প্রায় দুই বছর আগে আবেদন করেছেন, এমন নাগরিকত্ব প্রত্যাশীরা প্রতিদিন ডাকপিয়ন আসলে খবর নেন, তার নাগরিকত্ব গ্রহণের চিঠি আসল কি না। তাঁদের এই অপেক্ষার প্রহর বাড়ছে। আবেদন করার পর অনেকেই নিজ দেশে বা দেশের বাইরে যেতে পারছে না। অনেকেই নিজের আত্মীয়-স্বজনের জন্য ইমিগ্রেশনের আবেদন করতে পারছে না। পাশাপাশি আমেরিকায় দীর্ঘদিন থাকার পরও এখানকার নাগরিকত্বের সব সুবিধা পাচ্ছেন না এসব অভিবাসী।

নাগরিকত্বের আবেদন নিয়ে এমন ত্রাহি অবস্থার দ্রুত অবসান চেয়েছেন আমেরিকার গুরুত্বপূর্ণ ৫০টি নগরের মেয়র। মার্কিন অভিবাসন বিভাগের প্রধান লি ফ্রান্সিস কিসনাকে গত ৩০ জুলাই দেওয়া এক চিঠিতে তারা বলেন, নাগরিকত্বের আবেদন ঝুলিয়ে রাখার ফলে নানা ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। যেসব অভিবাসীরা আমেরিকার সব নিয়মকানুন মানছেন, কর দিচ্ছেন, এই বিলম্বের মাধ্যমে তাদের প্রতি অবিচার করা হচ্ছে।

মেয়ররা তাদের চিঠিতে বলেছেন, গত দুবছরে পরিস্থিতির বেশি অবনতি ঘটেছে। প্রকৃত অর্থে নাগরিকত্ব দেওয়ার চেয়ে স্থগিত পড়ে থাকা আবেদনের সংখ্যা বেশি। গত দুই বছরে নাগরিকত্ব আবেদন ঝুলে থাকার হার আগের তুলনায় ৮৭ শতাংশ বেড়েছে। ২০১৭ সালে মার্কিন নাগরিকত্বের জন্য ঝুলে থাকা আবেদনপত্রের সংখ্যা ছিল ছয় লাখ ৩৬ হাজার। এ বছরে তা বেড়ে সাত লাখ ২৯ হাজারে দাঁড়িয়েছে। বর্তমানে যে ধীর গতিতে নাগরিকত্বের আবেদন মঞ্জুর করা হচ্ছে, এ অবস্থা চলতে থাকলে অনেককেই মার্কিন নাগরিকত্ব পেতে ২৫ বছর অপেক্ষা করতে হবে।

আমেরিকায় অঙ্গরাজ্য ভেদে নাগরিকত্বের আবেদনের জন্য অপেক্ষার সময় ভিন্ন ভিন্ন। অভিবাসন বিভাগের মাঠ পর্যায়ের অফিসগুলো এখন প্রতিটা আবেদন নানাভাবে যাচাই-বাছাই করছে। প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পর ঘোষণা দিয়েছিলেন, অবৈধ অভিবাসন কঠিন করবেন। এখন কঠিন হয়ে উঠেছে বৈধ অভিবাসনও। কেবল নিউইয়র্কে ঝুলে আছে প্রায় এক লাখ নাগরিকত্বের আবেদন। আবেদনের ২০ মাস চলে গেলেও অনেকেই নাগরিকত্বের পরীক্ষার জন্য ডাক পাচ্ছেন না।

নগরের মেয়ররা চিঠিতে উল্লেখ করেছেন, মার্কিন অভিবাসন বিভাগ উল্টো পথে হাঁটছে। আমেরিকার সংবিধান আর অভিবাসীদের প্রতি এ দেশের প্রতিষ্ঠাতাদের ভালোবাসার পথ থেকে বিভাগটি সরে এসেছে। নাগরিকত্বের আবেদন জমা পড়ার পর এখন ৩০ বছর আগের রেকর্ড খোঁজা হচ্ছে। আবেদনকারীর রেকর্ডে সামান্য কোনো হেরফের পাওয়া গেলে, তা আটকে দেওয়া হচ্ছে। এমনকি এসব বৈধ অভিবাসীদের আমেরিকা থেকে বিতাড়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। ফলে বহু বৈধ অভিবাসী নাগরিকত্ব পাওয়ার যোগ্যতা অর্জন করলেও রেকর্ড নিয়ে ঘাঁটাঘাঁটির ভয়ে নাগরিকত্বের আবেদনই করছেন না অনেকেই। অভিবাসীদের এই ভয়ভীতি মার্কিন সমাজের জন্য স্বস্তিকর নয়। স্থানীয় নির্বাচন থেকে জাতীয় নির্বাচনসহ নানা ক্ষেত্রে এ সমস্যার প্রভাব পড়তে শুরু করছে। ফলে নগরের মেয়ররা নিজেরা উদ্যোগী হয়েই অভিবাসন বিভাগকে সমস্যার সমাধানের জন্য আবেদন করেছেন। শিকাগোর প্রভাবশালী মেয়র রাহম ইমান্যুয়েলসহ ৫০ জন মেয়র আমেরিকার সামাজিক এবং অর্থনৈতিক স্বার্থে আবেদন করার ছয় মাসের মধ্যে নাগরিকত্ব দিতে অভিবাসন বিভাগের প্রধানের প্রতি আহ্বান জানিয়েছেন।