আব্রাহাম লিংকনের পরই ট্রাম্প!

‘এ যাবৎকালে মার্কিন প্রেসিডেন্টদের অনেকের চেয়েই এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে আব্রাহাম লিংকন এখনো তাঁর চেয়ে এগিয়ে।’ -এই বক্তব্য খোদ ট্রাম্পের। গত ২৫ জুলাই ওহাইওর ইয়ংসটাউনে নিজের সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আমার জন্য প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন অনেক সহজ। আব্রাহাম লিংকন ব্যতীত অন্য যে কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্টের চেয়ে আমি এ ক্ষেত্রে এগিয়ে রয়েছি।’
মাত্রই ২৪ জুলাই জাতীয় বয় স্কাউট জাম্বুরিতে রাজনৈতিক বক্তব্য দিয়ে চরম সমালোচনার মুখোমুখি হয়েছেন ট্রাম্প। এর রেশ না কাটতেই নির্বাচনোত্তর সফরে ওহাইও গিয়ে নিজেকে অধিকাংশ মার্কিন প্রেসিডেন্টের মধ্যে সেরা দাবি করে আবারও আলোচনার জন্ম দিয়েছেন তিনি।
নিজের সমালোচকদের উদ্দেশে ট্রাম্প বলেন, তারা বলে, ‘তার আচরণ প্রেসিডেন্টের মতো নয়।’ আর আমি বলি, ‘দেখ ভালো করে, প্রেসিডেন্টের মতো আচরণ অনেক সহজ। হ্যাঁ এটি সত্যিই সহজ। এমনকি অন্য যেকোনো প্রেসিডেন্টের চেয়ে আমি আরও বেশি প্রেসিডেন্টসুলভ আচরণ করতে পারি। তবে এটি মহান নেতা আব্রাহাম লিংকনের ক্ষেত্রে প্রযোজ্য নয়।’