
অভিজাত ইংরেজের মতো ফেল্টের ব্লেজার ও শর্টস পরিহিত শিশু লিও তার অধ্যক্ষের সঙ্গে হাত মেলাচ্ছে। চার বছর বয়সী শিশুটিকে দেখে যে কেউ মাসখানেক আগের ব্রিটিশ রাজকুমার জর্জের সঙ্গে গুলিয়ে ফেলতে পারে। এক মাস আগেই এ রাজকুমারকে একই ধরনের পোশাক পরে প্রথম স্কুলে যেতে দেখা গেছে। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ওই ছবিটি অনেকেরই মনে থাকার কথা। কিন্তু লিও কিংবা তার সহপাঠীদের কেউই রাজকুমার নয়। নিউইয়র্কের ম্যানহাটনের অভিজাত বিদ্যাপীঠ ওয়েদার-পেমব্রিজ স্কুলের শিক্ষার্থী তারা। কিছুদিন আগে চালু হওয়া এই কিন্ডারগার্টেনটির শিক্ষার্থী প্রতি বার্ষিক বেতন মাত্র ৪৫ হাজার ৫০০ ডলার।
ম্যানহাটনের ইস্ট ৯৬ স্ট্রিটে কিছুদিন আগে চালু হয়েছে ওয়েদার-পেমব্রিজ স্কুল। কিছুদিন আগেও এখানে ছিল ম্যানহাটন কান্ট্রি ডে স্কুল। নতুন স্কুলটি শুরুর পর থেকেই এর আভিজাত্য সবার নজর কেড়েছে। মূলত এটি একটি প্রি-কিন্ডারগার্টেন স্কুল। কিন্তু এ পর্যায়েই বছরে সাড়ে ৪৫ হাজার ডলার বেতন গুনতে হয় শিক্ষার্থীদের অভিভাবকদের। কিন্তু একটি প্রি-কিন্ডারগার্টেনে পড়ার জন্য কেন কেউ এত বিপুল অর্থ ব্যয় করবে? উত্তর সহজ আভিজাত্য ও অভিজাতদের সঙ্গে সংযোগ।
নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে জানানো হয়, ওয়েদার-পেমব্রিজ স্কুলের সঙ্গে জড়িয়ে আছে ব্রিটিশ যুবরাজ উইলিয়াম ও হ্যারির নাম। আরেক হ্যারিও আছে জড়িয়ে। আর তা হলো হ্যারি পটার। ওয়েদার-পেমব্রিজ স্কুলের পাঠক্রম ব্রিটিশ পাঠক্রমের ধাঁচে তৈরি। এর আসল পীঠস্থান অভিজাত নটিং হিলে, যেখানকার গুরু সদনে শিক্ষা লাভ করেছেন দুই যুবরাজ উইলিয়াম ও হ্যারি।
তবে ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে ওয়েদার-পেমব্রিজ স্কুলের যোগসূত্র তৈরিতে রাজি নন স্কুলটির প্রধান কেট বেইলি। নিউইয়র্ক পোস্টকে তিনি বলেন, ইউরোপের সবচেয়ে অভিজাত পরিবারের সঙ্গে এ স্কুলকে যুক্ত করে কোনো মন্তব্য করা উচিত নয়। যদিও নিউইয়র্কের অভিভাবকেরা এ ধরনের একটি যোগসূত্রের কারণেই স্কুলটির প্রতি আকৃষ্ট হচ্ছেন।
হেলস কিচেনে আয়োজিত এক অনুষ্ঠানে নিজের ৬ বছর বয়সী মেয়ে কেইতলিনের পোশাক দেখে অভিভূত হয়েছিলেন হেনরিয়েত্তে ফস্টার। তিনি জানান, গত শতকের ৮০-৯০ এর দশকে এমন পোশাক দেখা গিয়েছিল রাজবধূ ডায়ানার পরনে।
শুরুতে উল্লিখিত চার বছর বয়সী লিওর মা-বাবার ক্ষেত্রেও এমনটিই ঘটেছে। লিওর মা জুলিয়া ফোমিনোভার স্বামী একটি প্রযুক্তি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা। অভিজাত ও আভিজাত্যের প্রতি জুলিয়ার রয়েছে বিশেষ পক্ষপাত। ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথকে নিয়ে নির্মিত টিভি সিরিয়াল ‘দ্য ক্রাউন’র বিশেষ ভক্ত তিনি। স্বাভাবিকভাবেই নিজের সবটুকু সাধ্য দিয়ে নিজের সন্তানকে এমন একটি অভিজাত স্কুলে তিনি পাঠাতে চাইবেন, তাতে আর বিস্ময়ের কী আছে।
ওয়েদার-পেমব্রিজ স্কুলে রয়েছে আভিজাত্যের সব ধরনের অনুষঙ্গই। এখানে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাও হয় রাজকীয় আদলে। পাশাপাশি রয়েছে বর্তমান সময়ের শিশুদের সবচেয়ে প্রিয় নায়ক হ্যারি পটারের সংযোগও। স্কুল প্রধান বেইলি বলেন, ‘হ্যারি পটারের গল্পের মতো আমাদের এখানেও রয়েছে ব্রেবার্ন, ম্যাকইনটোশ ও রুসেট হাউস। প্রতিটি হাউসের বিপরীতে নম্বর দেওয়ার সময় ভালো ব্যবহার, প্রাতিষ্ঠানিক অর্জন ও অন্যের প্রতি সদাচারকে গুরুত্ব দেওয়া হয়। প্রতি শুক্রবার সবার উপস্থিতিতে এ নম্বর ঘোষণা করা হয়।’
শুরুর বছর স্কুলটিতে ছিল ৩ বছর বয়সীদের জন্য নার্সারি, ৪ বছর বয়সীদের জন্য প্রি-কিন্ডারগার্টেন এবং ৫ ও ৬ বছর বয়সীদের জন্য কিন্ডারগার্টেন কোর্স। প্রতি বছর একটি করে গ্রেড সংযুক্ত করার মধ্য দিয়ে আট বছরের মধ্যে একে আট-গ্রেড স্কুলে পরিণত করার লক্ষ্য রয়েছে।
তবে ওয়েদার-পেমব্রিজ স্কুলকে শিক্ষা ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবসার আরেক নিদর্শন হিসেবে দেখছেন অনেকে। তাদের মতে, এটা একটা ব্যাধির মতো। নিউইয়র্কের নিজস্ব ইতিহাস রয়েছে। প্রচুর বিত্তের মালিক এখানে রয়েছেন। এ অঞ্চলের রয়েছে নিজস্ব আভিজাত্যের ইতিহাসও। এ জন্য ব্রিটিশ আভিজাত্যের আমদানির প্রয়োজন নেই। এভাবে শিক্ষা ব্যবসা কতটা সুফল আনবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।