আভিবাসীদের যাচাই-বাছাই শুরু করেছে বর্ডার পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকার বর্ডার পেট্রল এজেন্টরা বিতর্কিত পাইলট কর্মসূচির আওতায় আমেরিকায় আশ্রয়প্রত্যাশী অভিবাসীদের যাচাই–বাছাই শুরু করেছে। এরা নিজ দেশ ছেড়ে সাত সমুদ্র, তেরো নদী ও পাহাড়-পর্বত পেরিয়ে আমেরিকার সীমান্তে এসে পৌঁছেছে, যারা ভয়ে নিজেদের দেশে ফিরে যেতে চায় না।

নতুন পাইলট কর্মসূচি প্রেসিডেন্ট ট্রাম্প ও অভিবাসন কট্টরপন্থীদের দীর্ঘদিনের চেষ্টার ফসল। বর্ডার পেট্রল এজেন্টরা এখন আশ্রয়প্রার্থীদের সাক্ষাৎকার নিচ্ছে। এই পদক্ষেপ পাইলট কর্মসূচির অংশ। এর অর্থ হলো, আমেরিকায় আশ্রয়প্রার্থীরা এখন থেকে আমেরিকা ও আন্তর্জাতিক শরণার্থী আইনে বিশেষজ্ঞ উচ্চ-প্রশিক্ষিত অভিবাসন অফিসারদের কাছ থেকে সাহায্য পাবে না। এর বদলে তাদের অপ্রশিক্ষিত ও অনভিজ্ঞ বর্ডার পুলিশ কর্মকর্তাদের সাহায্য এবং মর্জির ওপর নির্ভর করতে হবে।

অ্যাটর্নি ও অভিবাসন কৌসুলিরা বলছেন, আইন প্রয়োগকারী কর্মকর্তাদের আমেরিকায় নিরাপদ আশ্রয়প্রার্থী অভিবাসীদের জন্য এই ধরনের উদ্যোগ সত্যি দুঃখজনক। অনেকের ধারণা, ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর থেকেই নানা অজুহাতে একের পর এক অভিবাসন আইনের সংস্কার করে চলেছে। এই কার্যক্রম তারই ধারাবাহিকতার একটি অংশ।

আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিলের নীতি বিশ্লেষক অ্যারন রেখলিন-মেলনিক সংবাদমাধ্যমকে বলেন, ‘আশ্রয়ের জন্য কাউকে ইন্টারভিউ করার কাজটি এমন কোনো এজেন্সি থেকে করা উচিত। যারা নিরপেক্ষ, অর্থাৎ ইমিগ্রেশন সার্ভিসের সঙ্গে জড়িত নয়। লসঅ্যাঞ্জেলেস টাইমস জানিয়েছে, বর্ডার পেট্রল এজেন্টরা অভিবাসী পরিবারগুলোর জন্য আটকের ব্যবস্থাপনায় এই সাক্ষাৎকারগুলো শুরু করেছিল। অভিবাসীদের দ্রুত তাদের দেশে ফেরত পাঠানো অথবা থাকার অনুমতি দিতে বর্ডার এজেন্সি থেকে স্বাধীন সিদ্ধান্ত নেওয়া দরকার।’

পাইলট কর্মসূচির কথা উল্লেখ করে ইউএসসিআইএসের মুখপাত্র জেসিকা কলিন্স বলেন, বর্ডার পেট্রল এজেন্টরা যে সব সিদ্ধান্ত নেবে, তার প্রতিটি কেস তদারকির জন্য একজন করে সুপারভাইজারি অ্যাসাইলাম অফিসার নিযুক্ত করা হবে।’ তিনি আরও বলেন, তারা এই পাইলট প্রোগ্রামের অধীনে ৪৫ জন নতুন এজেন্টকে প্রশিক্ষণ দিয়েছেন এবং ভবিষ্যতে দরকার হলে আরও এজেন্ট নিয়োগ করা হবে।

প্রশিক্ষণের এই পদ্ধতি সত্ত্বেও রেখলিন-মেলনিক বলেন, ‘সীমান্ত পেট্রল এজেন্টদের এই গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার পরিচালনার বিষয়ে তাদের স্পষ্ট বিরোধ রয়েছে, কারণ অভিবাসীরা কীভাবে সেই ব্যক্তিকে তাদের জীবনের গভীরতম, অন্ধকার রহস্য জানাতে বিশ্বাস করবে?’