আমরা আসছি, দাদু...

দাদু ভাই, তুমি কেমন আছো। দাদিমণির শরীর কেমন। ৩ এপ্রিল রাতে ভাইবারে লাইন কেটে যাওয়ার পর আর কথা বলতে পারিনি। শেষ কথাটি বলতে চেয়েছিলাম। বাবা-মা বলেছেন, এবার গ্রীষ্মের স্কুল ছুটি হলে তোমাদের কাছে নিয়ে যাবে। নান্দাইল থেকে ফুফিদের আসতে বলবে। ফুফির পিচ্চিটা অনেক আদরের। ও কি কথা বলে? আমরা সবাই মিলে মজা করব। বাবা বলছে গ্রীষ্মে বাড়ির পেছনের গাছের কাঁঠাল পাকবে। আমরা কাঁঠাল খাব। দুই বছর আগে যখন দেশে গিয়েছিলাম, তখন বাবা পুকুরে মাছ ধরতে গিয়ে বিষাক্ত মাছের কামড় খেয়ে মাটিতে গড়াগড়ি করছিল। সবাই তখন হেসেছে, কিন্তু দাদু তুমি বাবার কষ্ট দেখে কত যে উদ্বিগ্ন ছিলে, তা আমি দেখেছি। আমরা কষ্ট পেলেও বাবা একই রকম করে। কিন্তু আমার খারাপ লাগে কোনটা, জানো? আমার কলেজ ফ্রেন্ড কেভিন শুধু বাবার কাছে যায়, ফাদার্স ডে-তে ফুল দিতে। ওরা আলাদা থাকে। এসব বিষয় আমাকে ভীষণ কষ্ট দেয়। কলেজে আমরা কত কিছু দেখি। গ্রীষ্মে যখন হঠাৎ করে বৃষ্টি আসবে, টিনের চালে যখন বৃষ্টির শব্দ হবে তখনই দাদিকে পাশে নিয়ে এখানকার অনেক গল্প শোনাব। তুমি কি সেই অপেক্ষায় থাকবে, দাদু ভাই...।