আমরা কি মানুষ?

আজকাল বাংলাদেশের নিউজ তেমন দেখি না বললেই চলে। দেখলেই মন খারাপ হয়ে যায়। চুরি-ডাকাতি, হত্যা আর ধর্ষণের খবরে ভর্তি থাকে প্রতিদিনের কাগজগুলো। আর তার সঙ্গে থাকে ফটোগ্রাফারদের ডিটেইলস গ্রাফিকের ছবি যেটা কিনা খুবই ডিসটার্বিং।
একজনকে গলা কেটে হত্যা করা হয়েছে এমন খবর ছাপালে যেন কাগজের বিক্রি কম হবে বলে সেটার রক্তসহ, গলাটা কোথায় কাটা হয়েছে তারও ছবি দিতে হবে। এই ধরনের ছবি ক্রিমিনালদের আরও ক্রাইম করাতেই শুধু উৎসাহ জোগায় না, অনেক মানুষকেও অসুস্থ করে তোলে, বিশেষ করে বাচ্চাদের মানসিক স্বাস্থ্যের ওপর খুব খারাপ প্রভাব ফেলে। এটা আমার কথা নয়, মনোবিজ্ঞানীদের কথা।
দুদিন আগে ফেসবুক ব্রাউজ করার সময় ছবিসহ একটা খবর চোখে পড়ল, ক্লিক করে অরিজিনাল সাইটে গিয়ে খবরটা পড়লাম। খবরটি ছিল ‘২৬ বছর বয়েসের জনৈক মহিলা তিন হাসপাতাল ঘুরে মাত্র ১৫ শত টাকার অভাবে কোথাও ঠাঁই না পেয়ে অবশেষে আজিমপুর মাতৃসদন ও শিশুস্বাস্থ্য প্রশিক্ষণের (ম্যাটারনিটি) সামনে খোলা রাস্তায় সন্তান প্রসব করেছেন।’
ট্র্যাজেডি এখানেই শেষ না,
সেই নবজাতক সময়মতো যত্ন না পাওয়ায় অল্পক্ষণের মধ্যেই সেখানে মৃত্যুবরণ করে।
মেডিকেল এথিক্সের চারটা প্রধান নীতি অ্যানালাইসিস করলে দেখা যায়, এই ঘটনার সঙ্গে জড়িত চিকিৎসকগণ মেডিকেল এথিক্স-এর ৩টি নীতিরই অবমাননা করেছেন এবং সেগুলো হলো অন্যদের ভালো করা, কোনো ক্ষতি না করা এবং মানবাধিকারের প্রতি সম্মান। এর সঙ্গে জড়িত হাসপাতালের অন্যান্য কর্মচারীরা তাদের মানুষ হিসেবে যে মানবিকতা থাকা দরকার তাও দেখাননি। আমি যে নীতিগুলোর কথা উল্লেখ করলাম সেগুলো আসলে একজন মানুষেরও খুব মৌলিক বৈশিষ্ট্য; শুধু মানুষ নয়, যদি আমরা কোনো ধর্মে বিশ্বাস করি তাহলে দেখব সবগুলো ধর্মেরই মূলমন্ত্র গুলি কিন্তু একই—সত্যি কথা বলা, মানুষের উপকার করা এবং কারও ক্ষতি না করা।
কয়েক মাস আগে আমার এক বন্ধুর সঙ্গে কথা হচ্ছিল, খোঁজ নিচ্ছিলাম তার প্রেগন্যান্ট বোনের কী খবর, কেমন আছে ইত্যাদি। শুনলাম, তার বোনের অলরেডি সিজার করে বাচ্চা হয়েছে। তার পর আমার বন্ধু যেটা বলল, সেটা শুনে আমি কিছুক্ষণের জন্যে হতবাক, ‘বুঝলেন ভাবি, আমার বোনের গাইনেকোলজিস্ট হজ করতে যাবেন, কাজেই তার যেসব রোগী ৩৭ সপ্তাহ পার করেছে, হজে যাওয়ার আগে তিনি সবার সিজার করে গেছেন।’ সব শুনে মনে হলো, আমাদের সেই গাইনেকোলজিস্ট কি সত্যি সত্যি হজ করার জন্যে হজ করতে গেলেন নাকি লোক দেখানোর জন্যে হজ করলেন। আশা রাখি, আমাদের সেই সাইকোলজিস্টের হজ কবুল হয়েছে।
আমি ২৬ বছর হলো ক্যালিফোর্নিয়াতে আছি, আমেরিকার স্বাস্থ্য ব্যবস্থা খুব এক্সপেন্সিভ এটা মোটামুটি সবাই জানেন। কিন্তু কেউ যদি লেবার পেইন নিয়ে বা বুকের ব্যথা নিয়ে ইমার্জেন্সিতে যায়, কোনো হসপিটাল তাকে ফিরিয়ে দেবে না। এবং এই সুযোগ নিয়ে বাংলাদেশের তথাকথিত অনেক বড়লোকদের বউরা প্রেগন্যান্ট অবস্থায় এ দেশে আসেন শুধুমাত্র আমেরিকান সিটিজেন সন্তান নেয়ার জন্যে এবং দেশে বিত্তশালী হওয়া সত্ত্বেও এসে ফ্রি সন্তান ডেলিভারি করিয়ে নিয়ে যান, কেন না তারা এখানে টুরিস্ট ভিসায় থাকার জন্যে তাদের কোনো ইনকাম থাকে না। আপনার আশপাশে এ রকম অনেক রাজনীতিবিদ, আমলা, ব্যবসায়ী দেখতে পাবেন যারা নিজেদের অন্তঃসত্ত্বা বউদের আমেরিকায় পাঠিয়ে ফ্রি ডেলিভারি ব্যবস্থার সুযোগ নিচ্ছেন।
একজন মেয়ে তার গর্ভধারণের কথা জানার পর থেকেই সকল কষ্ট সহ্য করে ৯ মাস সন্তানটিকে নিজের ভেতর ধারণ করতে থাকে শুধু একটা আশায়—একদিন সে সেই সন্তানের কাছ থেকে মা ডাক শুনবে। প্রত্যেক মেয়ের জীবনে সেটা যে কি বড় পাওনা সেটা যেমন বোঝানো যাবে না। তেমনি অন্তঃসত্ত্বা অবস্থায় প্রত্যেকটা মা যে কি কষ্ট করে সেটাও কাউকে বোঝানো যাবে না।
এখানে আমি কোনো বিশেষ চিকিৎসক বা কোনো বিশেষ সংস্থার সমালোচনা করতে আসিনি, আমার অনুরোধ আপনারা এমন কিছু করবেন না যাতে করে পুরো জাতিকে এই গ্লানি বহন করতে হয়। দেশে এখন অনেক বড় বড় প্রাইভেট ক্লিনিক বা হাসপাতাল হয়েছে, যাদের টাকা আছে তারা ছুটছে সেসব হাসপাতালগুলোতে অথবা বিদেশে যাচ্ছে চিকিৎসার জন্যে কিন্তু গরিব মানুষগুলো তো অন্তত সরকারি হাসপাতালগুলো থেকে চিকিৎসা পেতে পারে। সরকারি হাসপাতালগুলোর প্রফেসরদের কাছে প্রশ্ন ‘আপনারাতো নামের শেষে প্রফেসর অব অমুক কলেজ’ ব্যবহার করে প্রচুর অর্জন করছেন তবে আপনাদের পদবির
জন্যে যে মাসোহারা পাচ্ছেন সেটা একটু হালাল করে নিতে আপনাদের ক্ষতি কি?