আমরা চেহারা ও মনে-প্রাণে বাঙালি: মুত্তালিব বিশ্বাস

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ১৩ এপ্রিল শনিবার বিকেল থেকে শুরু হয়েছে ২ দিনব্যাপী বৈশাখী মেলা। এ মেলার উদ্বোধন করেন সংগীতজ্ঞ মুত্তালিব বিশ্বাস। এ সময় তাঁর সঙ্গে প্রধান অতিথি হিসেবে মঞ্চে ছিলেন রাষ্ট্রদূত ও জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন। বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্ক বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফায়জুন্নসো।
উদ্বোধনী বক্তব্যে মুত্তালিব বিশ্বাস বলেন, যাঁরা মেলায় এসেছি আমরা চেহারা ও মনে প্রাণে বাঙালি। এসে খুব ভালো লাগছে। দেশ থেকে এত দূরে থেকেও আমরা বাঙালিয়ানার টানে এত বর্ণাঢ্য মেলার আয়োজন করতে পারি।
প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত ও জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন বলেন, পয়লা বৈশাখ একটি সার্বজনীন অনুষ্ঠান। এতে জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই অংশগ্রহণ করে। অনুষ্ঠানে এসে এ বিষয়টি দেখে আমার ভালো লেগেছে। আমি চাই আপনাদের মতো অনুষ্ঠান নিউইয়র্কে বা সব জায়গায় আরও বেশি বেশি করে হোক।
বিশেষ অতিথির বক্তব্যে নিউইয়র্ক বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা বলেন, এখানে এসে দেখলাম নতুন প্রজন্মের অনেকে এই মেলায় এসেছে। এমনকি বেশ কিছু আমেরিকানও এসেছেন। এ ভাবেই আমাদের সংস্কৃতি বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হবে। আমি আশা করব আগামী বছর আপনারা ইউনেসকো ¯স্বীকৃত মঙ্গল শোভাযাত্রার আয়োজন করবেন।

এআরবি ওয়ার্ল্ড ওয়াইড আয়োজিত পিএস ৬৯ স্কুলের এ মেলায় অতিথি হিসেবে ছিলেন মেলার টাইটেল স্পনসর টাইম টিভির প্রধান নির্বাহী (সিইও) আবু তাহের। তিনি বলেন, আমরা চাই আমাদের সংস্কৃতি নতুন প্রজন্ম এবং মূলধারার মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক। এ জন্যই আমরা এ মেলার সঙ্গে সম্পৃক্ত হয়েছি।
বৈশাখ উদযাপন কমিটির সমন্বয়ক তোফাজ্জল লিটন জানান, আগামীকাল গান গাইবেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী ফেরদৌসী আরা। র্যাফেল ড্রতে পুরস্কার হিসেবে দেওয়া হবে নিউইয়র্ক-ঢাকা রিটার্ন টিকিট।
প্রবেশ মূল্য ছাড়া সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে এই মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায় পোশাক-গয়নার স্টলসহ মোট ২৭টি স্টল আছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেলার সমন্বয়ক তোফাজ্জল লিটন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান চলে রাত ১০টা পর্যন্ত।