আমরা যাচ্ছিলাম
ভর দুপুরে নিউইয়র্কের আকাশ ভেঙে বৃষ্টি নামল। আমরা ঝমঝম বৃষ্টিতে ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। ঝুরঝুর বৃষ্টিতে গুণ গুন করে গান ধরলাম। পুরোনো দিনের মতো আজও যেন বাতাসে সেই বর্ষা-মঙ্গলের আমেজ।
একুশ শতকের যন্ত্র যুগে দাঁড়িয়ে কালিদাস-যুগের বর্ষণমুখর সেই দিনগুলোর মতো বর্ষা আজও আমাদের মনের গভীরে যেন মায়া, বিরহ তৈরি করে দেয়। মন কেমন-কেমন করে। মনের ভেতরে ঘোর তৈরি হয়। সুদূর অতীত হতে ভেসে আসা পুরনারীদের চুল-সুগন্ধি করা ধূপের গন্ধের মতো ভেজা মাটির সোঁদা-গন্ধ আমাকে বিমোহিত, নস্টালজিক করে তোলে। আমি যেন সেই বিরহী যক্ষ বধূ। প্রবল বৃষ্টির ঝাপটায় মনে পড়ে যায় সুদূর অতীতে ফেলে আসা প্রিয়তম যক্ষের কথা। বিচ্ছিন্ন দ্বীপের বাসিন্দার মতো আজ আমাদের পরস্পরের মাঝে যোজন যোজন দূরত্ব। মাঝখানে বয়ে চলেছে অসীম সমুদ্র।
দীপার ফোনে তখন থেকে ফুল ভলিউমে বাজছিল—‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে।’
কালিদাস যুগ থেকে আবার বর্তমানে ফিরে এলাম। বাইরে ঝরছে অঝোর ধারায় বৃষ্টি। মুহূর্তেই ঝাপসা হয়ে যাচ্ছে গাড়ির কাচ। আসলেই যেন শ্রাবণের মেঘ।
গাড়িতে আমরা চারজন। আমি, ভায়লা সালিনা লিজা, রোকেয়া দীপা ও শাহানা ইয়াসমিন। আমাদের উদাসী মন সত্যিই দূর অজানায় হারাতে চাইছে।
আমাদের গাড়ির একমাত্র চালক লিজা। একপর্যায়ে বিজলির চমকে সবাই ভয় পেয়ে গেলাম। তবে বৃষ্টিবিলাস বেশিক্ষণ স্থায়ী হলো না। গান, গল্প থেমে গেল। এক সময় সবাই ঝিমিয়ে পড়লাম।
নিউজার্সি আসতেই দেখি, সূর্যমামা আনন্দে ঝলমল করছে। বদলে গেছে দুপুরবেলার জলসিক্ত পৃথিবী। ঝকঝকে সোনালি রোদ কেবল নিউইয়র্কের আকাশেই ওঠে না, অন্যত্রও ওঠে তাহলে!
নিউইয়র্ক ছাড়ার পথে আমরা লম্বা সময়ের জন্য ট্রাফিক জ্যামে পড়লাম। শুক্রবারের বিকেল। সামনে শনি ও রোববার দুদিনের উইকেন্ড। তাই সিটির মানুষ বেরিয়ে পড়েছে।
ট্রাফিক জ্যাম পার হয়ে আমরা হল্যান্ড টানেলে ঢুকলাম। গাড়ি টানেলের ভেতর জ্যাম ঠেলতে ঠেলতে সামনের দিকে এগোতে লাগল।
ঝিমুনি কাটাতে একটা ডানকিনে ঢুকে যাত্রার প্রথম-দফা কফি-ব্রেক নিলাম। এরপর রওনা দিলাম প্রথম আলো উত্তর আমেরিকার আবাসিক সম্পাদক ইব্রাহীম চৌধুরীর বাড়ির দিকে। সেখানে হবে আমাদের দ্বিতীয় যাত্রা বিরতি।
সবাই মিলে সন্ধ্যা ছয়টার মধ্যে নিউজার্সির নিরিবিলি এক প্রান্তিক শহর ব্রান্সউইকে ইব্রাহীম চৌধুরীর বাড়িতে পৌঁছালাম। তাঁর সৌজন্যে আমাদের এই বুক ট্যুর। আমরা যাচ্ছি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির দিকে। এই বুক ট্যুরে বই প্রদর্শনী, বই আলোচনাসহ থাকবে একদল ‘লেখক-পাঠক-সাংবাদিক’ এর সঙ্গে সাহিত্য আড্ডা। এতে আরও থাকবে ডিসির বিশেষ দর্শনীয় স্থান পরিদর্শন।
ইব্রাহীম চৌধুরীর বাসা থেকে ডিসির পথে এক সঙ্গে যাত্রা শুরু করল আমাদের গাড়িবহর।
রাত প্রায় ১১টা বাজে। ডিসি থেকে ঘণ্টাখানেক দূরে আছি। চাঙা হওয়ার গ্যাস স্টেশন সংলগ্ন ‘ওয়াওয়া’ নামের একটা কনভিনিয়েন্স স্টোরের থামলাম। তারপর আবার শুরু। চলতে চলতে সবাই মোটামুটি ক্লান্ত ও ক্ষুধার্ত। ১০-২০ মিনিটের মধ্যেই আমাদের তিনটি গাড়ি হোটেলে পৌঁছে গেল। আমরা উঠলাম ভার্জিনিয়ার স্প্রিং ফিল্ডের উইনগেট হোটেলে। ১২ জনের জন্য চারটা ডাবল বেডের রুম নেওয়া হয়েছে। দীপা, লিজা, শাহানা ও আমার জন্য বরাদ্দ হলো ২০৯ নম্বর রুম।
চেক-ইনের পর ফ্রেশ হয়ে গেলাম ২০৮ নম্বর রুমে। সেখানে মাইক্রোওয়েভে বিরিয়ানি গরম হচ্ছে। ভোজন পর্ব শেষ হতেই জমে উঠল গানের আসর। সদ্য ভাইরাল হওয়া ‘আইলারে নয়া দামান’ গান নৃত্যে পরিণত হতে সময় লাগল না। আমরা উত্তেজিত গায়ক হাত-পা ছুড়ে নৃত্য জুড়ে দিলাম।
রাত প্রায় একটা। আমরা দল বেধে ‘মিড নাইট অব ডিসি’ দেখতে গেলাম। প্রথমেই গেলাম এমজিএম রিসোর্টে। এরপর আমরা সদলবলে বেরিয়ে পড়লাম রাতের ডিসির রূপ এবং বাইরের খোলা প্রকৃতি দেখতে। রাত প্রায় তিনটার দিকে আমরা হোটেল ফিরলাম। ব্রেকফাস্ট টাইম পূর্ব নির্ধারিত ছিল। সকাল নয়টার মধ্য সবাইকে হোটেলের ব্রেকফাস্ট রুমে সমবেত হতে হবে। সকালে সবাই তৈরি হয়ে, যার যার জিনিসপত্র গুছিয়ে নিচে নেমে গেলাম। বেলা ১১টায় চেক আউট। গল্পগুজবে প্রাণবন্ত সকালের নাশতা শেষ করে, হোটেল থেকে চেক আউট করে আমরা বেরিয়ে পড়লাম হোয়াইট হাউসের পথে।
হোয়াইট হাউস দেখা ছুটলাম মার্টিন লুথার কিং মনুমেন্ট দেখতে। জুনের এই ভর দুপুরে আকাশে কাঠফাটা রোদ। গতকালের প্রবল বৃষ্টি শেষে আকাশ আজ মেঘ শুন্য, ঝকঝকে। সূর্য তার আলোকধারা এবং তাপ বিকিরণ করছে অকৃপণভাবে। এই পরিস্থিতিতে মনুমেন্টের সামনে সবাই মিলে গ্রুপ এবং একক ছবি তোলা হলো স্মৃতি ধরে রাখার উদ্দেশ্য। তারপর সবাই ছুটলাম স্টারবাক্সে, আইস কফি বা ঠান্ডা পানীয়ের সন্ধানে।
পরের গন্তব্য ক্যাপিটল হিল। যুক্তরাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশাসনিক ভবন। মার্কিন ক্যাপিটল শুধু একটি ভবন নয়, এটি মার্কিন গণতন্ত্রের প্রতিমূর্তি।
ভ্রাম্যমাণ বই ট্যুরের কাফেলা এগিয়ে চলেছে। আমাদের ব্যস্ত অনুষ্ঠানমালার পরবর্তী বিশেষ পর্ব হলো বই প্রদর্শনী, বই আলোচনা এবং ‘লেখক-পাঠক-সাংবাদিক’ আড্ডা। সেই পর্বটি শুরুর আগে আমাদের হাতে এখনো বেশ কয়েক ঘণ্টা সময় আছে।
আমরা স্থানীয় একটা ডেলিতে ঢুকে যার যার পছন্দমতো সালাদ ও মিনি স্যান্ডউইচ অর্ডার করে ফ্রেশ হতে গেলাম। এরই মাঝে খাবার চলে এল। ফটোসেশন, গল্প এবং খাওয়া-দাওয়ার পর সবার মধ্যে একটা তরতাজা ভাব ফিরে এল।
আমরা বেরিয়ে পড়লাম। পরবর্তী গন্তব্য ইউনিভার্সিটি ড্রাইভের জর্জ ম্যাশন ইউনিভার্সিটি। বিকেল চারটার নির্ধারিত সময়ে আমরা পৌঁছে গেলাম সেখানে। ইউনিভার্সিটি অডিটোরিয়ামের পেছনের বিশাল ওপেন পার্কিং লটে গাড়ি থেকে নামতেই দেখি ডিসি, ভার্জিনিয়া এবং মেরিল্যান্ড থেকে আগত প্রায় ৩০ জনের একটি গ্রুপ সেখানে অপেক্ষা করছেন আমাদের স্বাগত জানাতে।
মহামারি, মৃত্যু, লকডাউন, আইসোলেশনের ভয়াবহ সময় পার করে আমরা যেন নতুন এক বাস্তবতায় শামিল হলাম। নতুন এক পৃথিবীতে আমাদের দেখা হলো পুরোনো বন্ধুদের সঙ্গে।
শুরুতেই আনোয়ার ইকবাল ভাই ডিএমভি গ্রুপের পক্ষ থেকে আমাদের টিমকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানালেন। তাঁর স্বাগত বক্তব্যের পর ইব্রাহীম চৌধুরীর হাতে মাইক চলে গেল। এরপর পরিচিতি পর্ব শেষ হতেই পরিবেশিত হলো সমুচা, ছোলা, মুড়ি ও কুকিজ। সঙ্গে মিনারেল ওয়াটার, দুধ চা ও সুবীর কাস্মীর পেরেরা দাদার নিজ হাতে তৈরি স্পেশাল লেবু চা।
পরবর্তী পর্ব বুক ট্যুরের বই ‘করোনা মহামারি: ডেটলাইন নিউইয়র্ক’ নিয়ে ইব্রাহীম চৌধুরীর ব্যাখ্যা, বক্তব্য ও বুক সাইন।
বইটি মূলত করোনাকালীন নিউইয়র্কের খণ্ডকালীন একটি চিত্র। গত বছরের মার্চ থেকে মে এই সময় সবচেয়ে বেশি করোনা আক্রান্ত, এবং সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছিল নিউইয়র্কে। সেই সময়কেই লেখক মলাটবন্দী করেছেন।
এরই মাঝে দেখা গেল এক ভদ্রলোক ফুল হাতে এসেছেন। তিনি বীরপ্রতীক সৈয়দ মঈন উদ্দিন আহমেদ। উপস্থিত সবাই দাঁড়িয়ে তাঁর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করলাম।
অনুষ্ঠান শেষে রাত আটটায় সবাই এসে জড়ো হলাম আর্লিংটনের কাবাব কিং নামের একটি দেশি রেস্টুরেন্টে। ভার্জিনিয়ার ৫৭০১ কলম্বিয়া পাইক, ফলস চার্চ এলাকায় এর অবস্থান। সেখানে সবাই খুব তৃপ্তি নিয়ে খেলাম।
আমাদের ভ্রাম্যমাণ ‘বই-আড্ডা’ সফল হয়েছে। ডিসি, মেরিল্যান্ড এবং ভার্জিনিয়ার শিল্প সাহিত্যাঙ্গনের মানুষজনের প্রাণবন্ত ভালোবাসায় আমরা সত্যিই অভিভূত, আপ্লুত।
এবার বিদায়ের পালা। রাত ১০টায় কাবাব কিংয়ে ডিনার শেষ করে সবাই যার যার গন্তব্যে রওনা হলাম। আমার সর্বক্ষণের ভ্রমণ-সঙ্গী লিজা আর আমি পথ ধরলাম মেরিল্যান্ডের দিকে। সঙ্গে নিয়ে চললাম কিছু সুন্দর মুহূর্তের স্মৃতি।