হিলারিকে জয়ী করুন: ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিলাডেলফিয়ায় ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ছবি: এএফপি
ফিলাডেলফিয়ায় ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ছবি: এএফপি

নৈরাশ্যবাদ ও ভীতিকে প্রত্যাখ্যান করে হিলারি ক্লিনটনকে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে গতকাল বুধবার রাতে দেওয়া বক্তব্যে ওবামা এই আহ্বান জানান। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

হিলারির প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে ওবামা বলেন, ‘আমরা হিলারিকে জয়ী করব।’

ওবামা তাঁর ভাষণে হিলারির ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার জন্য তাঁর সাবেক পররাষ্ট্রমন্ত্রীর (হিলারি) মতো যোগ্য ব্যক্তি আর আসেননি।

রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে ডেমোক্রেটিক দলের হিলারিকে জয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানান ওবামা। তিনি বলেন, ‘আপনারা আমার জন্য যা করেছিলেন, হিলারি ক্লিনটনের জন্যও তা করুন। আপনাদের কাছে অনুরোধ, আমার মতো তাঁকেও জয়ী করুন।’

ওবামা তাঁর বক্তব্যে আমেরিকার ভবিষ্যৎ সম্পর্কে প্রত্যাশার এক চিত্র তুলে ধরেন। তিনি বলেন, ভোটাররা আশা ও ভীতির মধ্যে কোনো একটিকে বেছে নেওয়ার মুখোমুখি।

ট্রাম্পকে আক্রমণ করে ওবামা বলেন, ‘আমেরিকা তো এর মধ্যে বিরাট কিছু হয়েছে। শক্তিশালী হয়েছে। আমাদের শক্তিমত্তা, আমাদের বিশালতা যে ডোনাল্ড ট্রাম্পের ওপর নির্ভরশীল নয়, এ ব্যাপারে কথা দিচ্ছি।’

ট্রাম্পকে হুমকি হিসেবে বর্ণনা করেন ওবামা। তিনি বলেন, ট্রাম্পের জানা-শোনা নেই। নেই কোনো পরিকল্পনা।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, প্রেসিডেন্ট নির্বাচন শুধু দলীয় রাজনীতি বিষয় নয়; এটা আমেরিকার গণতন্ত্রের প্রকৃতিরও বিষয়। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের জন্য একটি পরীক্ষা বলে সতর্ক করেন ওবামা।

ওবামার বক্তব্য শেষ হলে সম্মেলনের মঞ্চে উঠে আসেন হিলারি। তাঁরা পরস্পরকে আলিঙ্গন করেন। হাততালি দেন। সম্মেলনে উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নেড়ে সম্ভাষণ জানান।

হিলারি আজ বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন গ্রহণ করবেন।

গত মঙ্গলবার হিলারিকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন দেয় তাঁর দল। এতে দেশটির ২৪০ বছরের ইতিহাসে এই প্রথম একজন নারী কোনো প্রধান রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেন।

চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের বিরুদ্ধে লড়বেন হিলারি।