
‘আশির দশকের মধ্যভাগে সালাউদ্দিন আমেরিকাতে আসে। সিলেটের এম সি কলেজে আমার সহপাঠী ছিল; কিন্তু হৃদ্যতা গড়ে ওঠে এই দূর প্রবাসে। বিয়ের পর সালাউদ্দিনের স্ত্রী আমেরিকায় আসলে সে মেরিল্যান্ডে চলে যায়। ১৯৯৭ সালের শেষের দিকে আবার নিউইয়র্কে ফিরে আসে। মেরিল্যান্ডের নৈর্ব্যক্তিক পরিবেশে আড্ডাবাজ সালাহউদ্দিন হাঁপিয়ে উঠেছিল। আমি তাকে ম্যারিয়ট ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হোটেলে কাজে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হই। পরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ১০৭ তলায় অবস্থিত ‘উইন্ডোজ অন দ্য ওয়ার্ল্ড’ রেস্টুরেন্টে সে কাজ পায়।
১১ সেপ্টেম্বর তারিখে সে তার শিফট পরিবর্তন করে। সাধারণত সে বিকেলের শিফটে কাজ করত। সালাউদ্দিনের স্ত্রী তখন সন্তানসম্ভবা ছিলেন। ১১ সেপ্টেম্বর বিকেলে তার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল। স্ত্রীকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য সালাউদ্দিন তার কাজ মর্নিং শিফটে নিয়ে আসে। আগেভাগেই কাজ থেকে ফিরে স্ত্রীকে নিয়ে তার ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল। তা আর হয়ে ওঠেনি।
ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধসে পড়েছে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর। শুধু আমেরিকা নয়, এর জের ধরে বদলে গেছে সারা বিশ্ব। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে নির্মিত হয়েছে আবার গগনচুম্বী টাওয়ার। পাশ দিয়ে যাই। দূর থেকে দেখি। সালাউদ্দিনকে মনে পড়ে।
সালাউদ্দিনের মেয়ে সাত বছর বয়সে পিতৃহারা হয়। ছেলে ফারকাত জন্ম নেয় সালাউদ্দিনের মৃত্যুর দুদিন পর, ১৩ সেপ্টেম্বর। মেয়ে ফাহিনা এখন নিউ
ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল রিলেশন্সে পড়ছে। ফারকাত ওকলাহোমায় হাইস্কুলে পড়ছে। সুদীপ্তা ভাবি সালাউদ্দিনের স্মৃতি আঁকড়ে ধরে বৈধব্যকে মেনে নিয়েছেন। বছর ঘুরে আসে অভিশপ্ত নাইন ইলেভেন। হতভাগ্য সালাউদ্দিনের আত্মার শান্তি কামনা করি এক চরম বিমূঢ়তায়।’ —এভাবেই নিউইয়র্ক প্রবাসী মামুনুর রশীদ চৌধুরী স্মরণ করলেন তাঁর বন্ধু সালাউদ্দিনকে।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কের টুইন টাওয়ার নামে খ্যাত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে নারকীয় সন্ত্রাসী হামলা হলো। হামলা হলো আমেরিকার সামরিক স্থাপনা পেন্টাগনে। জঙ্গিদের অভিনব এ হামলায় দুই হাজার ৯৯৬ জন নিহত এবং ছয় হাজারের বেশি আহত হয়েছিলেন। নিহত ব্যক্তিদের মধ্যে চারটি বিমানের ২৬৫ জন যাত্রী এবং ১৯ জন সন্ত্রাসীও ছিলেন। সাধারণ মানুষের সঙ্গে আগুন নির্বাপণ দলের ৩৪৩ জন কর্মী এবং টুইন টাওয়ারে হামলার দিন নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনীর ৭১ জন সদস্য ছিলেন।
আমেরিকার মাটিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হাওয়াই (দ্বীপপুঞ্জের) অঙ্গরাজ্যের পার্লহারবারে জাপানি বিমান হামলায়ও এত প্রাণহানি ঘটেনি। ১৯৪১ সনের ৭ ডিসেম্বর ভোরে ওই হামলায় সর্বমোট দুই হাজার ৪০৩ জন নিহত হন।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে কতজন বাংলাদেশি ছিলেন তার সঠিক সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ২০০৬ সালে ঢাকার ইংরেজি দৈনিক ডেইলি স্টার’এ প্রকাশিত এক নিবন্ধে সাবেক পররাষ্ট্রসচিব সৈয়দ মুয়াজ্জেম আলী উল্লেখ করেন, প্রথমদিকে তাঁরা শুনেছিলেন প্রায় ৫০ জন বাংলাদেশি নিখোঁজ রয়েছেন। তবে পরে এক ডজন বাংলাদেশি-আমেরিকান নিশ্চিত নিহত হওয়ার কথা জানা গেছে। ওই হামলার শিকার কাগজপত্রবিহীন কিছু বাংলাদেশির কর্মী ছিলেন। তাঁদের বন্ধু বা স্বজনেরাও ছিলেন কাগজপত্রবিহীন। অভিবাসন সমস্যায় জড়িয়ে পড়ার ভয়ে মৃত ব্যক্তিদের স্বজনেরা বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে জানাননি। ১১ সেপ্টেম্বর ঘটনায় বাংলাদেশি হতাহতের সংখ্যা কতখানি সঠিক সে ব্যাপারে কেউ নিশ্চিত নন।
এ হামলার জন্য সরাসরি মুসলমানদের দায়ী করা হয়। ফলে সারা আমেরিকাতেই মুসলিম সম্প্রদায় আমেরিকানদের চরম ক্ষোভ ও ক্ষোভের মুখে পড়ে। মুসলমানরা ঘৃণাজনিত অপরাধের (হেইট ক্রাইম) শিকার হন এবং কিছু বাংলাদেশি নিহতও হন।
মুসলিমবিরোধী ঘৃণা ও প্রতিহিংসা এতটাই প্রকট হয়ে উঠেছিল যে লম্বা দাড়ি ও মাথায় পাগড়ি বাঁধা শিখদের মুসলিম ভেবে হত্যা করা হয়। হামলার দিন পাকিস্তানি বংশোদ্ভুত ২৩ বছর বয়সী সিভিল ইঞ্জিনিয়ার স্বেচ্ছাসেবী হিসেবে কর্মরত মোহাম্মদ সালমান হামদানী নিখোঁজ হন। প্রাথমিক পর্যায়ে সন্ত্রাসী হামলার সঙ্গে হামদানী জড়িত বলে সন্দেহ করা হয়। তাঁর পরিবারের সদস্যরা নজরদারির মুখে পড়েন। ছয় মাস পরে নর্থ টাওয়ারের কাছে তাঁর দেহাবশেষ পাওয়া যায়। পাশেই পাওয়া যায় জরুরি চিকিৎসা সেবার সরঞ্জাম সংবলিত ব্যাগ। কেউই বুঝতে ভুল করেননি, হামদানী হামলায় বেঁচে যাওয়া আহতদের সেবা দেওয়ার কাজে সেখানে গিয়েছিলেন। হামদানী রাতারাতি জাতীয় বীরে পরিণত হন এবং রাতারাতি রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়।
শ্রীলঙ্কান মুসলিম নারী রাহ্মা স্যাইলি তাঁর ধর্মান্তরিত স্বামী মিখাইলের সাথে আমেরিকান এয়ারলাইন্সের একটি ভ্রমণ করছিলেন। তাঁদের বিমানটিও সন্ত্রাসী হামলায় ব্যবহার করায় তাঁরাও ওইদিন নিহত হন। প্রথমদিকে সন্দেহ করা হয়, তাঁরাও হামলার অন্যতম পরিকল্পনাকারী ছিলেন। পরবর্তীকালে প্রমাণ হয় ওই মুসলিম নারী সন্ত্রাসের সঙ্গে জড়িত ছিলেন না, বরং বিমান যাত্রী ছিলেন। তাঁর মা বলেন, ‘আমি সবাইকে জানাতে চাই, ওই নারী মুসলিম ছিলেন এবং আমরাও ওই নারকীয় হামলার শিকার।’
৯ / ১১ বাংলাদেশি-আমেরিকানদের জন্য ছিল দুর্ভাগ্যজনক ও হৃদয়বিদারক দিন। এর শিকার ছিলেন সাধারণ কর্মজীবী। রেস্টুরেন্টের ওয়েটার থেকে শুরু করে বিভিন্ন ধরনের পেশাজীবী। এর শিকার হন বাংলাদেশি শাকিলা। তিনি তাঁর স্বামী নুরুল হক মিয়ার সঙ্গে মারা যান। এ দম্পতি মাত্র এক বছর আগে বিয়ে করেছিলেন। শাকিলা টাওয়ারের ৯৩ তম তলায় কাজ করতেন। আর তাঁর স্বামী নুরুল হক মিয়া ৯৬ তম তলায় অডিও ভিজুয়্যাল বিভাগের পরিচালক হিসেবে একটি বৈঠকে ছিলেন। এ তলাগুলোই প্রথম হামলায় আক্রান্ত এবং ধূলিসাৎ হয়। শাকিল ও নুরুল ব্রুকলিনে বসবাস করতেন। ২০০৬ সনের ২৪ জুন ব্রুকলিনের ইভিংটন অ্যাভিনিউ এবং থার্ড অ্যাভিনিউ অংশবিশেষ তাঁদের দুজনের নামে নামকরণ করা হয়।
একই হামলায় নিহত হন রেস্টুরেন্টের ওয়েটার সাব্বির আহমেদ, কম্পিউটার প্রশাসক মোহাম্মদ শাহজাহান, সংবাদপত্র বিক্রেতা সাদিক আলী, আশফাক আহমেদ, নাবিদ হোসাইন, ওসমান গণি এবং ব্যাঙ্ক বিশ্লেষক আবুল কাশেম চৌধুরী। পরের মাসেই চৌধুরীর বিয়ে দিন ধার্য ছিল।
৯ / ১১ হামলায় মোট ৩২ মুসলিম টুইন টাওয়ারে মারা যান। এদের মধ্যে ছয়জন পাকিস্তানী, ছয়জন বাংলাদেশি, চারজন গিনির, দুইজন শ্রীলঙ্কান, দুইজন গাম্বিয়ান, দুইজন আইভরি কোস্টের এবং একজন করে ইয়েমেন, ইরান, ইথিওপিয়া, তুরস্ক, ত্রিনিদাদ, আলবেনিয়া, বার্মা, গ্রীস, ভারত ও টোবাগোর। মোট নিহতদের মধ্যে ১.০৭ শতাংশ ছিলেন মুসলিম। কাকতালীয়ভাবে সে সময় আমেরিকার মোট জনসংখ্যার ১.০৭ শতাংশ ছিলেন মুসলিম ধর্মালম্বী।
২০০১ সালের পর থেকে আমেরিকায় মুসলিম বিদ্বেষ তথা ঘৃণাপ্রসূত হামলার ঘটনা পাঁচগুণ বেড়ে যায়। মুসলিম মসজিদ ও ইসলামী সেন্টার আক্রান্ত হয়। মুসলমানরা রাস্তাঘাটে প্রকাশ্য এমনকি গুপ্তহত্যারও শিকার হন। সেপ্টেম্বর ১১ ঘটনার পর বদলে গেছে সারা বিশ্বের রাজনীতি। জঙ্গীবাদ নির্মূলের নামে আমেরিকার অভিযান শুরু হয়। আফগানিস্তান, ইরাক দখলের পর আজ পূর্ব পশ্চিমে ছড়িয়ে পড়া আধুনিক জঙ্গীবাদের উত্থানের মোড়টি এই নাইন ইলেভেন। এ হামলার পরিকল্পক হিসেবে চিহ্নিত বিন লাদেনের লাশ সাগরে ভাসিয়ে দেওয়া হয়েছে। তাঁর অনুসারীরা নানা নামে আজ ছড়িয়ে পড়েছে। পাশাপাশি জঙ্গীবাদের সাথে ধর্মের নাম এসে যাওয়ায় আজ পশ্চিমের দেশে দেশে মুসলমানরা নিগ্রহের শিকার হচ্ছে, বিদ্বেষের শিকার হচ্ছে।
নিউইয়র্কের বিশ্ববাণিজ্য কেন্দ্রের স্থাপনায় মিশে আছে সালাউদ্দিনের মতো প্রবাসীর দেহ। মিশে আছে আরও সব বাংলাদেশির স্মৃতি। ম্যানহাটনের দক্ষিণ প্রান্তের আকাশ ছোঁয়া নবনির্মিত টাওয়ার দেখিয়ে মামুনুর রশিদ চৌধুরীর মতো প্রবাসীরা বেদনার নিশ্বাসে উচ্চারণ করেন, ‘এখানে আমাদেরও রক্ত ঝরেছে! আমরাও এ বেদনার ক্ষত বয়ে বেড়াচ্ছি।’