আমাকে দেখেই আগামী প্রজন্ম রাজনীতিতে আগ্রহ পাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিলাডেলফিয়া সিটিতে সর্বস্তরের প্রবাসীদের সমাবেশে ড. নীনা
ফিলাডেলফিয়া সিটিতে সর্বস্তরের প্রবাসীদের সমাবেশে ড. নীনা

পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের লে. গভর্নর পদে ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক বাছাই নির্বাচনের মনোনয়ন লড়াইয়ে নামা বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ড. নীনা আহমেদ বলেছেন, ‘আমি বাংলাদেশি, আমি আপনাদেরই সন্তান। আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধ দেখেছি। তাই আমি কোনো ভয় পাই না। অন্যায়ের কাছে আমি কখনো মাথা নত করিনি। আপনারাই আমার সাহস। এই পদে থেকেই আমি কমিউনিটির কল্যাণে লড়তে চাই। আমাকে দেখেই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শিখবে এবং এই দেশের মূলধারার রাজনীতির সঙ্গে নিজেদের জড়াবে।’
১২ মার্চ ড. নীনার সমর্থনে ফিলাডেলফিয়া সিটিতে সর্বস্তরের প্রবাসীদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়। ‘আমেরিকান বাংলাদেশি কমিউনিটি অব ওয়েস্ট ফিলাডেলফিয়া’-এর ব্যানারে স্থানীয় ইন্ডিয়ান সিজলি রেস্টুরেন্টে এই সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোহাম্মেদ শহীদ। এতে সভাপতিত্ব করেন সমাজ সেবক মো. হারিস। বিশেষ অতিথি ছিলেন ড. জিয়াউদ্দীন আহম্মেদ, ডা. ফাতেমা আহম্মেদ, ডা. আবদুল মালেক, সমাজ সেবক মীর হোসেন ও সৈয়দ সিরাজ ।
নীনা বলেন, ‘বিগত সময়ে আমি আমেরিকার সরকারের নানা পদে ছিলাম। ২৫ বছর ধরেই আমি পেনসিলভানিয়ার প্রশাসনের নানা অন্যায়ের প্রতিবাদ করেছি, নাগরিকদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ে লড়েছি। এখন কমিউনিটির বিভিন্ন অসহায় নারীদের আর্থসামাজিক উন্নয়ন, স্বাস্থ্য সেবা, উচ্চশিক্ষার ব্যয় সংকোচন, স্কুলে শিক্ষার্থীদের নিরাপদ অবস্থান এবং ভবিষ্যৎ প্রজন্মের সঠিক দিকনির্দেশনা দেওয়ার জন্য পেনসিলভানিয়ার লেফটেন্যান্ট গভর্নর পদে লড়তে চাচ্ছি। তাই আপনাদের কাছে আমি আসন্ন প্রাথমিক বাছাইয়ে (দলীয় প্রার্থী বাছাইয়ের নির্বাচন) ডেমোক্র্যাট প্রার্থী হিসাবে ভোট কামনা করছি। আপনারা সাহস দিলে ও পাশে থাকলে এই জয় আমাদেরই হবে ইনশাআল্লাহ ।’
উত্তর আমেরিকায় নীরব সমাজকর্মী হিসেবে বহুল পরিচিত ও একাত্তরের শহীদ পরিবারের সন্তান জিয়াউদ্দীন আহম্মেদ বলেন, ‘আজ যেভাবে বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনেরা দলমতের ঊর্ধ্বে উঠে নীনার জন্য এগিয়ে এসেছেন তাতে আমি আশাবাদী নীনা, আগামী মে মাসের প্রাথমিক বাছাইয়ে তিনি জয়ী হবেন ইনশা আল্লাহ ।’
জিয়াউদ্দিন বলেন, ‘আজ শুধু পেনসিলভানিয়াই নয়, উত্তর আমেরিকার যেখানে বাংলাদেশি প্রবাসীরা আছেন, সেখান থেকে সবাই নীনাকে এই পদে দেখতে চান। প্রতিদিনই বিভিন্ন অঙ্গরাজ্য থেকে নীনার তহবিল সংগ্রহের জন্য আগ্রহ প্রকাশ করা হচ্ছে। আগামী ৩১ মার্চ নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইট্‌সে বিভিন্ন সংগঠনের উদ্যোগে একটি বড় তহবিল সংগ্রহ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে।’
মেধাবী বিজ্ঞানী হিসেবে উচ্চতর ডিগ্রি নেওয়া ড. নীনা ২৫ বছরের বেশি সময় ধরে অভিবাসী-সমাজের অধিকার ও মর্যাদা আদায়ের লড়াইয়ে মাঠে রয়েছেন। সব শ্রেণিপেশার মানুষের সঙ্গে সম্পর্ক গভীর হওয়ায় সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর সরকারে ড. নীনাকে এশিয়ান-আমেরিকান উপদেষ্টা পরিষদের সদস্য করেছিলেন। এরপর ফিলাডেলফিয়া নগরের ডেপুটি মেয়রের দায়িত্ব পালনকালেই কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট পিএ-১ থেকে নির্বাচন করার ঘোষণা দেন তিনি। পদত্যাগ করেন ডেপুটি মেয়রের পদ থেকে। এরই মধ্যে ড. নীনাকে ঠেকানোর চেষ্টায় তার কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট ভেঙে নতুন সীমানা নির্ধারণ করা হয়। এর মাধ্যমে ড. নীনার ভোট ব্যাংকে চিড় ধরানো হয় বলে অভিযোগ রয়েছে। এ অবস্থায় তিনি কংগ্রেসে প্রতিদ্বন্দ্বিতার আশা ছেড়ে দিয়ে আরও বড় পরিসরে অঙ্গরাজ্যের লে. গভর্নর পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন।