আমাজনের চোখ এখন ব্রুকলিনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইন শপিং প্ল্যাটফর্ম আমাজন নিউইয়র্কে তাদের দ্বিতীয় সদর দপ্তর প্রতিষ্ঠা করতে চেয়েছিল। কিন্তু স্থানীয়দের প্রতিবাদের মুখে তাদের ফিরে যেতে হয়। অবশ্য এতে আমাজনকে নিবৃত্ত করা যায়নি। তারা এবার নিউইয়র্ক নগরীর ব্রুকলিনে আসতে চাইছে। এ জন্য নানা ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা।

আমেরিকার দ্বিতীয় বৃহত্তম নিয়োগদাতা প্রতিষ্ঠান আমাজন। বিশ্বের অন্যতম সেরা এ কোম্পানি এখন নিউইয়র্কের ব্রুকলিনের সানসেট পার্ক এলাকায় ৩৫ একর জমির ওপর তাদের ব্যবসা প্রতিষ্ঠান চালু করার চেষ্টা করছে।
আমাজনের পছন্দের জমির মালিক কালমন ডলজিন রিয়েল এস্টেট। এই রিয়েল এস্টেট গ্রুপের কর্ণধার বলেছেন, তাদের এই জমি কেনার জন্য আরও অনেক কোম্পানি আগ্রহী। এসব কোম্পানির মধ্যে আমাজনকেই তাঁদের বেশি পছন্দ।

উল্লেখ্য, আমাজনের আরও ৫০ হাজার বর্গফুট এলাকা এই ডলজিন রিয়েল এস্টেট থেকেই নিয়েছিল। ফলে আবাসন প্রতিষ্ঠানটির সঙ্গে আমাজনের এক ধরনের বোঝাপড়া রয়েছে।

১৯৯৪ সালে চালু হওয়া ব্যবসা প্রতিষ্ঠান আমাজনের বর্তমান কর্মী সংখ্যা ৬ লাখ ৪৭ হাজার ৫০০। গত বছর নিউইয়র্কের কুইন্সে তারা তাদের দ্বিতীয় সদর দপ্তর খোলার চেষ্টা করে। সেখানে তারা আরও ২৫ হাজার কর্মীর কর্মসংস্থান করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। এ নিয়ে নগর কর্তৃপক্ষের সঙ্গে তাদের একটি চুক্তিও হয়েছিল। চুক্তি অনুযায়ী কর রেয়াতসহ আমাজনকে নানা ধরনের সুবিধা দেওয়ার কথা ছিল। কিন্তু স্থানীয় জনগণ আমাজনের নিউইয়র্কে আসা নিয়ে প্রতিবাদমুখর হয়ে ওঠে। এতে ডেমোক্রেটিক দলের নেতৃত্বও সমর্থন দেন। ফলে শেষ পর্যন্ত নানা বাধার মুখে আমাজন ও নগর কর্তৃপক্ষকে পিছু হটতে হয়।

এবার এ ধরনের কোনো চুক্তি ছাড়াই নিউইয়র্কে থাকা নিজেদের জমিকে কাজে লাগিয়ে প্রতিষ্ঠান গড়তে চাইছে আমাজন। নিউইয়র্কের বেথপেজে ১ লাখ ৬১ হাজার ৩৬০ বর্গফুট ও স্ট্যাটেন আইল্যান্ডে ৮ লাখ ৫৫ হাজার বর্গফুট জায়গা রয়েছে আমাজনের। এগুলোর পাশাপাশি তারা এখন ব্রুকলিনে জমি কিনতে চাইছে। কারণ, ব্যাপক জনপ্রিয়তা থাকায় ব্যবসার জন্য প্রতিষ্ঠানটি ব্রুকলিনকেই উপযুক্ত মনে করছে। তবে এখন পর্যন্ত আমাজন এ পথে ঠিক কতটা অগ্রসর হয়েছে, তা স্পষ্টভাবে জানা যায়নি।