আমাজনের দ্বিতীয় সদর দপ্তর নিউইয়র্ক হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাজন ইনকরপোরেশনের নতুন সদর দপ্তর নিউইয়র্ক সিটিতে স্থাপনের জন্য প্রতিষ্ঠানটিকে আকৃষ্ট করার চেষ্টা করছে শহর কর্তৃপক্ষ। সম্প্রতি আমাজন দ্বিতীয় সদর দপ্তর স্থাপনের ঘোষণা দেয়। এ বিষয়ে এরই মধ্যে ব্যাপক আগ্রহ দেখিয়েছে নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ।
নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ মনে করে, বিশ্ববিদ্যালয়, আবাসন, বিপুলসংখ্যক দক্ষ কর্মীবাহিনী থাকায় আমাজনের নতুন সদর দপ্তরকে আতিথ্য দেওয়ার মতো সব ধরনের সক্ষমতাই আছে নিউইয়র্কের। এ ক্ষেত্রে অ্যালফাবেট ইনকরপোরেশনের আওতাধীন গুগলের কার্যালয়ের উদাহরণও টেনেছে শহর কর্তৃপক্ষ। ম্যানহাটনে গুগল কার্যালয়ে বর্তমানে ৫ হাজার কর্মী কাজ করছেন। এ বিষয়ে এক সাক্ষাৎকারে নিউইয়র্ক সিটির উপমেয়র অ্যালিসিয়া গ্লেন ব্লুমবার্গকে বলেন, আমাজনকে আতিথ্য দেওয়ার মতো সব ধরনের সক্ষমতা আমাদের রয়েছে। আমাজন বর্তমানে বিজ্ঞাপন, প্রচারমাধ্যম, ফ্যাশন, খাদ্য ও আর্থিক খাতের প্রতিও আগ্রহী। আর নিউইয়র্ক এ ক্ষেত্রে তাদের সামনে সবকিছুর একটি পূর্ণাঙ্গ প্যাকেজ হাজির করতে পারে। এসব খাতে বিনিয়োগে আগ্রহী একটি প্রতিষ্ঠানের জন্য আগামী অন্তত ৫০ বছরের জন্য নিউইয়র্কই হতে পারে প্রথম পছন্দ।
এরই মধ্যে নিউইয়র্কের জমির মালিক, ব্যবসায়ী সংঘ, আবাসন খাতসহ সংশ্লিষ্ট সবার কাছ থেকে প্রস্তাব আহ্বান করেছে নিউইয়র্ক নগর কর্তৃপক্ষ। নিউইয়র্কের যেকোনো অঞ্চল থেকে প্রস্তাব পাঠানো যাবে। এসব প্রস্তাব পরবর্তীতে পর্যালোচনা করবে শহর কর্তৃপক্ষ। মূলত আমাজনের সামনে লোভনীয় একাধিক প্রস্তাব রাখতে চায় নিউইয়র্ক সিটি। তবে আমাজনকে আকৃষ্ট করতে কোনো প্রণোদনার চিন্তা করছে না শহর কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, সিয়াটলভিত্তিক প্রতিষ্ঠান আমাজন সম্প্রতি তাদের দ্বিতীয় সদর দপ্তর স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছে। নতুন এ সদর দপ্তর স্থাপনে ব্যয় করা হবে ৫ বিলিয়ন ডলারেরও বেশি, যা আগামী ১৫-১৭ বছরের মধ্যে অন্তত ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি করবে। আর এ পরিকল্পনা প্রকাশের পরই বেশ কয়েকটি শহর আমাজনকে আতিথ্য দিতে উঠে পড়ে লেগেছে। আমেরিকা ও কানাডার রাজনীতিকদের অনেকেই সরাসরি এ আগ্রহ প্রকাশ করেছেন। এ ক্ষেত্রে নিউইয়র্ককে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে বোস্টন, শিকাগোর মতো বড় শহরের সঙ্গে। প্রতিদ্বন্দ্বীর এ তালিকায় তুলসা, ওকলাহোমা ও টেনিসি অঙ্গরাজ্যের মেমফিসের মতো তুলনামূলক ছোট শহরগুলোও রয়েছে।
আমাজনের সদর দপ্তরের জন্য এ ইঁদুরদৌড়ে থাকতে হলে আগামী ১৯ অক্টোবরের মধ্যে প্রস্তাব পাঠাতে হবে। আর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তটি নেওয়া হবে আগামী বছর। আমাজনের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি মেট্রোপলিটন শহরে প্রতিষ্ঠানটি এর নতুন সদর দপ্তর স্থাপন করতে চায়, যেখানে জনসংখ্যা ন্যূনতম ১ মিলিয়ন। এ ছাড়া ওয়াশিংটন ও সিয়াটলের সঙ্গে সহজে যোগাযোগ করার সুবিধা রয়েছে এমন বিমানবন্দর থাকতে হবে শহরটিতে।
প্রযুক্তি শিল্পের কর্মীদের বেতন-ভাতা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান হায়ারড’র প্রধান নির্বাহী কর্মকর্তা মেহুল প্যাটেল বলেন, অনেকগুলো শহরই সদর দপ্তরের জন্য আমাজনকে আকৃষ্ট করার চেষ্টা করছে। এ ক্ষেত্রে সান ফ্রান্সেসকো ও নিউইয়র্ক কিছুটা পিছিয়ে আছে। কারণ এ দুই শহরেই আবাসনসহ সার্বিক জীবনযাত্রার ব্যয় অনেক বেশি। ফলে এ দুই শহরেই বেতন বাবদ বেশি অর্থ গুনতে হতে পারে। আর বর্তমানে প্রযুক্তি শিল্পের বড় বড় প্রতিষ্ঠানগুলো এখন ব্যয় সংকোচনের দিকে বেশি মনোযোগী। সান ফ্রান্সেসকো থেকে বেশ কয়েকটি প্রতিষ্ঠান অস্টিনের মতো শহরে স্থানান্তরিত হয়েছে। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এ বিষয়টি বিশেষ গুরুত্ব পেতে পারে আমাজনের কাছে। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানটি সবচেয়ে কম খরচে সবচেয়ে মেধাবী কর্মী পেতেই আগ্রহী হবে।
তবে তারপরও নিউইয়র্ক শহর কর্তৃপক্ষ এ বিষয়ে ব্যাপক আশাবাদী। এ আত্মবিশ্বাসের পেছনে শহরটির শক্তিশালী শিক্ষা কাঠামো, বৈচিত্র্যপূর্ণ ও দক্ষ কর্মীবাহিনী বিশেষভাবে কাজ করছে। এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যবসায়িক প্রতিষ্ঠানের কার্যালয় থাকাও এ ক্ষেত্রে নিজেদের সক্ষমতার প্রমাণ হিসেবে দেখাতে চাইছে নিউইয়র্ক। এ ক্ষেত্রে গুগলের সদর দপ্তরকে বিজ্ঞাপন হিসেবে উপস্থাপন করছে শহরটি।