আমাজনের দ্বিতীয় সদর দপ্তর সংক্ষিপ্ত তালিকায় নিউইয়র্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় সদর দপ্তর স্থাপনের ঘোষণা গত বছর দিয়েছিল অনলাইন মার্কেটিং সাইট আমাজন। এ জন্য বিভিন্ন শহর কর্তৃপক্ষের কাছ থেকে প্রস্তাব আহ্বান করে প্রতিষ্ঠানটি। এই আহ্বানে সাড়া দিয়ে প্রচুর প্রস্তাব জমা পড়েছিল, যার মধ্য থেকে প্রাথমিক বাছাই শেষে টেকে ২৩৮টি। আর এখন এই ২৩৮টি প্রস্তাবের মধ্য থেকে ২০টি প্রস্তাবকে চূড়ান্ত পর্যায়ের প্রতিদ্বন্দ্বী হিসেবে ঘোষণা করে সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আমাজন। এই তালিকায় রয়েছে নিউইয়র্ক শহরও।
নিউইয়র্ক শহর ছাড়াও সংক্ষিপ্ত এই তালিকায় রয়েছে আটলান্টা, অস্টিন, বোস্টন, শিকাগো, কলম্বাস, ডালাস, ডেনভার, ইন্ডিয়ানাপোলিস, লস অ্যাঞ্জেলেস, মিয়ামি, মন্টেগোমারি কাউন্টি, ম্যারিল্যান্ড, নাশভিল, নিউওয়ার্ক, নর্দার্ন ভার্জিনিয়া, ফিলাডেলফিয়া, পিটসবার্গ, টরোন্টো ও ওয়াশিংটন ডিসি। এই তালিকা থেকে একটিমাত্র ভাগ্যবান শহরকে বেছে নেওয়া হবে এ বছরেই। ভাগ্যবান বলা হচ্ছে, কারণ ৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ এবং ৫০ হাজার উচ্চ বেতনের চাকরির ক্ষেত্র সৃষ্টির যে ঘোষণা আমাজন দিয়েছে, তা যেকোনো শহরের জন্যই আশীর্বাদস্বরূপ।
১৮ জানুয়ারি সংক্ষিপ্ত তালিকা প্রকাশের সময় আমাজনের জননীতি বিভাগের হলি সুলিভান এক বিবৃতিতে বলেন, ‘২৩৮টি প্রস্তাবের মধ্য থেকে ২০ টিকে পৃথক করা খুবই কষ্টসাধ্য একটি কাজ ছিল। কারণ প্রতিটি প্রস্তাবই ছিল সৃষ্টিশীল ও আন্তরিকতাপূর্ণ। সদর দপ্তরের জন্য স্থান নির্ধারণের এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার কারণে আমরা উত্তর আমেরিকার বহু অঞ্চল সম্পর্কে নতুনভাবে জানা ও বোঝার সুযোগ পেয়েছি।’
বিবৃতিতে আমাজন জানায়, প্রস্তাব আহ্বানের সময় ঘোষিত শর্তের ওপর ভিত্তি করেই এই সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হয়েছে। সে সময়ই জানানো হয়েছিল যে সদর দপ্তরটি এমন এক অঞ্চলে হবে, যার খুব কাছাকাছি থাকবে আন্তর্জাতিক বিমানবন্দর, যার থাকবে প্রযুক্তি খাতে মেধাবীদের আকৃষ্ট করার ক্ষমতা এবং যেখানে থাকবে অন্তত ১ মিলিয়ন মানুষের বাস।
সিএনএন মানি’র এ বিষয়ক প্রতিবেদনে বলা হয়, সংক্ষিপ্ত এই তালিকায় থাকা অঞ্চলগুলো সম্পর্কে এখন আরও বিস্তৃত তথ্য সংগ্রহ করবে আমাজন কর্তৃপক্ষ। একই সঙ্গে সংশ্লিষ্ট অঞ্চলগুলো আমাজন এবং এর কর্মীদের কী ধরনের সুবিধা দেবে তাও বিচার করে দেখা হবে।
সংক্ষিপ্ত তালিকায় টরন্টো ছাড়া বাকি সব শহরই আমেরিকার। তবে আমাজনের দ্বিতীয় সদর দপ্তরকে আতিথ্য জানানোর দৌড়ে টরন্টো অনেকের চেয়েই এগিয়ে রয়েছে। কারণ শহরটি এরই মধ্যে আরেক প্রযুক্তি কোম্পানি অ্যালফাবেটের সাইডওয়াক ল্যাবের সঙ্গে কাজ করছে। অনেক বিবেচনাতেই এগিয়ে আছে নিউইয়র্ক শহর। বিশেষত শহর কর্তৃপক্ষ এ বিষয়ে বেশ আশাবাদী।
এদিকে সংক্ষিপ্ত তালিকা নিয়ে কিছু প্রশ্নও উঠেছে। কারণ আন্তর্জাতিক বিমানবন্দর থাকার শর্ত আরোপ করা হলেও সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছে কলম্বাস ও নাশভিলের মতো শহর, যেখানে কোনো বড় বিমানবন্দর নেই। বেয়ার্ড ব্যাংকের বিনিয়োগ বিশ্লেষক কলিন সেবাস্টিয়ান সিএনএন মানিকে বলেন, ‘এই দুটি ব্যতিক্রম ছাড়া সংক্ষিপ্ত তালিকায় কোনো বিস্ময় নেই। তবে হিউস্টন, ডেট্রয়েট ও মিনেপোলিসের নাম না থাকা আমাকে চমকে দিয়েছে।’
অনেকে এগিয়ে রাখছেন আটলান্টাকেও। এখানকার ট্রাফিক জ্যাম ছাড়া আর সবকিছুই আমাজনের সদর দপ্তর স্থাপনের জন্য আদর্শ। আরেক প্রতিদ্বন্দ্বী শহর হচ্ছে অস্টিন। এখানে ইতিমধ্যে রয়েছে অ্যাপল, গুগল, ফেসবুক ও মাইক্রোসফটের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানের কার্যালয়। রয়েছে ওয়াশিংটন ডিসি, এটি মেধাবী তরুণের সরবরাহ, রাজনৈতিক গুরুত্ব বহু দিক থেকেই এগিয়ে আছে।
এদিকে ৭ বিলিয়ন ডলার পর্যন্ত কর রেয়াত সুবিধার ঘোষণা দিয়ে আলোচনায় ঢুকে পড়েছে নিউজার্সি ও নিউওয়ার্কও। আর নিউইয়র্ক কর রেয়াতসহ বিভিন্ন বিনিয়োগ সুবিধার প্যাকেজ ঘোষণা করেছে আমাজনের জন্য। শহরটিতে রয়েছে গুগলসহ গুরুত্বপূর্ণ বহু প্রযুক্তি কোম্পানির কার্যালয়। একই সঙ্গে রয়েছে অভিবাসনবান্ধব শহর হিসেবে খ্যাতিও, যা মেধাবী তরুণের জোগানের ব্যাপারে আমাজনকে আশ্বস্ত করতে পারে। ফলে নিউইয়র্ক শহর এ ক্ষেত্রে অনেকটাই এগিয়ে আছে। তবে শেষ ঘোষণাটি যেহেতু আমাজনই দেবে, তাই সে পর্যন্ত অপেক্ষা করাই ভালো। অন্তত নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো একটি শহর নয় বরং সংক্ষিপ্ত তালিকায় থাকা নিউইয়র্ক অঙ্গরাজ্যের যেকোনো শহরেই আমাজনকে স্বাগত জানাতে উদ্গ্রীব বলে জানিয়েছেন এক বিবৃতিতে।