আমাজনের সদর দপ্তর স্থাপন নিয়ে আন্দোলন
নিউইয়র্ক নগরীর ইতিহাসে সবচেয়ে বড় বিনিয়োগ করতে যাচ্ছে আমাজন—এই খবর এখন সবার মুখে মুখে। কিন্তু নতুন খবর হলো, শহরবাসীর অনেকেই চায় না আমাজন তাদের সদর দপ্তর এখানে স্থাপন করুক। মূলত মানবাধিকারকর্মীরাই এই আন্দোলনের সূচনা করেছে। এখন সেটা ছড়িয়ে পড়েছে সর্বত্র। শহরবাসী বিশেষ করে লং আইল্যান্ড সিটিতে, যেখানে আমাজনের স্থাপনের কথা রয়েছে, তার আশপাশের এলাকার অধিবাসীরা এই বিষয়ে এখন প্রতিবাদে মুখর। তাদের প্রতিবাদের কারণ, নিউইয়র্ক নগরীর বাসা ভাড়া এমনিতেই ক্রমাগত বাড়ছে। সাধারণ মানুষ বাসা ভাড়া সামাল দিতেই হিমশিম খাচ্ছে। এই
অবস্থায় আমাজনের অধীনস্থ ২৫ হাজার কর্মী ও তাদের পরিবারের সদস্যরা মিলে দুই লাখ মানুষ একই সঙ্গে এই শহরে ঢুকলে সেই ভাড়া বেড়ে যাবে বহুগুণ। তদুপরি শহরে যানজট বেড়ে যাবে। সাবওয়ে ট্রেনে ভিড় হবে প্রচণ্ড, নিউইয়র্ক নগরীর বিশৃঙ্খল পাতালরেল ব্যবস্থা তা কতটা সামাল দিতে পারবে, তা নিয়ে রয়েছে হাজারটা প্রশ্ন। এ ছাড়া অভিবাসীদের মধ্যেও শঙ্কা তৈরি হয়েছে। অভিবাসন এজেন্টরা (আইস পুলিশ) যে প্রযুক্তি ব্যবহার করে অবৈধ অভিবাসীদের আটক করে, তা সরবরাহ করে আমাজন। এই আমাজনের সদর দপ্তর নিউইয়র্কে স্থাপিত হলে এই ধরপাকড় বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
আমাজনের ৩৬০ কোটি ডলারের এই প্রকল্পে কুইন্স বরোর লং আইল্যান্ড সিটি ও তার আশপাশের অঞ্চল ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন আন্দোলনকারীরা। এর মধ্যে রয়েছে অ্যাস্টোরিয়া, সানিসাইড, উডসাইড, জ্যাকসন হাইটস, এলমহার্স্ট এলাকা। প্রতিটি শহরের কিছু সীমাবদ্ধতা আছে। এমনিতে বর্তমানে সাবওয়ে স্টেশন নিয়ে মানুষের অভিযোগের শেষ নেই। রাস্তায় যানজট এখন নৈমিত্তিক ঘটনা। বাড়ি ভাড়া বৃদ্ধির কারণে আয়ের অসমতা বাড়ছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গৃহহীন মানুষের সংখ্যাও। এই অবস্থার মধ্যে কেন নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও ও গভর্নর অ্যান্ড্রু কুমো আমাজনকে নিউইয়র্ক শহরে ঠাঁই দিতে চাইছেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ২৬ নভেম্বর ম্যানহাটনের আমাজনের স্টোরের সামনে আন্দোলনকারীরা মেয়র ও গভর্নরের বিরুদ্ধে স্লোগান দিয়েছে। তাদের দাবি, আমাজনকে আনতে রিয়েল স্টেট কোম্পানিরা নির্বাচনী প্রচারকালে মেয়র ও গভর্নরকে বিলিয়ন ডলার তহবিল দিয়েছে। কারণ আমাজন এলে সবচেয়ে বেশি লাভবান হবে এ খাতের প্রতিষ্ঠানগুলোই।
‘নিউইয়র্ক নগরীর অনেক স্কুল যেখানে অর্থাভাবে বন্ধ হয়ে যাচ্ছে, কোনো স্কুল ঠিকভাবে স্কুল সাপ্লাই দিতে পারে না, তারা কেন আমাজনের আগামী পাঁচ বছরের কর মওকুফ করে দিচ্ছে, এটা আমার মাথায় আসেনি। নিশ্চয়ই এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে।’ কথাগুলো বলছিলেন সামাজিক ও রাজনৈতিক সংগঠন ড্রামের মানবাধিকার কর্মী কাজী ফওজিয়া। তিনি আরও বলেন, ‘আমাজনের সিলিকন ভ্যালির অভিজ্ঞতা ভালো হয়নি। ফেসবুক, গুগল ও আমাজনের প্রধান কেন্দ্র স্থাপনের পর স্থানীয়দের অনেকেই ঘর-বাড়ির ভাড়া অস্বাভাবিক বেড়ে যাওয়ায় এলাকা ত্যাগ করেন। এমনকি অনেক আমাজন কর্মীকেও গাড়িতে রাতে ঘুমাতে হয়। এখন নিউইয়র্কেও এটাই ঘটবে। আগামী বছর বাসা ভাড়া এক লাফে ৪০০/৫০০ ডলার বেড়ে যেতে পারে, যা দেওয়ার ক্ষমতা বেশির ভাগ সাধারণ মানুষের থাকবে না। এ জন্যই আমাদের এই আন্দোলন।’
অতীতে জ্যামাইকার হিলসাইড এলাকায় এমন একটি ঘটনা ঘটেছিল। পরে আন্দোলনকারীদের দাবির মুখে কর্তৃপক্ষ ওই এলাকায় ৫০ হাজার বাড়ি করার পরিকল্পনা বাতিল করে। আন্দোলনকারী সংগঠনগুলোর মধ্যে রয়েছে ড্রাম, এলাইন, রিটেইল অ্যাকশন প্রজেক্ট, রিটেইল অ্যাকশন ইউনিয়ন মেইক দ্য রোড ও সোশ্যাল ডেমোক্র্যাটদের বিরাট বাহিনী।
কেউ কেউ বলেন আমাজন তাদের শিক্ষিত কর্মীদের অনেক টাকা বেতন দিলেও নিচের স্তরের কর্মচারীদের শোষণ করে। নিয়মবহির্ভূতভাবে তাদের বাড়তি কাজ করানো হয়। নিম্ন স্তরের অধিকাংশ কর্মচারী অনিবন্ধিত অভিবাসী হওয়ায় তাদের ইচ্ছেমতো খাটানো হয়। এর বিপরীতে প্রতিবাদ করার কোনো উপায় থাকে না তাদের। এমনকি যে প্রযুক্তি দিয়ে অবৈধ নাগরিকদের চিহ্নিত করা সম্ভব, সেটাও সরবরাহ করে আমাজন। এভাবে তারা নিজের কর্মচারীদেরই আমেরিকা থেকে বহিষ্কারে প্রশাসনকে সহায়তা করে।
এই আন্দোলনের সঙ্গে শুরু থেকেই রয়েছেন কংগ্রেসউইম্যান আলেক্সান্দ্রিয়া ওকাসিও কর্টেজ। ডেমোক্রেটিক দল থেকে নির্বাচিত হলেও তিনি সমাজতন্ত্রে বিশ্বাসী। বার্নি স্যান্ডার্স তাঁর গুরু। সিনেটর জেসিকা রামোসও এই আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা জানিয়েছে। তাঁরা মনে করেন, আমাজনের সদর দপ্তর স্থাপিত হলে লং আইল্যান্ড সিটিসহ আশপাশের এলাকা ক্ষতিগ্রস্ত হবে। ২০১১ সালে এই তারাই ওয়ালমার্টকে এই শহর থেকে সরে যাওয়ার জন্য আন্দোলন করেছিল। তাদের দাবির মুখে ২০১৩ সালে সমস্ত ওয়ালমার্টের শাখা নিউইয়র্ক নগরী থেকে সরিয়ে নেওয়া হয়।
আন্দোলনকারীরা মেয়র ও গভর্নরকে গণশত্রু হিসেবে আখ্যায়িত করছেন। ইতিমধ্যে কয়েকজন কাউন্সিলম্যান বলেছেন, মেয়র ব্লাজিও তাঁদের স্বাক্ষর স্ক্যান করে আমাজনকে এই শহরে আনার বিল পাস করেছে। আমাজনের কারণে যেসব মানুষ বাস্তুচ্যুত হবে তাদের দায়িত্ব কে নেবে? বাস্তুভিটার সংগ্রামে তাই তাঁরা লং আইল্যান্ড সিটির আশপাশের মানুষকে এগিয়ে আসতে বলছেন। তাঁদের দাবি, আমাজন প্রযুক্তি বিক্রি করবে ইমিগ্রান্ট পুলিশদের কাছে। অনেকটা সাইবার ইনফরমার হিসেবে কাজ করবে তারা আনডকুমেন্টেড মানুষদের বিরুদ্ধে। নিউইয়র্ক নগরীতে ‘জেন্ট্রিফিকেশন’ এর সুদূরপ্রসারী পরিকল্পনা থেকে মাঠে নেমেছে এই কোম্পানি।
সিয়াটলের মানুষ আন্দোলন করে আমাজনকে তাড়িয়েছিল। তাদের মেয়র জনগণের পক্ষে কাজ করেছিলেন। কিন্তু নিউইয়র্ক নগরীতে হয়েছে উল্টো ঘটনা। এখন সময়ই বলে দেবে আন্দোলনকারীরা কতখানি সফল হবে। তাদের দাবির কথা আলবেনি পর্যন্ত যাবে কিনা সেটাই এখন দেখার বিষয়।