আমাদের জশ ও অটিজম নিয়ে দুটি কথা

এপ্রিল মাসটি আমাদের জশ এবং তার মতো হাজারো অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার শিশুদের জন্য। এপ্রিল অটিজম সচেতনতার মাস।
জশ আমাদের একমাত্র সন্তান। এবার ছয় বছরে পড়ল। বেরহম দুনিয়ায় তার সংগ্রাম শুরু ১৮ মাস বয়স থেকে। তখন থেকেই সে ডায়গনোসড অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার শিশু।
কারও সঙ্গে সামাজিকতায় প্রথম যে কাজটি করি, জশ অটিজম শিশু সেটা সামনের ব্যক্তিকে অবগত করে রাখি যাতে, সে কোনো অবস্থাতেই জশের আচরণে অপ্রস্তুত না হয়। কমিউনিটির অনেক প্যারেন্টসকে দেখেছি বুদ্ধি বিকাশে অত্যন্ত ধীর বা সমস্যায় ভুগছে তাদের এমন শিশুর অটিজম সমস্যা আছে চিহ্নিত করতে বিব্রত হন।
গবেষকেরা বলে আসছেন, অল্প বয়সে এই সমস্যা বুঝতে পারলে এ ধরনের শিশুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব। দুই বৎসর পূর্বে আমেরিকায় অটিজম শিশুর হার ছিল প্রতি ৮৮ জনের মধ্যে একজন যা আজকের তারিখে বেড়ে দাঁড়িয়েছে প্রতি ৬৮ জনের মধ্যে একজন।
এই রোগের কারণ এখনো পরিষ্কার নয়। যখন কোনো শিশুর মধ্যে এ জাতীয় লক্ষণ চোখে পড়ে যেমন অন্যের প্রতি রেসপন্সিভ না হওয়া, ১২ থেকে ১৪ মাসের মধ্যে কোনো কিছু পয়েন্টিং না করা বা ওয়েভিং না করা, ১৬ থেকে ১৮ মাসের শিশুর মুখে শব্দ না ফোটা, ২৪ মাসের মধ্যে কোনো শিশুর ইমিটেইট করা বা কপি করার ক্ষমতা না হওয়া তবে বুঝতে হবে তার সাহায্যের প্রয়োজন।
এ ব্যাপারে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গেলে তারা এ রকম শিশুদের স্থানীয় অটিজম সার্ভিস প্রভাইডারদের কাছে রেফার করে থাকেন। টরন্টো শহরে লিডিং অটিজম সার্ভিস প্রভাইডার হিসাবে সরে প্লেইস ও জেনেভা সেন্টার উল্লেখ করার মতো। ব্যক্তিগতভাবে আমরা জেনেভা সেন্টারের সেবার সুবিধাভোগী। তাদের এবিএওআইবিএ প্রোগ্রামের মাধ্যমে আমাদের ৬ বৎসরের জশের বিহেভিয়র স্কিল এখন অনেক অনেক ইম্প্রুভ করেছে।
সব শিশুদের মধ্যেই সম্ভাবনা লুকানো থাকে, একটা চাহিদা থাকে, আমরা কি সেটা বুঝতে পারি? আমাদের এম্বিশনের বোঝা সব সময় শিশুদের ওপর চাপিয়ে দিই। ভুলে যাই সব শিশুর ওজন ওঠানোর ক্ষমতা এক নয়।
অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার শিশুরা, অনুভূতিহীন কোনো বস্তু নয়, তাদের অনুভূতি প্রকাশের ধরন আমাদের চেয়ে একটু ভিন্ন। তাদের প্রতি আমাদের সহনশীলতা ও সহমর্মিতা, অটিজম জয় করে এগিয়ে যাওয়ার প্রেরণার মলম হয়ে কাজ করতে পারে। হতে পারে তারা ও একদিন মিশে যাবে মূল স্রোতের ভিড়ে।
“শিশুর ব্যক্তিত্বের প্রতি বিশ্বাসী হোন, তার ওপর মাত্রাতিরিক্ত অভিভাবকত্ব করবেন না, শিশুর রাজ্যে অনধিকার প্রবেশ, তার মানসিকতার পক্ষে শুভ নয়”।