‘আমাদের টিকা কোথায়’
মিশিগান অঙ্গরাজ্যে গতকাল রোববার পর্যন্ত করোনাভাইরাসে ১২ হাজার ৭৪ জন মানুষের মৃত্যু হয়েছে। করোনা সংক্রমিত মানুষের সংখ্যা ৪ লাখ ৬০ হাজারের বেশি। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হয়েছে।
রাজ্য কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, ছুটির মৌসুমে প্রাণহানির সংখ্যা আরও বাড়বে। পাশাপাশি সংক্রমণ আরও বেশি ছড়িয়ে পড়তে পারে।
এদিকে, কোভিড-১৯ মোকাবিলার জাতীয় কৌশল না থাকায় মিশিগানের গভর্নর গ্রিচেন হুইটমার দীর্ঘদিন ধরেই ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সমালোচনা করছেন। গত শুক্রবার সংবাদ সম্মেলনেও তিনি ফেডারেল সরকারের সমালোচনা করেন। তিনি যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য অধিদপ্তর ও মানব সেবাদান বিভাগের সচিব অ্যালেক্স আসারের কার্যালয়ে কল করে বলেন, ‘আমাদের টিকার ডোজগুলো কোথায়? এগুলো কী ধরে রেখেছেন? আমরা কখন পাব?
হুইটমার বলেন, ‘আমি রেগে আছি। কারণ দুর্নীতি ও অদক্ষতার কারণে এ দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে।’ তিনি বলেন, রাজ্যগুলো টিকার জন্য প্রস্তুত হচ্ছে। তবে টিকার যে স্তরের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা তেমনভাবে আসছে না। কোভিড-১৯–এর টিকা আসতে দেরি হচ্ছে, এটি ফেডারেল ‘দুর্নীতি বা অদক্ষতা’।
হুইটমার বলেন, মিশিগান ফাইজারের তৈরি করোনার টিকার ডোজের অপেক্ষা করছে। কিন্তু ফেডারেল সরকার বিলম্ব করছে। এ জন্য তিনি ট্রাম্প প্রশাসনকে দায়ী করছেন।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের মতে, এক ডজনের বেশি রাজ্যকে বলা হয়েছিল, প্রাথমিকভাবে তাদের প্রত্যাশিত ডোজের চেয়ে তারা ফাইজার-বায়োএনটেকের টিকার তুলনামূলকভাবে কম পরিমাণে ডোজ পাবে।
বার্তা সংস্থার খবরে বলা হয়, ফাইজার বলছে, তাদের উৎপাদন স্তর বদল হয়নি। টিকার লাখ লাখ ডোজ সরবরাহের জন্য গুদামে অপেক্ষা করছে।
হুইটমার বলেন, ‘আমাদের হাসপাতাল ও নার্সিংহোম টিকা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। বাধা আসছে হোয়াইট হাউস থেকে। কেন এর উত্তর আমি পাই না!’
মিশিগান হেলথ অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের সিইও ব্রায়ান পিটারসন শুক্রবার এক বিবৃতিতে ফেডারেল সরকারের কাছ থেকে সুস্পষ্ট বক্তব্যের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা অধিদপ্তর থেকে ফাইজারের টিকার বরাদ্দ কমানোর বিষয়ে যোগাযোগ ও স্পষ্টতার অভাব দেখতে পাচ্ছি।’
ব্রায়ান বলেন, টিকার প্রাপ্তিতে যেকোনো বিলম্ব টিকার প্রক্রিয়া দীর্ঘায়িত করবে এবং স্বাস্থ্যসেবা কর্মীদের এই মারাত্মক রোগের সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে তুলবে।
করোনায় মিশিগানের শেরিফের মৃত্যু
মিশিগানের ওয়েইন কাউন্টির শেরিফ বেনি নেপোলিয়ন (৬৫) বৃহস্পতিবার করোনাভাইরাসে মারা গেছেন। কোভিড-19 এর সাথে লড়াই করে গত বৃহস্পতিবার না ফেরার দেশে চলে গেছেন।মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৬৫ বছর।
করোনা আক্রান্ত হয়ে নেপোলিয়ন গত মাসের শেষের দিকে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরিবার বলছে, তাঁর অনুমতি নিয়ে তাঁকে ভেন্টিলেটর দেওয়া হয়েছিল।