যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলকে বলেছেন, ‘আমাদের দুজনের মধ্যে অন্তত একটা ক্ষেত্রে মিল রয়েছে। তা হলো, আমাদের দুজনের ফোনেই আড়ি পাতা হয়েছে।’
হোয়াইট হাউসে গতকাল শুক্রবার ম্যার্কেলের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প এ কথা বলেন। ট্রাম্প এর আগে অভিযোগ করেন, নির্বাচনের আগে-পরে তাঁর ফোনে আড়ি পেতেছিল তাঁর পূর্বসূরি বারাক ওবামার প্রশাসন। কিছু গণমাধ্যমের খবর অনুযায়ী, একই প্রশাসন ম্যার্কেলের ফোনেও আড়ি পেতেছিল।
ম্যার্কেলের সঙ্গে বৈঠকে ট্রাম্প উত্তর আটলান্টিক অঞ্চলের সামরিক জোট ন্যাটোর প্রতি সমর্থন জানান। তবে বলেন, জোটের সদস্যদেশগুলোকে অবশ্যই ন্যায্য অংশীদারত্বের ভিত্তিতে ন্যাটোকে অর্থ দিতে হবে।
অভিবাসীদের প্রশ্নে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, অভিবাসন একটি বিশেষ সুবিধা, এটা কোনো অধিকারের বিষয় নয়। ট্রাম্প আরও বলেন, তিনি কারও থেকে বিচ্ছিন্ন হয়ে থাকায়ও বিশ্বাস করেন না। কিন্তু এটা বিশ্বাস করেন, পারস্পরিক বাণিজ্যনীতি ন্যায়সংগত হওয়া উচিত।
আর চ্যান্সেলর ম্যার্কেল বলেন, তিনি ও ট্রাম্প আফগানিস্তান পরিস্থিতি এবং সেই সঙ্গে দেশটিতে মার্কিন নেতৃত্বাধীন মিশনে জার্মানির অংশগ্রহণ অব্যাহত রাখা নিয়ে আলোচনা করেছেন।