আমাদের প্রাণের মেলা
খুব কাছাকাছি সময়ে নিউইয়র্কে অনুষ্ঠিত হয় দুটি বইমেলা; একটি হলো মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত নিউইয়র্ক বাংলা বইমেলা, আরেকটি হলো বুকএক্সপো আমেরিকা (BookExpo America)। দুটি মেলাতেই আমি যাই, একটি হলো আমার প্রাণের তাগিদে, আরেকটি হলো পেশার খাতিরে। দুটি মেলার মধ্যে কোনো তুলনা চলে না—তবে আমাকে যদি শুধু একটি বেছে নিতে বলা হয়, তবে আমি নিউইয়র্ক বাংলা বইমেলাকেই বেছে নেব।
প্রায় ২০ বছর আগের কথা। আমি তখনো আমেরিকায় আসিনি, কয়েক বছরের মধ্যেই আমার সুযোগ আসবে, তা জানতাম বলে সুযোগ পেলেই আমেরিকার বিভিন্ন বিষয়ে খোঁজখবর নিতে শুরু করি। অবাক হই সেখানকার মুক্তধারা আয়োজিত বাংলা বইমেলার খবর দেখে। প্রবাসে এত বড় একটি মেলার আয়োজন আমাকে সত্যিই অবাক করে। এ দেশে আসার পর খোঁজ নিই মুক্তধারার। পরিচিত হই বিশ্বজিত সাহার সঙ্গে। মনে আছে প্রথম সাক্ষাতেই তাঁর সঙ্গে বইমেলা নিয়ে কথা হলো। বিশ্বজিতের সঙ্গে আমার চেয়ে আমার সহধর্মিণীর সখ্য বেশি হয় সংগত কারণেই।
একটু খুলে বলি। তখন নিউইয়র্ক শহরে বাঙালি কমিউনিটি এত বড় হয়নি। বাঙালি গ্রোসারিসহ অন্যান্য ব্যবসা জ্যাকসন হাইটসেই সীমিত। তাই সময় করে সপ্তাহে একদিন জ্যাকসন হাইটসে যেতেই হতো। কেনাকাটার পর বাঙালি রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া আর মুক্তধারার বুক স্টোরে এক চক্কর, বই-ম্যাগাজিন ঘাঁটাঘাঁটি ও পছন্দের কিছু পেলে কেনাকাটা। (তখনো ইউটিউব সেভাবে চালু হয়নি) বুক স্টোর হলেও সেখানে থাকত ঢাকা থেকে প্রচারিত নাটকের ভিডিও ক্যাসেটের সমাহার। বিশ্বজিত ঠিকই মনে রাখতে পারতেন আমার সহধর্মিণী কোনো নাটকটি দেখেছেন আর কোনটি দেখবেন, তাঁর নাটক দেখার রুচিইবা কেমন। যাক সেটা ভিন্ন প্রসঙ্গ, বইমেলাতেই ফিরে আসি।
গত ২০ বছরে সব কটি বইমেলাতেই আমি উপস্থিত থেকেছি। উৎসাহের সঙ্গে অংশ নিয়েছি বই মেলা উপলক্ষে আয়োজিত প্যারেডে। বই মেলাকে আমরা বলি প্রাণের মেলা, আসলে আমার কাছে এই মেলাকে সাধারণ মেলার চেয়েও অনেকখানি বেশি বলে মনে হয়। বই বিক্রি, সাংস্কৃতিক অনুষ্ঠান, গুরুগম্ভীর আলোচনা, আবার হালকা মুক্ত আলোচনা, পুরস্কার প্রদান। নিউইয়র্ক ও আশপাশের অঙ্গরাজ্য থেকে দল বেঁধে বাঙালিরা আসেন এই বইমেলায়। পুরুষ ও মেয়েরা সবাই তাঁদের সাজ-পোশাকে একটা বাঙালিয়ানা রাখতে চান। এসব ছাড়াও মেলাকে ঘিরে প্রতিদিন বসে নানা রকমের আড্ডা; আড্ডা মানেই বাঙালির প্রিয় অনুষঙ্গ। তবে বর্তমানে যেখানে বইমেলাটি হচ্ছে, সেখানে পা-ছড়িয়ে আড্ডা দেওয়ার মতো জায়গার খুব অভাব। আর তাই আড্ডাটা চলে আসে রাস্তার পাশে ফুটপাথে। গতবার এ রকম একটা আড্ডার কথা আমার মনে থাকবে অনেক দিন। একজন-দুজন করতে করতে বেশ বড় আকারের জটলা তৈরি হলো। সেখানে অনেকেই নিজের অভিজ্ঞতা থেকে গল্প বলছিলেন আর নানা রকমের রসাত্মক চুটকি।
আমি ব্যক্তিগতভাবে এই মেলায় সমৃদ্ধ হয়েছি। প্রতি বছর মেলা উপলক্ষে বাংলাদেশ, ভারতসহ বিশ্বের নানা স্থান থেকে অনেক সাহিত্যিক, বুদ্ধিজীবী যারা এখানে আসেন তাঁদের সঙ্গে সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেয়েছি। তাঁদের মধ্যে কয়েকজন হলেন ভাষা সৈনিক আবদুল মতিন, আবদুল গাফফার চৌধুরী, আবদুল্লাহ আবু সায়ীদ, দিলারা হাশেম, শামসুজ্জামান খান, রামেন্দু মজুমদার, পূরবী বসু, ড. হুমায়ূন আজাদ, জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদ, আনিসুল হক, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ মজুমদার জয় গোস্বামীসহ আরও অনেকে। আমি নিজে একটু ঘরকুনো ধরনের মানুষ; তাই এই মেলার সঙ্গে কখনোই সরাসরি সম্পৃক্ত থাকতে পারিনি। তবে এই মেলাকে একঝাঁক তরুণ যাঁরা সার্থক করেন, তাঁদের ধন্যবাদ জানাতে চাই। প্রসঙ্গক্রমে নিউইয়র্কের আরও কিছু মেলার খবর আপনাদের দিতে চাই। প্রথমেই বলছিলাম, বুকএক্সপো আমেরিকার কথা। এটি হলো সারা আমেরিকার মেলা। আগে পর্যায়ক্রমে আমেরিকার বিভিন্ন শহরে অনুষ্ঠিত হতো, এখন অনেক দিন যাবৎই নিউইয়র্কে অনুষ্ঠিত হচ্ছে জ্যাকব জেভিট কনভেনশন সেন্টারের বিশাল পরিসরে। আসলে এটি হলো বইয়ের একটি বাণিজ্য মেলা। এটিতে প্রবেশের জন্য বেশির ভাগ ক্ষেত্রেই পয়সা দিয়ে নিবন্ধন করতে হয়। এখানে সরাসরি কোনো ভেন্ডার বই বিক্রি করে না। তবে বড় বড় প্রকাশনা সংস্থা এবং প্রতিষ্ঠান নানা ধরনের ব্যবসায়িক চুক্তি সম্পন্ন করে থাকে। এই মেলায় যারা যোগ দেন, তাঁরা হলেন মূলত বই বিক্রেতা প্রতিষ্ঠান, লাইব্রেরিয়ান, আমেরিকা ও আমেরিকার বাইরের প্রকাশকেরা। প্রকাশকেরা তাঁদের সর্বশেষ মুদ্রিত বই প্রদর্শন করেন, প্রকাশিতব্য বইয়ের তালিকা ও নমুনা সংস্করণ নিয়ে আসেন এবং বিনা মূল্যে বিতরণ করেন। তাঁরা লেখকদের তাদের কেন্দ্রে উপস্থিত করেন, আগতরা লেখকদের অটোগ্রাফ নিয়ে থাকেন। নানা ধরনের শিক্ষামূলক সেমিনার অনুষ্ঠিত হয়, কিছু থাকে বিনা মূল্য আবার কিছু থাকে দর্শনীর বিনিময়ে। প্রথমেই বলেছি, এটি একটি বাণিজ্যিক বই মেলা। তাই এখানে আমাদের মেলার মতো প্রাণের ছোঁয়া নেই।
এই মেলাটি ছাড়াও নিউইয়র্কে আরও কিছু নামকরা বই মেলা হয়ে থাকে, যেমন হারলেম বুক ফেয়ার। এই মেলা অনুষ্ঠিত হবে জুলাই ২০, কুইন্স বুক ফেয়ার জুলাই ১৩, ব্রুকলিন বুক ফেস্টিভ্যাল সেপ্টেম্বর ১৬ থেকে ২৩।
এবারের নিউইয়র্ক বইমেলা হলো ২৮তম বইমেলা, যা অনুষ্ঠিত হবে ১৮, ১৫, ১৬ ও ১৭ জুন জ্যাকসন হাইটসে অবস্থিত পিএস ৬৯–এ। আমার কাছে মনে হয়, যে পরিমাণ দর্শক সমাগম হয় সেই তুলনায় মেলার স্থানটি আকারে ছোট, অপ্রতুল। আর একটু বড় পরিসরে কোথাও যদি করা যেত, তবে খুব ভালো হতো। আরেকটি সীমাবদ্ধতা হলো, বইমেলায় অনেক ভালো ভালো সেমিনার ও অনুষ্ঠান হয়। আগে থেকে এসব অনুষ্ঠানের সময়সূচি জানা না থাকায় ঠিকমতো পরিকল্পনা করা যায় না, কখন কোনটাতে যাব। ভাবতে সত্যি গর্ব হয় এই নিউইয়র্ক, যাকে ১২০টি দেশের ভাষার শহর বলা হয়, সেখানে শুধু বাংলা ভাষায় রচিত বই নিয়ে বাঙালিদের মেলা বসে। আমি এই মেলার সার্বিক সাফল্য কামনা করি।
লেখক: কুইন্স পাবলিক লাইব্রেরি হলিস শাখার ম্যানেজার