আমাদের বীর, আমাদের গর্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভদ্রলোকের নাম জাহিদুল আবেদীন। আমার ছেলেদের পারসোনাল ফিজিশিয়ান বা সংক্ষেপে যাকে বলে পিসিপি। নিউইয়র্কে আসার পর থেকে গত সাড়ে ছয় বছরে তিনি সার্বক্ষণিক আমার ছেলেদের সব ডাক্তারি পরামর্শ দেন। সার্বক্ষণিক বলছি এই জন্য যে, ফোনেও তাঁকে পাওয়া যায়। এমন ডাক্তার বিরল। রোববার রাতে আমার বড় ছেলের একটা সমস্যার কথা বলতে ফোন করেছিলাম তাঁকে। তিনি শুরুতে ফোন না ধরলেও টেক্সট করেন। পরে ফোন করে কথায় কথায় জানতে পারি, উনি লং আইল্যান্ডে জুইশ হাসপাতালে এই মুহূর্তে দিনে দুই শিফটে প্রায় ষোলো ঘণ্টা কাজ করছেন। অথচ এর মধ্যে সামান্য সময় পেলে ওনার নিয়মিত রোগীদের সমস্যার কথা শুনতে ভুলছেন না।
জাহিদুল আবেদীন একজন প্রচারবিমুখ কাজের মানুষ। শ্রদ্ধায় মাথা নত হয়ে গেল, তাঁর সঙ্গে কথা বলে। আরও জানলাম, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামাদির অভাবে একই পিপিই গত তিন দিন ধরে পরে আছেন। জাহিদুল আবেদীনের মত বহু বাঙালি ডাক্তার, নার্স, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, পুলিশ, ফার্মাসিস্ট, অ্যাম্বুলেন্স ড্রাইভার এই মহামারিকালে ফ্রন্ট লাইন হিরো হিসেবে কাজ করছেন। বারো ঘণ্টা কাজের পরে হয়তো একটা ঠান্ডা পিৎজা আর কফি জোটে তাদের ভাগ্যে। হাতের ওপর মৃত্যু ঘটে একের পর এক মানুষের। বেশির ভাগ মানুষ মৃত্যুর আগে একজন সহৃদয় ডাক্তারের মুখ শেষবারের মতো দেখে চির বিদায় নেয়।
এদের বলা হয় কমিউনিটি হেলপার। আমার মতো যারা বাসা থেকে অনলাইন স্কুল করছে, তারা এই কমিউনিটি হেলপারদের অংশ। তবে স্কুল টিচারদের বাইরে গিয়ে কাজ করতে হয় না। এর বাইরে ফায়ার ফাইটার, পোস্টম্যান, ফার্মার সবাই কমিউনিটি হেলপার। এ দেশে প্রথম এটা জেনেছি, আমার ছেলের স্কুল থেকে। ওদের ভেতরে ভবিষ্যতের স্বপ্ন জাগিয়ে তুলতে, মানবতাবোধে দীক্ষিত করতে কমিউনিটি হেলপারদের সম্পর্কে পড়ানো হয়। এমনকি বাস্তবের কোন পুলিশ অফিসার কিংবা ফায়ার ফাইটারকে ক্লাসরুমে নিয়ে আসা হয়, খুদে ছাত্রদের উৎসাহিত করার জন্য। যেটা ওদের মূল্যবোধ সৃষ্টিতে সাহায্য করে।
এই কমিউনিটি হেলপারদের একটি বিরাট অংশ এবার করোনাভাইরাস মহামারিকালে সম্মুখযুদ্ধে লড়াই করছেন। এদের মধ্যে অনেকে দায়িত্ব পালন করতে গিয়ে করোনা আক্রান্ত হয়েছেন। নিউইয়র্ক পুলিশ বিভাগে কর্মরত জামিল সারোয়ার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সেরে উঠেছেন। কিন্তু, তাঁর মাধ্যমে করোনা আক্রান্ত হয়ে বাবা এখন মুমূর্ষু অবস্থায়। অধ্যাপক ও এনওয়াইপিডি পুলিশ কর্মকর্তা রাজুব ভৌমিক করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা করছেন।
নিউইয়র্কের বিভিন্ন হাসপাতালে নিয়মিত চিকিৎসা সেবা দিচ্ছেন এই শহরের জনপ্রিয় দুজন লেখক ডা. সিনহা মনসুর ও ডা. হুমায়ুন কবির। সিনহা মনসুরের সঙ্গে কথা হলো সোমবার সকালে। সারা রাত ডিউটি করে হাসপাতাল থেকে গাড়িতে বাসায় যাচ্ছিলেন। ওইটুকুই তাঁর ‘ফ্রি টাইম’ যাকে বলা হয়। তিনি আর সবার মতো জানালেন, করোনাভাইরাস থেকে বাঁচতে সবচেয়ে বড় চিকিৎসা যতখানি সম্ভব আইসোলেশনে থাকা। যেহেতু এই রোগের চিকিৎসা নেই। যদি কেউ মনে করেন, তার মধ্যে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিয়েছে, তবে তার আইসোলেশনের বিকল্প নেই। তাকে আলাদা রুমে, আলাদা খাবার দিয়ে রাখতে হবে। বারবার হাত ধুয়ে নিতে হবে ও চোখ-নাক-মুখে স্পর্শ করা নিষেধ। গ্লাস-প্লেট-চামচ-টাওয়েল আলাদা হবে। ঘরের মধ্যেও খুব কাছে দাঁড়িয়ে কথা বলা যাবে না। কাশি বা হাঁচি অবশ্যই কভার করতে হবে। জোরে কথা বলা যাবে না। কারণ, তাতে মুখ থেকে থুতু নির্গত হতে পারে। দিনে দুবার অন্তত সব আসবাবপত্র মুছে ফেলতে হবে। দরজার নব, ফ্ল্যাশ হ্যান্ডেল ব্লিচ ক্লিনার দিয়ে মুছে ফেলতে হবে।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় বয়স কম থাকলেও অনেক কিছু মনে আছে সিনহা মনসুরের। যুদ্ধের ভয়াবহতা বেড়ে গেলে নারায়ণগঞ্জ শহরে নিজেদের বাড়ি ছেড়ে গ্রামে চলে যায় তাঁর পরিবার। ওই স্মৃতির উল্লেখ করে সিনহা মনসুর বলেন, ‘তখন আমাদের লড়াই ছিল দৃশ্যমান শত্রুর বিরুদ্ধে। এখন আমাদের শত্রু অদৃশ্য। আর করোনাভাইরাস এমন একটি ভাইরাস, যা গত চার মাসে চার শ বার তাদের অ্যান্টিসেপটিক শেপ পরিবর্তন করেছে। কোন ওষুধ প্রয়োগ করলে সে নিজেকে পরিবর্তন করে ফেলে। এ জন্য, আমার মনে হয় এটি বায়োলজিক্যাল ওয়ারের জন্য মনুষ্য সৃষ্ট কিনা!

নাহিদ খান
নাহিদ খান

সিনহা মনসুরের মতো কথা বলেছিলাম ব্রঙ্কসে বসবাসকারী ডাক্তার নাহিদ খানের সঙ্গে। দুজনকেই জিজ্ঞাসা করেছিলাম, কীভাবে একজন সাধারণ মানুষ বুঝতে পারবেন, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন? তারা উভয়ই বললেন, জ্বর, শুকনো কাশি, গা ব্যথা, অবসন্নতা—এই উপসর্গগুলো বেশির ভাগ ক্ষেত্রে থাকে। তবে সবচেয়ে ভয়াবহ হলো শ্বাসকষ্ট। খাবার অরুচি, নাকে গন্ধ না পাওয়া, মুখে স্বাদ না পাওয়া, পেট ব্যথা, পেট খারাপ—এসবও হতে পারে। সবচেয়ে মজার ব্যাপার হল, এমনও রোগী আছে যার কোনো উপসর্গ নেই অথচ তিনি আক্রান্ত। আসলে করোনা রোগীর ক্ষেত্রে তিনটি ভাগ আছে—মাইল্ড, মডারেট ও সিভিয়ার। মাইল্ডের ক্ষেত্রে সুবিধা হলো রোগীর তেমন কোন সমস্যা হয় না। কারণ অনেক ক্ষেত্রে তিনি জানতেও পারেন না। তবে অসুবিধা হলো, তিনি অজান্তে অন্যদের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ করতে পারেন।
নাহিদ খানের কাছে জানতে চেয়েছিলাম, এ সময় সোশ্যাল মিডিয়া থেকে দুরে থাকবেন কিনা—এ নিয়ে তাঁর বক্তব্য, ‘আসলে সব সময় ভয়াবহতা নিয়ে ভাবতে থাকলে মানসিক ভারসাম্য রক্ষা কঠিন হয়। তাই সব সময়ই যে সবকিছু নিয়ে দুশ্চিন্তা করতে হবে তা নয়। হালকা ব্যায়াম করতে হবে, প্রার্থনা করা, গান শোনা, মুভি দেখা, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব—এদের সঙ্গে ভিডিও চ্যাট করা যায়। কথা বললে মনের উদ্বিগ্নতা দুর হয়।’
নাহিদ খান মনে করেন, ‘চলতি এপ্রিল মাস সবচেয়ে বিপজ্জনক মাস হবে। সর্বোচ্চ মৃত্যু সংখ্যা এই মাসে হবে বলে বিশেষজ্ঞরা ভাবছেন। এরপর হয়তো কার্ভটা ফ্লাট হতে থাকবে। তবে জুলাইয়ের আগে সবকিছু স্বাভাবিক নাও হতে পারে।’