আমাদের সঙ্গে হারিয়ে যাক আমাদের ভাষাও
একেবারে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার ঝুঁকির মুখে যেসব ভাষা আছে, সেগুলোকে রক্ষার কমবেশি প্রচেষ্টা হয়ে থাকে। কিন্তু যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের আদিবাসী আমেরিকানদের একটি ক্ষুদ্র গোষ্ঠী মাইদুদের ভাবনা একেবারে আলাদা। তারা চায় তাদের বিলুপ্তির সঙ্গে সঙ্গে হারিয়ে যাক তাদের ভাষাও।
প্রকৃতিনির্ভর মাইদুদের আশঙ্কা, তাদের ভাষা মানুষের অপকারের জন্য ব্যবহার করা হবে। এই দুর্ভাবনা থেকেই তারা চায় না এ ভাষা আর কেউ শিখুক।
মাইদু শব্দের অর্থ মানুষ। আর মাইদু ভাষা বলেন এমন মাত্র পাঁচজন এখন বেঁচে আছেন। এদের বয়সও ৮৭ থেকে ৯৩। অর্থাৎ এই ভাষা এখন নিশ্চিহ্ন হওয়ার পথে। ক্যালিফোর্নিয়ার জেনেসি উপত্যকায় বাস এ গোষ্ঠীর। এই এলাকাতে স্বর্ণ খনির লোভে ঊনবিংশ শতাব্দীতে সাদা চামড়ার ব্যবসায়ীরা আসে। বিপন্ন হয়ে ওঠে মাইদুদের প্রথাগত জীবন আর জীবিকা।
কয়েক শতাব্দী ধরে আমেরিকান আদিবাসীদের (যারা ইন্ডিয়ান হিসেবেও পরিচিত) বিষয়ে নিষ্ঠুর আচরণ করে বিভিন্ন সরকার। ষোড়শ শতকের শুরুতে ঔপনিবেশিক শাসক, বিভিন্ন অঙ্গরাজ্যের সরকার আদিবাসীদের মাথার জন্য পুরস্কার পর্যন্ত ঘোষণা করে। ১৮৫২ সালে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সরকার আদিবাসী মেরে তাদের মাথার ছাল জমা দেওয়া ‘শিকারিদের’ ১০ লাখ ডলার পরিশোধ করে। কী সংখ্যায় আদিবাসী হত্যা হয়েছিল—এ অঙ্ক তার একটা প্রমাণ। পাশাপাশি এদের ‘সভ্য’ বানানোর নানা প্রচেষ্টাও চলে। হাজার হাজার আদিবাসী শিশুকে জোর করে স্কুলে পাঠানো হয়। নিজের ঐতিহ্য ভুলিয়ে শেখানো হয় ইংরেজি ভাষা আর দেওয়া হয় ইউরোপীয় নাম। সংখ্যাগরিষ্ঠ, শক্তিমান অভিবাসীদের পীড়নের এ তিক্ত অভিজ্ঞতার কারণে মাইদুরা এখনো কাউকে সহজে বিশ্বাস করতে পারে না। ভাষার ব্যাপারেও একই অনুভূতি তাদের।
এ প্রজন্মের এক মাইদু তরুণী ট্রিনা ভাষা নিয়ে প্রবীণদের এই আগলে রাখার প্রবণতাকে ব্যাখ্যা করেন এভাবে: ‘মাইদু জাতিগোষ্ঠীর মানুষ বিশ্বাস করে, মানুষ জ্ঞানের ব্যবহার করেই সমৃদ্ধ হয়ে ওঠে। তখন জ্ঞানকে ভালোভাবে কাজে লাগানো তার দায়িত্ব হয়ে যায়। যাদের হাত ধরে জ্ঞান বিনিময় হয়, তাদের দায়িত্ব হয় যেন এর অপপ্রয়োগ না হয়। কারও ক্ষতির জন্য জ্ঞানের প্রয়োগ হলে যিনি সরাসরি এর প্রয়োগ করছেন, তিনি যেমন দায়ী হবেন, আবার যিনি জ্ঞানটি দান করেছেন তিনিও দায়ী থাকবেন।’ সূত্র: বিবিসি