আমার দেখা নিউইয়র্ক বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কে প্রায় দুই যুগ ধরে বার্ষিক বইমেলার আয়োজন হচ্ছে। ঢাকার বইমেলার বার্ষিক প্রথার বীজবপন করেছেন বাংলা একাডেমি চত্বরে প্রকাশক চিত্তরঞ্জন সাহা স্বাধীনতার পর পরই। তাঁর জ্যাঠাতো ভাই বিশ্বজিত সাহা খোলেন প্রথম বাংলা বুকস্টল জ্যাকসন হাইটসে। কয়েক বছর পরেই ধন্য জ্যেষ্ঠ ভাইয়ের পথ অনুসরণ করে তাঁর প্রণোদনায় শুরু হয় বার্ষিক নিউইয়র্কের বইমেলা।
চিত্তরঞ্জনের সঙ্গে আমার দেখা হয়নি। অনেক কথা শুনেছি। বিশ্বজিতের সঙ্গে পরিচয় হলো বাংলাদেশের প্রকাশক মহিউদ্দিন আহমদের মাধ্যমে। তিনি প্রকাশনা সংস্থা ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের মালিক। মুক্তধারার ছোট বুকস্টলের অনাড়ম্বর পরিবেশে বিশ্বজিত প্রথম দেখা-ই মন কেড়ে নিয়েছিলেন।
মুক্তধারা প্রতি বছর বইমেলার আয়োজন করে। বছর বছর আমন্ত্রণ পাই। অতীব উৎসুক ও তীব্র ইচ্ছা থাকা সত্ত্বেও নানা কারণে যাওয়া হয়ে ওঠেনি। অবশেষে বছর পনেরো আগে মনে হয় ২০০৫ বা ২০০৬ সালের দিকে আন্তরিক অনুরোধ জানালেন বিশ্বজিত, অন্যান্য আয়োজকদের সঙ্গে গলা মিলিয়ে এবার বইমেলায় হাজির হতেই হবে। যত ব্যক্তিগত বা পেশাগত কাজ থাকুক না কেন, বইমেলা অসাধারণ গতি পেয়েছে। জনপ্রিয়তা পেয়েছে। স্মরণ করিয়ে দিলেন, লেখক হিসেবে প্রতিটি লেখকের দায়িত্বশীলতা রয়েছে প্রকাশক ও পাঠকের মেলবন্ধনে যোগ দেওয়ার। শরিক হওয়ার।
এলাম নিউইয়র্কের বইমেলায়। উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে বিকেল সাড়ে চারটায়, জ্যাকসন হাইটসের একটি পাবলিক স্কুলে। আমি ওয়াশিংটন ডিসি থেকে ট্রেন ধরে নিউইয়র্কে নেমে সরাসরি ৭বি বা ৭এ ধরে জ্যাকসন হাইটসে চলে এসেছি। কয়েক মিনিটের হাঁটা পথ, ছিমছাম পরিবেশ। শনিবার ছুটির দিন। মেঘলা আকাশ।
স্কুলের দরজার মুখে পৌঁছতেই বেশ কিছু বাঙালি মুখ চোখে পড়ল। বুঝলাম, নির্ধারিত সময়ের আগেই সঠিক জায়গায় পৌঁছেছি। এখন বিকেল চারটা। অনুষ্ঠান শুরু হবে সাড়ে চারটায়। মুঠোফোনের প্রথা তখন শুরু হলেও হাতে হাতে তেমন ব্যাপ্তি পায়নি। আমার কাছেও ছিল না। ভাগ্য ভালো, ঢোকার মুখে সদা হাস্যোজ্জল বিশ্বজিত সাহা—‘আসতে অসুবিধা হয়নিতো আপনার।’
বিশ্বজিত আমাকে অনুষ্ঠান কক্ষে নিয়ে গেলেন। আমন্ত্রিত আগ্রহী অতিথিদের অনেকে ইতিমধ্যেই এসে গেছেন। হলের প্রায় তৃতীয়াংশ ভর্তি। একের পর এক অতিথি আসছেন। দূর দূরান্ত থেকে, ড্রাইভ করে। প্রায় সবার সঙ্গে রয়েছে স্কুলের নানা বয়সী ছেলেমেয়ে। উৎসুক ওদের দৃষ্টি।
নিউইয়র্কের সাংস্কৃতিক জগতের প্রায় প্রতিটি উজ্জ্বল জ্যোতিষ্কের সঙ্গে ব্যক্তিগত পরিচয় হলো। ‘প্রবাসী’ সম্পাদক সৈয়দ মোহাম্মদ উল্লাহ। ‘পরিচয়’ সম্পাদক নাজমুল আহসান, মনে পড়ে ‘বাঙালী’ সম্পাদক কৌশিক আহমেদের কথা। ছিলেন কবি বেলাল বেগ। বাংলাদেশ টেলিভিশনের সঙ্গে জড়িয়ে রয়েছে তাঁর খ্যাতি। ছিলেন নাট্যশিল্পী ঝরনা আপা, সাউদ চৌধুরী। ছিলেন কলামিস্ট ফেরদৌস সাজেদীন। ছিলেন কথা সাহিত্যের যুগল প্রতিভা জ্যোতিপ্রকাশ দত্ত ও পূরবী বসু। বাংলাভাষী বইপ্রেমীদের অপরূপ মিলন মেলা। মন কাড়ল।
উদ্বোধনী অনুষ্ঠান সমাপ্তির পর আমরা ঘুরে বেড়িয়েছি সাজানো স্টলগুলো। কথা বলতে বলতে গল্প করতে করতে। বইমেলা হলেও স্টলগুলোর মাঝে অল্পসংখ্যক শুধু বইয়ের স্টল। বেশির ভাগ শাড়ির স্টল, গয়নার স্টল। একটি বড়সড় পরিসরে সাজানো রয়েছে সিডির সম্ভার। সংগীতের সিডি। দর্শকদের মাঝে চাহিদা ওগুলোরই সবচেয়ে বেশি। চায়ের স্টল ছিল কি? মনে পড়ে না। কিন্তু হাতে হাতে মিষ্টি গুড়ের চা আমরা সবাই পেয়েছি।
আন্তরিক আলাপচারিতার মাধ্যমে বইপ্রেমী সবার সঙ্গে সবার পরিচিতি নিবিড় হলো। আন্তরিকতার সৌরভ চারদিক ছড়িয়ে। মনে হলো, হঠাৎ করে যেন ১৯৬০ সালের ঢাকার রমনা ময়দানের রমনা রেস্তোরাঁর সার্বজনীন চায়ের আড্ডায় ফিরে গেছি। ওয়াশিংটন ডিসি থেকে আমার আসা বৃথা হয়নি। বরং মুগ্ধময় তৃপ্তির উৎসে অবগাহন করছি।
জীবনের গতিপথে গতানুগতিক যান্ত্রিকতার শৃঙ্খলে বন্দী থেকে পরের পনেরো বছর ইচ্ছা থাকলেও, বিশ্বজিত সাহার আন্তরিক আমন্ত্রণ সত্ত্বেও নিউইয়র্কে যেতে পারিনি। ২০১৮ সালে ডক্টর নুরুন নবী হলেন যুগপৎ আহ্বায়ক ও সংগঠক। প্রবাসী বাংলার সাহিত্য ও সংস্কৃতির বিকাশ প্রক্রিয়ায় তাঁর অবদান অনন্য। স্বাধীন বাংলার মুক্তিযুদ্ধে তাঁর সংগ্রাম তাঁকে স্বাধীনতার ইতিহাসে ধরে রেখেছে। আদেশ এল অনুজপ্রতিম ডক্টর নুরুন নবীর কাছ থেকে। ‘উদ্বোধনী অনুষ্ঠানে যদি না আসতে পারেন, তবে পরের দিন সকাল এগারোটায় অবশ্যই আপনাকে থাকতে হবে বিলম্বিত প্রাতরাশ ও আড্ডায়।’
‘বিলম্বিত প্রাতরাশ’ শব্দ দুটির মাঝে চমক আছে। তুমুল আকর্ষণ মনে জেগে উঠল প্রত্যক্ষের প্রত্যাশায়। দেরি হবে ভেবে ট্রেন টার্মিনাল থেকে উবার ডেকেছি। চালক আমাকে দেখেই বাংলায় বললেন ‘বই মেলায় যাবেন। আমিও আসব। কিন্তু সন্ধ্যায়।’ খাঁটি পরিশীলিত বাংলায়। পথে সুন্দর সুন্দর কথা হয়েছিল নিউইয়র্কের বাঙালি সমাজের উত্থান-পতন নিয়ে।
‘বইমেলা সকাল হতে না হতে জমে উঠেছে। নিশ্চয়ই ভালো লাগবে আমাদের। দেখা হবে।’ তিনি চলে গেলেন নতুন কোন যাত্রীকে স্বাগত জানাতে। পরে আর দেখা হয়নি। প্রত্যাশা রেখেছি আবার তাঁর সঙ্গে দেখা হবে। ওর জীবনে গল্প নিহিত রয়েছে। দোরমুখে এবারেও দেখা বিশ্বজিত সাহার সঙ্গে। চিরাচরিত নিয়মে সদা ব্যস্ত। সহযোগীদের অনুরোধ করছেন বইয়ের প্যাকেটগুলো খুলতে। টেবিলে টেবিলে সাজাতে। দেখেই স্মিত হাসির অভ্যর্থনা। ‘চিনতে পারবেন না এই বইমেলা। বদলে গেছে।’
সারি সারি বইয়ের স্টল। টেবিল বসানো হচ্ছে। নামের ফলক সাজানো হচ্ছে। প্রদর্শনীর নানাবিধ সম্ভার মিলেমিশে প্রায় প্রতিটি স্টলে কর্মীরা ভারি ব্যস্ত। মধ্যস্থলে হাতুড়ি করাত নিয়ে তুমুল উৎসাহী তিন তরুণ লম্বা ফিতা দিয়ে আশপাশ মাপছে। আমার উৎসুক চোখে দেখেই প্রশ্নের আগেই জবাব এল, ‘এখানে লেখক কেন্দ্র বসবে। ওদের কাছ থেকে কথা শুনব আপন অনুভূতিতে।’
‘একটু এগিয়ে বামদিকে গেলেই পাবেন আড্ডার অঙ্গন।’ বিশ্বজিতের সহযোগী এগিয়ে এসে জানালেন। বিনয়ী গ্রন্থাগারিক।
আড্ডা জমে উঠেছে। তুমুল কথা হচ্ছে। ছোট পরিসরে প্রায় ২০-২৫ জন লেখক-পাঠক-প্রকাশক সম্মিলিত আড্ডা দিচ্ছেন। কেউ হাসির গল্প হয়তো বলেছেন। তুমুল হাসিতে ফেটে উঠেছেন উপবিষ্ট আড্ডাবাজেরা। আমিও একপাশে বসে পড়ে আড্ডায় শরিক হলাম। ড. নুরুন নবী চোখের ইশারায় স্বাগত জানালেন মৃদু হাসির দ্যোতনায়। দেরিতে এসে আড্ডা শুরু মিস করলেও শেষের রেশ ধরতে পেরেছি। খোশ গল্প, হাসি-ঠাট্টা। একের পর এক হয়েই চলছে। বক্তাদের অনেকেই চেনা মুখ। চিনি চিনি ভাব। কিন্তু পনেরো বছরের ব্যবধানে চেহারায় পরিবর্তন এসেছে তাঁদের, আমারও। কবি আমীরুল ইসলাম তুমুল সরব কণ্ঠগুলোর মাঝে। কবি হাবীবুর রহমান ছিলেন খেলাঘরের প্রতিষ্ঠাতা। তিনি তাঁর চাচা। আমার শ্রদ্ধাভাজন ভাইয়াও।
মূল মঞ্চ বসানো হয়েছে দোতলায়। দুই পাশের কাঠের সিঁড়ি দিয়ে ভারী পা ভেঙে ওপরে উঠতে হয়। দুপুর একটা থেকে নানাবিধ বক্তব্য ও আলোচনার অনুষ্ঠানসূচি ছাপানো হয়েছে এবং ইতিমধ্যেই বিলি হয়ে গেছে। অনুরোধ করে অবশ্য একটি কপি আমিও পেলাম।
অনুষ্ঠানসূচিতে বিষয়বস্তুর ব্যাপ্তি ও গভীরতায় মুগ্ধ হলাম। অনুষ্ঠানসূচিতে বিষয়বস্তু নির্বাচনে ও বক্তাদের আমন্ত্রণে আয়োজকবৃন্দ গভীর চিন্তাশীলতার পরিচয় দিয়েছেন। হুট-হাট করে অনুষ্ঠান সাজানো হয়নি। বরং বইকে চেনানো ও জানানোর উদ্দেশ্যে সুধীজনকে বইমুখী গড়ে তোলার জন্য সংগঠকদের নিভৃত প্রয়াস অনুভূত হয়েছে। প্রতিটি অনুষ্ঠান হৃদয়গ্রাহী। সুধীজনের মন কেড়েছে। বড় কথা প্রতিটি উপস্থাপক ও উপস্থাপিকা তৈরি হয়ে এসেছিলেন। তাঁরা বিষয়বস্তু জানতেন এবং অনুষ্ঠান সঞ্চালনে ছিলেন অভিজ্ঞ ও দক্ষ। মেলায় চাক্ষুষ পরিচয় হলো অনুজপ্রতিম প্রাবন্ধিক আহমাদ মাযহারের সঙ্গে। ওর গভীর মননশীল লেখার সঙ্গে আগেই পরিচিত ছিলাম। মুখোমুখি কথা হয়ে ভালো লাগল। দেখা হলো ‘কালি ও কলম’ সম্পাদক আবুল হাসনাতের সঙ্গে। বেঙ্গল ফাউন্ডেশনের বইগুলোর তত্ত্বাবধান করছিলেন। নতুন করে চিনলাম কথাসাহিত্যিক আনিসুল হককে।
পরের দিন রোববারও উপচে পড়া ভিড়, উৎসুক পাঠক। বই প্রীতি বেড়েছে। তুমুল ভিড়। বইয়ের স্টলগুলোর সামনে। থই থই থরে থরে নতুন নতুন বই সাজানো। নতুন বইয়ের ঘ্রাণ আলাদা। মনোমুগ্ধকর সুরভি। বইয়ের পাতা আঙুল দিয়ে ধীরে ধীরে উল্টিয়ে চোখ বুলিয়ে কয়েকটি পঙ্‌ক্তি পড়ে লেখকের বক্তব্য ধারণ করার পাঠক অনুভূতি ভিন্নতর মনোমুগ্ধকর।
পরিশেষে একটি মন্তব্য করব আগামী আয়োজনগুলোকে অধিকতর সমৃদ্ধ করার প্রয়াসে। বইমেলা হচ্ছে পাঠক, লেখক ও প্রকাশকদের মিলনমেলা। বন্ধুত্বের পরিবেশে একে অন্যজনকে চেনা, জানা ও পরিচিত হওয়া। সব দলের উপস্থিতি সমান প্রয়োজনীয় ও ততধিক গুরুত্বপূর্ণ। লেখক যতটা প্রাধান্য পাবে, ততটা প্রাধান্য পেতে হবে প্রকাশক ও পাঠকদের। তিনটি দল সমমানে ও সমমূল্যে উপস্থাপিত হলে প্রতিটি বইমেলার গুণগত সার্থকতা উৎকর্ষিত হবে। প্রকাশক, লেখক ও পাঠকের মিলিত প্রয়াসে ও নেতৃত্বে বইমেলা অধিকতর অর্থবহ হবে আগ্রহী পাঠকের হৃদয়ে। বইমেলা চিরজীবী হোক। ছড়িয়ে পড়ুক আমেরিকার প্রতিটি অঙ্গরাজ্যে। ওয়াশিংটন ডিসি শুরু করেছে, পথ অনুসরণ করুক শিকাগো, ফ্লোরিডা। জয়ী হোক বইমেলা।