আমার প্রবাস জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীর শাহনেওয়াজ
জাহাঙ্গীর শাহনেওয়াজ

১৯৭৯-৮০ সালে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হল ছাত্র সংসদের নির্বাচিত জিএস ছিলাম। একই বছর ইংরেজিতে স্নাতক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে সরাসরি চলে যাই আমার মা ও মাটির দেশ মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সন্দ্বীপে। সেখানে হাজি এ বি কলেজে লেকচারার হিসেবে যোগ দিই। এক বছর চাকরির মধ্যে এমএ ডিগ্রি নিই। তারপর ঢাকায় একটি টিউটোরিয়াল হোমে কিছুদিন কাজ করার পর বিক্রমপুরে লৌহজং কলেজ তথা কোরবান আলী কলেজে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দিই। সেখানে দুই বছর কাজ করার পর ঢাকার মতিঝিলে টিঅ্যান্ডটি কলেজে ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে যোগ দিই। ঢাকায় থাকা অবস্থায় Old student Association of CTG University (OSACU) বর্তমানে Ex students club of CTG University গঠন করি। আমি এই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি। ১৯৮৮ সালে বার–অ্যাট–ল’ পড়তে লন্ডন যাই। কিন্তু লিংকন ইনে আইন বিষয়ক পড়াশোনা এত বেশি ব্যয়বহুল যে, আমি আমার বাবার অন্তিম বাসনা ব্যারিস্টার হতে পারিনি। ইতিমধ্যে লন্ডন থেকে টেলিফোনে আমার সাইদা পারভীন আক্তার পলির (পরে আমার সহধর্মিণী) সঙ্গে পরিচয় হয়। তার প্রেমে পড়ে লন্ডনের স্বপ্ন চুকিয়ে বাবা–মায়ের অমতে বাংলাদেশে ফিরে আসি।
১৯৯২ সালের আগস্টে বাংলাদেশের প্রথম মহিলা সহকারী অ্যাটর্নি জেনারেল ও সাবেক সাংসদ হোসনে আরা আহসানের সফরসঙ্গী হিসেবে আমেরিকান বার অ্যাসোসিয়েশনের (এবিএ) আমন্ত্রণে একটি সেমিনারে যোগ দিতে ক্যালিফোর্নিয়া যাই। হলিউড আর লসঅ্যাঞ্জেলেসেরআবহাওয়া আমার এত ভালো লাগে যে, সেখানে স্থায়ী বসবাসের মনস্থির করলাম। কিন্তু বিধি বাম। আমার স্নেহের ছোট বোন নিউইয়র্কে বসবাসরত অন্তঃসত্ত্বা বোন সিক্তা প্রতিদিন আমাকে নিউইয়র্ক চলে আসার অনুরোধ করত। বোনের কান্না সহ্য করতে না পেরে নিউইয়র্কে চলে আসি, জানি না সেটি আমার কত বড় ভুল ছিল। প্রথমে আমি নিউজার্সির বার্লিনে একটি গ্রিক রেস্টুরেন্টে ডিস ওয়াসার হিসেবে কাজ শুরু করি। এরপর আরও ২/৩টি রেস্তোরাঁয় কাজ করি। ১৯৯৬ সালে মেট লাইফ একাডেমি থেকে গ্র্যাজুয়েশন করে Account Representative হিসেবে নিয়োগ পাই। প্রথম বছরেই LUTCF কোর্স শেষ, Eagle Award, Leaders’ conference, president’s conference ও Million Dollar Round Table (MDRT) মর্যাদায় অভিষিক্ত হই।
আমার প্রিয় কবি উইলিয়াম শেক্সপিয়ার তার বিখ্যাত ট্র্যাজেডি হেমলেট নাটকে বলেছেন,‘When sorrows come that come not in single spies but in Battalions. আমার সুদীর্ঘ ২৭ বছরের প্রবাস জীবনে এই বাণী চিরন্তন সত্য হিসেবে প্রতিফলিত হয়েছে। প্রথম ধাক্কা খাই আমার উকিল শেলটন ওয়াকারের কাছ থেকে। অবশ্য তার শঠতার জন্য তাকে দীর্ঘদিন জেলে থাকতে হয়েছে। তারপর একে একে বিপদগুলো ঘনীভূত হয়। ওয়ার্ক পারমিটের অভাবে Met life–এর লোভনীয় চাকরিটা চলে গেল। বন্ধুবর রেজাউল করিম ছগীর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতির সঙ্গে হৃদ্যতার কারণে যৌথভাবে একটি ব্যবসা শুরু করি। কিন্তু আমার মানসিক অসুস্থতার কারণে ব্যবসাটি বন্ধ করতে বাধ্য হই। আমরা দুজনে প্রায় ১০ হাজার ডলার লোকসান দিয়েছিলাম। আমি তখন ব্রুকলিনের বরো পার্কের 9th Ave. এবং 43rd st–এ ভাড়া থাকতাম। একদিন সন্ধ্যাবেলায় আমাদের অনুপস্থিতিতে বাসায় চোর ঢুকে নগদ ১০ হাজার ডলার ও ৩০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। ইতিমধ্যে আমার বাবা ১৯৯৯ সালে মারা যান। পৃথিবীর সবচেয়ে আপনজন জন্মদাত্রী মাও পৃথিবীর মায়া ত্যাগ করেন। দুঃখজনক হলেও সত্যি, গ্রিনকার্ড ছিল না বলে তাঁদের অন্তিম শয়নে ও দাফনে আমি থাকতে পারিনি। রবীন্দ্রনাথের একটি গানের কয়েকটি লাইন এই মুহূর্তে আমার কানে বাজে, ‘পিতামাতা ভ্রাতা সব পরিবার মিত্র আমার পুত্র আমার, সকলের সঙ্গে প্রবেশী হৃদয়ে তুমি আছো মোর সাথে’।
তখন আমার চরম আর্থিক অনটন। খাওয়ার টাকা নেই। বাড়ি ভাড়া বকেয়া পড়ে যায়। মনে পড়ে, বন্ধুবর রেজাউল করিম ছগীর ও নজরুল ইসলাম সেলিম বাজার দিয়ে আমার ফ্রিজ ভর্তি করে দেয়। আমার গড়া প্রাণপ্রিয় সংগঠন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কর্মকর্তা শুভানুধ্যায়ীরা আমার সাহায্যে এগিয়ে আসে। তারা আমাকে ব্যবসার জন্য কিছু টাকা ও একটি ডেস্কটপ কিনে দেয়। প্রবাসের অন্যতম পুরোনো এবং ঐতিহ্যবাহী সংগঠন সন্দ্বীপ অ্যাসোসিয়েশন আমাকে ২০০০ ডলার সুদমুক্ত ঋণ দেয়। তখন আমার মনে হয়েছে, ‘আপনারে লয়ে বিব্রত রহিতে আসেনি কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে’।
চরম আর্থিক অনটন ও মানসিক চাপের কারণে আমি Maniac Depression–এর রোগী হই। আমার Psychiatrist পরীক্ষা–নিরীক্ষার পর আমাকে Bipolar Disorder Patient হিসেবে Diagnosis করে Psychiatric Unit of Maimonides হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে প্রায় দুই মাস আমার চিকিৎসা চলে। এই সময়ে আমার প্রিয়তম সঙ্গী ডাক্তার রাম ডুবের অফিসে কাজ নেয় এবং ১৪ বছর ওই চাকরি করেন। ১৯৯৯ থেকে ২০০৮ সাল পর্যন্ত আমি বিভিন্ন মেয়াদে আটবার হাসপাতালে ছিলাম। গত ১০/১১ বছর ধরে আমি সুস্থ আছি।
১৯৯৩ সালের ১০ অক্টোবর Alumni Association of Chittagong University, North America AACUNA গঠন করি এবং প্রতিষ্ঠাতা সভাপতিসহ তিনবার সভাপতির দায়িত্ব পালন করি। বর্তমানে আমি সংগঠনটির প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছি। এ ছাড়া আমি আমেরিকা নগর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত আছি।
আমি Bangladesh, a Land of Beautiful Culture & Traditions–এর সম্পাদনার দায়িত্ব পালন করেছি। বইটি লিখেছেন ড. আবুল কাশেম। সাংস্কৃতিক সংগঠন শতদলের প্রধান উপদেষ্টা ও প্রধান সমন্বয়কারী। আমি দুই সন্তানের জনক। আমার ছেলে জুবায়ের নেওয়াজ প্রিতম Brooklyn College–এ Accounting–এ পড়েছে এবং IT শেষ করে চাকরির অপেক্ষায় রয়েছে। মেয়ে তানজিলা নেওয়াজ প্রিয়াঙ্কা ডবল মেজর Psychology ও Film–এ সিটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী।