নতুন শ্রমমন্ত্রী মনোনীত আলেকজান্ডার একোস্টা
আমার প্রশাসন নিখুঁতভাবে চলছে: ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মন্ত্রিসভার কয়েকজন সদস্যের মনোনয়ন এখনো সিনেটে পাস না হলেও, তাঁর প্রশাসন নিখুঁতভাবেই চলছে। গতকাল হোয়াইট হাউসে নিজের প্রথম একক সংবাদ সম্মেলনে নতুন শ্রমমন্ত্রী হিসেবে আলেকজান্ডার একোস্টার মনোনয়নের কথা জানিয়ে এ মন্তব্য করেন তিনি। এতে তিনি নিজের প্রশাসনের গত কয়েক সপ্তাহের কার্যক্রমের প্রশংসার পাশাপাশি যুক্তরাষ্ট্রের আগের প্রশাসন এবং প্রচারমাধ্যমের তীব্র সমালোচনা করেন। রাশিয়ার সঙ্গে আইনবহির্ভূত যোগাযোগের জেরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ফ্লিনের পদত্যাগের ঘটনায় ট্রাম্প বলেন, ফ্লিন একজন ‘অসাধারণ মানুষ’ এবং সংবাদমাধ্যম তাঁর সঙ্গে ‘অন্যায়’ আচরণ করেছে। সংবাদমাধ্যমের অসততা ‘নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে’ বলেও মন্তব্য করেন তিনি। জনগণ তাদের আর বিশ্বাস করে না। আর রাশিয়ার সঙ্গে তাঁর প্রশাসনের কর্মকর্তাদের গোপন যোগাযোগের খবরকে ‘তামাশা’ বলে উড়িয়ে দেন ট্রাম্প।
পূর্বসূরিদের বদৌলতে যুক্তরাষ্ট্র ও বহির্বিশ্বে তাঁকে একটি ‘বিশৃঙ্খল পরিস্থিতি’ সামলাতে হচ্ছে বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, তাঁর প্রশাসন ‘নিখুঁতভাবে সেট করা যন্ত্রের মতো’ কাজ করে চলেছে।
এর আগে গত বুধবার শ্রমমন্ত্রীর পদে ট্রাম্পের মনোনীত অ্যান্ড্রু পাজডার নিজেকে ওই পদ থেকে প্রত্যাহার করে নেন। অবৈধ অভিবাসীকে নিজের গৃহপরিচারিকা হিসেবে রেখেছিলেন পাজডার, এমন তথ্য প্রকাশিত হওয়ার পর তাঁর বিরুদ্ধে বিস্তর সমালোচনা শুরু হয়। শুধু ডেমোক্র্যাটরা নয়, নিজ দল রিপাবলিকান পার্টির অনেক সিনেটর তাঁর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেন। প্রায় ১২ জন রিপাবলিকান সিনেটরের সমর্থন হারান পাজডার। সিনেটে শুনানির এক দিন আগে নাম প্রত্যাহারের ঘোষণা দেন তিনি। তাঁর এ পদক্ষেপ ট্রাম্প প্রশাসনের জন্য আরেকটি ধাক্কা বলে বিবেচনা করা হচ্ছে।
একটি চেইন ফাস্ট ফুড কোম্পানির সিইও পাজডার শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানোর বিরোধী। কর্মচারী ঠকানো, তাঁর রেস্তোরাঁর কর্মী ও নারীদের নিয়ে বিরূপ মন্তব্য করেও সমালোচিত হয়েছেন তিনি।
সিএনএন জানিয়েছে, হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসারের দিনও হয়তো ঘনিয়ে আসছে। প্রতিবেদনে বলা হয়, শনকে একই সঙ্গে ট্রাম্পের বিতর্কিত কাজের সমর্থনে বক্তব্য দিতে হচ্ছে, আবার তাঁকে খুশিও রাখতে হচ্ছে। আর ট্রাম্পের চিফ অব স্টাফ রিন্স প্রিবাস হোয়াইট হাউসের বিশৃঙ্খলা সামাল দিতে ব্যর্থ হয়েছেন বলে আলোচনা রয়েছে।
এদিকে ট্রাম্পের সহযোগীদের কথিত রুশ সম্পৃক্ততা নিয়ে সোচ্চার হচ্ছেন রিপাবলিকান পার্টির অনেকে। তাঁরা এই অভিযোগের ব্যাপারে কংগ্রেসের বিস্তারিত তদন্ত দাবি করেছেন। এই তালিকায় আছেন দলের জ্যেষ্ঠ সিনেটর জন ম্যাককেইন। ডেমোক্র্যাটরা এক ধাপ এগিয়ে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছে।