আমার বাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার বাড়ি যে চিকলীর পাড়ে, আমি কি ভুলে গেছি?

আনিস আমার বন্ধু ছিল, আমি কোনো দিন ভুলে যাব?
গ্রামের পথে গাড়ির চাকার আঁকাবাঁকা দাগ
শ্মশানের চারপাশে পোড়া কাঠ খড়ি
ছড়ানো ছিটানো হাড়, আমি কি ভুলে গেছি?

আমি কি ভুলে গেছি বদরগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়,
ডাকবাংলার কিচির মিচির আর ভাঙা ভাঙা পাখিদের ছায়া, হক সাহেব
মমিন চৌধুরী আর মিজান স্যারের নীরব স্নেহের কথা?

আমি কি ভুলে গেছি ডালে ডালে বসে থাকা
হলুদ পাখিটার কথা, কেন যে আমাকে দেখলেই
পাখিটা উড়াল দিত?

আমি কি ভুলে গেছি, ঘন বরষায় মাথা উঁচু করে থাকা
সোনালি আঁশের ক্ষেত, মাইক বাজিয়ে ঘাটিয়ালের হালখাতা,

আমি কি ভুলে গেছি, কোন মাসে সরস্বতী পূজা?
আমি কি ভুলে গেছি যাত্রা নায়কের রকমারি জামা, আর
শেষ রাতে বাংলা বিহার ওডিশার শেষ নবাবের শেষ আর্তনাদ?

আমি তো দেখেছি সারি সারি পিঁপড়ার দল
কি অলীক ঐক্যে উঠে গেছে ঢিবির উপর।

আমার তো মনে আছে পায়রাবন্দ, বেগম
রোকেয়ার বাড়িঘর
আমার তো মনে আছে তাজহাট জমিদারবাড়ি,
‘রঙ্গপুর বার্তাবহ’;
আমার তো মনে আছে ক্ষুদিরাম, সূর্য সেন, তিতুমীরের বাঁশের কেল্লা
আমার তো মনে আছে নূরল দীনের কথা...

তোমরা সবাই লেখি রাখেন বাহে
মোর বাড়ি বদরগঞ্জ
রংপুর জেলা..

পূর্ব বাংলার প্রথম পত্রিকা: ‘রঙ্গপুর বার্তাবহ’ প্রকাশকাল ১৮৪৭।