আমার বিরুদ্ধে তদন্ত হচ্ছে না: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দৃঢ়তার সঙ্গে বলেছেন, তাঁর বিরুদ্ধে তদন্ত হচ্ছে না।
গতকাল বৃহস্পতিবার এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন ট্রাম্প। আজ শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) পরিচালকের পদ থেকে জেমস কোমিকে বরখাস্ত করার সিদ্ধান্ত এককভাবে নিয়েছিলেন বলে জানান ট্রাম্প।
গত মঙ্গলবার আকস্মিকভাবে এফবিআই-প্রধান কোমিকে পদচ্যুত করেন ট্রাম্প। পদচ্যুতির কারণ হিসেবে কোমির নেতৃত্বের ব্যর্থতার কথা উল্লেখ করা হয়।
গত বছরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার কথিত হস্তক্ষেপের অভিযোগ তদন্তে নেতৃত্ব দিচ্ছিলেন কোমি।
এফবিআইয়ের তদন্তকে ‘ভণিতা’ বলে অভিহিত করেছেন ট্রাম্প।
রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে তদন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এফবিআইয়ের ভারপ্রাপ্ত পরিচালক অ্যান্ড্রু ম্যাকাবে।
কোমি বরখাস্ত হওয়ার পর প্রথম সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তাঁর বিরুদ্ধে তদন্ত হচ্ছে কি না, তা জানতে চেয়েছিলেন তিনি। জবাবে এফবিআইয়ের তৎকালীন প্রধান ‘না’ সূচক উত্তর দিয়েছিলেন।
ট্রাম্প বলেন, ‘আমি বলেছি, যদি সম্ভব হয়, আপনি আমায় বলুন যে, আমি তদন্তের অধীনে কি না?’
ট্রাম্পের ভাষ্য, তাঁর প্রশ্নের জবাবে কোমি বলেছেন, ‘আপনার বিরুদ্ধে তদন্ত চলছে না’।
সাক্ষাৎকার ট্রাম্প জোর দিয়ে বলেন, ‘আমি জানি, আমার বিরুদ্ধে তদন্ত হচ্ছে না।’
কোমিকে বরখাস্ত করার চিঠিতেও একই দাবি করেন ট্রাম্প।
ট্রাম্পের ভাষ্য, কোমির নেতৃত্বে এফবিআইয়ে ঝামেলা চলছিল। নিজের সিদ্ধান্তে তাঁকে বরখাস্ত করেছেন তিনি।