আমার স্বপ্ন আরও অনেক দূরে: হেলাল শেখ

সিটি কাউন্সিল প্রাথমিক নির্বাচনে পরাজয়ই শেষ নয়, বরং শুরু হলো মূলধারার রাজনীতিতে বহুদূর যাওয়ার পথচলা। গত ৮ অক্টোবর সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় সম্প্রতি সিটি কাউন্সিল নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির বাছাইপর্বে পরাজিত প্রার্থী হেলাল এ শেখ এ কথা বলেন।
জ্যাকসন হাইটসের একটি পার্টি সেন্টারে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতিসংঘ বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেন, হেলাল শেখের নির্বাচনী প্রচারাভিযানের ব্যবস্থাপক টায়লার এডরিস, মাঈশা শেখ, মালিহা শেখ প্রমুখ। উপস্থিত ছিলেন কমিউনিটি বোর্ড মেম্বার মোহন গাওয়ালী, কবির চৌধুরী, মঈনুল হোসেন, মইনুল ইসলাম প্রমুখ।
লিখিত বক্তব্যে হেলাল শেখ ১৭ বছর বয়সে তাঁর আমেরিকায় আসার স্মৃতি রোমন্থন করে বলেন, তখন থেকেই তাঁর মনে বড় হওয়ার স্বপ্ন ছিল। তাঁর সেই স্বপ্ন জীবনের মতো লম্বা। সেই স্বপ্নের পথ ধরেই তিনি হাঁটছেন।
মূলধারার রাজনীতিতে যুক্ত হওয়ার কারণ উল্লেখ করে হেলাল শেখ বলেন, বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা দিন দিন বাড়লেও মূলধারার রাজনীতির সঙ্গে বাংলাদেশিদের উপস্থিতি একেবারেই নগণ্য। অথচ আমাদের রয়েছে অপার সম্ভাবনা। তিনি এই পরাজয়কে সামনে এগিয়ে যাওয়ার শিক্ষা ও প্রেরণা হিসেবে বিবেচনা করেন এবং ভোটারদের পরিসংখ্যান তুলে ধরে বলেন, তাঁর নির্বাচনী এলাকায় ৪৪ শতাংশ শ্বেতাঙ্গ, ৩৩ শতাংশ ল্যাটিনো, আর বাংলাদেশি মাত্র ২ শতাংশ। এ সত্ত্বেও তিনি তিনজন প্রার্থীকে দেওয়া মোট ভোটের ৩১ শতাংশ পেয়েছেন।
বাছাই নির্বাচনে তাঁর অংশগ্রহণের প্রভাব সম্পর্কে হেলাল শেখ বলেন, পরাজিত হওয়া সত্ত্বেও বর্তমান কাউন্সিলম্যান ও নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী এরিক উলরিচ তাঁকে ফোন করে জানিয়েছেন যে তিনি ডেমোক্রেটিক দলীয় প্রাথমিক নির্বাচনে বিজয়ী হলে মূল নির্বাচনে এরিক উলরিচের বিজয় কঠিন হতো।
হেলাল শেখ আরও বলেন, ‘যারা আমার নির্বাচনে কাজ করেছেন, সমর্থন দিয়ে কিংবা ভোট দিয়েছেন কিংবা ভোট দানের ইচ্ছা থাকলেও ব্যস্ততার কারণে ভোট দিতে পারেননি, তাদের কাছ আমি চির ঋণী ও কৃতজ্ঞ। তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই।’ তিনি বলেন, ‘ভোট প্রাপ্তির পরিসংখ্যান ও প্রতিক্রিয়া দেখে আমি আশান্বিত ও উৎসাহিত হয়েছি। সামনে অনেক দূর এগিয়ে যেতে চাই। ভবিষ্যতে আমি লড়াইয়ে থাকব।’
ভবিষ্যৎ নির্বাচনে বাংলাদেশি কমিউনিটির সমর্থন ও সহযোগিতা কামনা করে হেলাল শেখ বলেন, এবারের নির্বাচনে হয়তো সবার কাছে যেতে পারিনি। ভবিষ্যতে সবার কাছে যেতে চেষ্টা করব। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমেরিকায় লেখাপড়া করার সময় থেকেই আমি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হই। আমার রাজনীতি পরাজয়ের মাধ্যমে শেষ হয়নি, বরং শুরু হয়েছে। আমাদের নিজস্ব প্রতিনিধি থাকা দরকার। মূলধারার রাজনীতিতে আরও বহু দূর যাওয়াই আমার লক্ষ্য। এ জন্য আমাদের সমর্থক বাড়াতে হবে।’
অপর এক প্রশ্নের জবাবে হেলাল শেখ বলেন, এখানকার ভোটাররা চেহারা নয়; বরং যোগ্যতা, পরিচিতি, অতীত কর্মকাণ্ড দেখেই ভোট দেন।
ভবিষ্যতে তাঁর কার্যক্রম কেমন হবে জানতে চাইলে হেলাল শেখ বলেন, তিনি নতুন প্রজন্মকে মূলধারার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ নেবেন। আগামী নির্বাচনে তিনি সবাইকে নিয়ে কাজ করার আশা প্রকাশ করে বলেন, ‘শুধু সিটি কাউন্সিল নয়, আমার স্বপ্ন আরও অনেক দূরে। এটা প্রথম সিঁড়ি।’
সংবাদ সম্মেলনে আবদুল মোমেন প্রবাসী বাংলাদেশিদের নিজস্ব লক্ষ্য ও উদ্দেশ্য স্থির করে সম্ভাব্য সব ক্ষেত্রে বাংলাদেশি প্রার্থী নির্বাচিত করার আহ্বান জানিয়ে বলেন, হেলাল শেখ তিনি তাঁর অবস্থান তৈরি করেছেন। তিনি মিশিগান, নিউ হ্যাম্পশায়ার, শিকাগোতে বাংলাদেশিদের রাজনৈতিক উত্থানের উদাহরণ তুলে ধরে প্রবাসীদের মূলধারার রাজনীতিতে যুক্ত হওয়ার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে হেলাল শেখের রাজনৈতিক কর্মকাণ্ড, বিগত বাছাই নির্বাচনে গণসংযোগসহ তাঁর জীবনভিত্তিক সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।
হেলাল শেখ কম্পিউটার ইনফরমেশনে স্নাতক ডিগ্রি এবং এডোলেসেন্ট ম্যাথমেটিক্ট এডুকেশনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবনে দক্ষিণ এশীয়দের মধ্যে তিনি সর্বপ্রথম ছাত্রসংসদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। নিউইয়র্ক সিটি বোর্ডের অধীনে সরকারি স্কুলে শিক্ষক হিসেবে তাঁর কর্মজীবন শুরু। পরে তিনি ব্রুকলিন ফ্রাঙ্কলিন কেলিন হাইস্কুলে গণিত শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে অবসর নেন। তিন সন্তানের জনক হেলাল শেখের স্ত্রী পেশায় চিকিৎসক।