অশালীন মন্তব্যের জেরে সৃষ্ট বিতর্কে আত্মপক্ষ সমর্থন
আমি আধুনিক কালের প্রেসিডেন্ট: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা নিয়ে সমালোচনা নাকচ করে দিয়েছেন। একাধিক টুইট করে এ ব্যাপারে আত্মপক্ষ সমর্থন করে ট্রাম্প বলেছেন, তিনি গতানুগতিক কোনো প্রেসিডেন্ট নন; বরং আধুনিক কালের একজন প্রেসিডেন্ট।
এমএসএনবিসির দুই অনুষ্ঠান উপস্থাপককে নিয়ে নিজের মন্তব্যের জের ধরে বিতর্ক শুরুর প্রেক্ষাপটে ট্রাম্প আত্মপক্ষ সমর্থন করে এ বক্তব্য দিলেন।
গত শনিবার ট্রাম্প টুইট বার্তায় বলেন, ‘আমি সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করি সেকালের প্রেসিডেন্ট হিসেবে নয়; একজন আধুনিক কালের প্রেসিডেন্ট হিসেবে।’
এই টুইটের আগে এ সপ্তাহের শুরুর দিকে ট্রাম্প এমএসএনবিসির উপস্থাপক মিকা ব্রেজিনস্কি ও জো স্কারবরোকে নিয়ে ব্যক্তিগত ও অশালীন আক্রমণ করে টুইট করেন। গত বৃহস্পতিবার সকালে দুটি টুইট বার্তায় তিনি মিকা ব্রেজিনস্কিকে প্রথমে ‘স্বল্প বুদ্ধিসম্পন্ন’ বলে পরিহাস করেন। ছয় মিনিট পর অপর টুইট বার্তায় তিনি মন্তব্য করেন, ফ্লোরিডায় তাঁর ব্যক্তিগত ক্লাব মার-আ-লাগোয় কয়েক মাস তাঁদের যখন দেখা হয়, তখন প্লাস্টিক সার্জারির কারণে ব্রেজিনস্কির মুখ থেকে প্রবলভাবে রক্ত ঝরছিল।
নারীদের দেহ ও মুখাবয়ব নিয়ে ট্রাম্প এই প্রথম কোনো অশালীন মন্তব্য করলেন, তা নয়। নির্বাচনী প্রচারণার সময় তিনি তাঁর অন্যতম প্রতিদ্বন্দ্বী কার্লিফিওরিনার চেহারা নিয়ে পরিহাস করেছিলেন। অপর প্রতিদ্বন্দ্বী টেডক্রুজের স্ত্রী ও নিজের স্ত্রীর ছবি পাশাপাশি রেখে ঠাট্টা করে বলেছিলেন, এমন অসুন্দর নারীকে আমেরিকার ফার্স্ট লেডি ভাবা যায় না।
এসব টুইটের নিন্দা জানিয়েছেন ডেমোক্র্যাটদের পাশাপাশি রিপাবলিকানরা। তবে যথারীতি হোয়াইট হাউস তাঁর পক্ষে সাফাই গেয়ে চলেছে। অবশ্য এর আগে ট্রাম্পের কয়েকজন সহযোগী তাঁর টুইট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
প্রেসিডেন্ট ট্রাম্প শনিবার বলেন, সামাজিক যোগাযোগের মাধ্যম তাঁকে মূলধারার গণমাধ্যম এড়িয়ে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ করে দিয়েছে। প্রসঙ্গত, ট্রাম্প গণমাধ্যমের খবরকে নিয়মিতভাবে ‘ভুয়া খবর’ বলে আখ্যায়িত করে আসছেন।
ট্রাম্পের ক্ষমতা কাড়ছে কংগ্রেস
সিএনএন বলেছে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা প্রশ্নে নানাভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা কেড়ে নিচ্ছে কংগ্রেস। সম্প্রচারমাধ্যমটি বিষয়টি ব্যাখ্যা করে বলেছে, রাশিয়া থেকে শুরু করে পেন্টাগনের বাজেট ইস্যুতে হোয়াইট হাউসের ক্ষমতা টেনে ধরতে রিপাবলিকানরা কংগ্রেসে নতুন প্রস্তাব নিয়ে কাজ করছে। এ ছাড়া কিছু ক্ষেত্রে জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি নিয়ে ট্রাম্প প্রশাসনের আকাঙ্ক্ষা সোজাসাপ্টা প্রত্যাখ্যান করছে।