যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির পক্ষ থেকে প্রার্থী হওয়ার লক্ষ্যে আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশ। গত সোমবার নিজ শহর মায়ামিতে প্রচার শুরুর সময় তিনি বলেন, ‘আমি জয়ের জন্যই লড়াই করব।’ খবর এএফপির।
অবশ্য রাখঢাক না করেই জেব বুশ প্রায় ছয় মাস ধরে অনানুষ্ঠানিক প্রচার চালিয়ে আসছিলেন। তবে সোমবার মায়ামি ডেইড কলেজে ওই আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি।
জেব বুশ বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি। আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী হব।’ তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের দ্বিতীয় ছেলে এবং দেশটির সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের (জুনিয়র) ছোট ভাই।
নিজস্ব রাজনৈতিক দৃষ্টিভঙ্গির বিষয়ে গর্ববোধ করেন ফ্লোরিডা অঙ্গরাজ্যের দুইবারের নির্বাচিত গভর্নর জেব বুশ। তিনি বলেন, ‘আমরা চাকরি ও ক্ষুদ্র ব্যবসায় সৃষ্টিতে ফ্লোরিডাকে ১ নম্বরে পৌঁছে দিয়েছি। এই অঙ্গরাজ্যে করের পরিমাণ ১ হাজার ৯০০ কোটি ডলারে উন্নীত হয়েছে।’
২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নের দৌড়ে আরও ১০ জন থাকলেও জেব বুশই সবচেয়ে এগিয়ে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ৬২ বছর বয়সী জেব বুশের প্রচারের লোগো উন্মোচন করা হয় রোববার। ওই লোগোতে বড় বড় হরফে লেখা হয় ‘জেব’!। এর নিচে লেখা ২০১৬। লোগোটিতে সতর্কতার সঙ্গে তাঁর পারিবারিক নাম পরিহার করা হয়েছে।