আমি ট্রাম্প প্রশাসনের ভেতরের প্রতিরোধের অংশ

প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর রাষ্ট্রপতিত্বের পরীক্ষায় পড়েছেন। আধুনিক আমেরিকার আর কোনো নেতাকে যা দিতে হয়নি।
বিষয়টি শুধু এমন নয় যে বিশেষ কৌঁসুলি হুমকি হয়ে উঠেছেন। অথবা মিস্টার ট্রাম্পের নেতৃত্ব প্রসঙ্গে দেশটা তিক্তভাবে দ্বিধাবিভক্ত। কিংবা তাঁর দল এমন এক প্রতিপক্ষের কাছে হাউসের নেতৃত্ব হারাতে পারে, যাঁরা তাঁর পতনের জন্য মরিয়া।
এই সংকট হচ্ছে যা তিনি সম্যক উপলব্ধি করেন না—তাঁর প্রশাসনের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা তাঁর এজেন্ডা ও তাঁর সবচেয়ে খারাপ প্রবণতাগুলো অংশত ব্যর্থ করে দেওয়ার জন্য ভেতর থেকে নিরলসভাবে কাজ করছেন।
আমি জানি। আমি তাঁদেরই একজন।
একটি বিষয় পরিষ্কার করা দরকার। আমাদের এটা বামপন্থীদের লোকপ্রিয় ‘প্রতিরোধ’ নয়। আমার চাই, এই প্রশাসন সফল হোক এবং মনে করি, এর বহু নীতি ইতিমধ্যেই আমেরিকাকে আগের চেয়ে নিরাপদ ও আরও সমৃদ্ধিশালী করেছে।
কিন্তু আমরা বিশ্বাস করি, আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে এই দেশটির প্রতি এবং প্রেসিডেন্ট এমন আচরণ করে চলেছেন, যা আমাদের প্রজাতন্ত্রের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
এ কারণেই ট্রাম্প-নিযুক্ত অনেকেই [তাঁদের] সাধ্যমতো আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সমুন্নত রাখার পাশাপাশি মিস্টার ট্রাম্পের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তাঁর আরও বিপথগামী প্রণোদনাগুলো বানচাল করার জন্য শপথ নিয়েছেন।
এ সমস্যার মূলে প্রেসিডেন্টের অনৈতিকতা। তাঁর সঙ্গে যাঁরা কাজ করেন, তাঁদের প্রত্যেকেই জানেন, তিনি কোনো বোধগম্য মৌলিক নীতিতে দৃঢ়মূল নন, যা তাঁর সিদ্ধান্ত গ্রহণকে দিকনির্দেশনা দেয়।
যদিও তিনি একজন রিপাবলিকান হিসেবে নির্বাচিত হয়েছেন, প্রেসিডেন্ট রিপাবলিকানদের লালিত আদর্শ—মুক্তমন, মুক্তবাজার এবং মুক্তমানুষগুলোর প্রতি খুব কমই অনুরাগ বোধ করেন। বড় জোর, সাজানো পরিবেশে এই আদর্শগুলো আবাহন করেছেন তিনি। খারাপ অবস্থায় এগুলোকে সরাসরি আক্রমণ করেছেন।
গণমাধ্যমকে ‘গণশত্রু’ আখ্যায়িত করে ব্যাপক প্রচার করা ছাড়াও প্রেসিডেন্ট ট্রাম্পের প্রবণতা সাধারণভাবে বাণিজ্যবিরোধী ও গণতন্ত্রবিরোধী।
আমাকে ভুল বুঝবেন না। কতকগুলো উজ্জ্বল ক্ষেত্র রয়েছে, যা প্রশাসনের বিরুদ্ধে প্রায় অবিরাম নেতিবাচক প্রচারণা তুলে ধরতে ব্যর্থ হয়েছে: কার্যকর নিয়ন্ত্রণমুক্তি (ডিরেগুলেশন), ঐতিহাসিক কর সংস্কার, আরও সবল সামরিক বাহিনী এবং আরও অনেক কিছু।
কিন্তু এই সাফল্যগুলো এসেছে এমনিতেই, প্রেসিডেন্টের নেতৃত্বের বৈশিষ্ট্য, যা আবেগপ্রবণ, কলহপরায়ণ, সংকীর্ণ ও অকার্যকর, তার জন্য নয়।
হোয়াইট হাউস থেকে নির্বাহী শাখার বিভিন্ন বিভাগ ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁর মন্তব্য ও কর্মকাণ্ড সম্পর্কে নিয়মিত তাঁদের হতবিহ্বলতার কথা একান্তে স্বীকার করেছেন। অধিকাংশ জনই নিজেদের কর্মকাণ্ড তাঁর খামখেয়াল থেকে দূরে রাখতে কাজ করছেন।
তাঁর সঙ্গে বৈঠক প্রসঙ্গান্তরে ও নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তিনি পুনরুক্তিমূলক বাগাড়ম্বরে লিপ্ত হন এবং তাঁর আবেগপ্রবণতা আধা সেদ্ধ, অল্প-সজ্ঞাত এবং কখনো কখনো বেপরোয়া সিদ্ধান্তের জন্ম দেয়, যা থেকে সরে আসতেই হয়।
ওভাল অফিসে এক বৈঠকে এক সপ্তাহ আগে দেওয়া একটি গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত থেকে প্রেসিডেন্ট সরে আসায় বিরক্ত এক শীর্ষ কর্মকর্তা সম্প্রতি আমার কাছে অভিযোগ করেন, ‘আক্ষরিক অর্থেই বলার উপায় নেই তিনি এই মুহূর্ত থেকে অন্য মুহূর্তে মতি পরিবর্তন করবেন কি না।’
হোয়াইট হাউসের ভেতরে ও বাইরে অজানা নায়কেরা না থাকলে এ ধরনের খামখেয়ালি আচরণ আরও উদ্বেগের কারণ হতে পারত। তাঁর কোনো কোনো সহকারীকে গণমাধ্যম খলনায়ক হিসেবে উপস্থাপন করেছে। কিন্তু একান্তে, এঁরাই খারাপ সিদ্ধান্তগুলো ওয়েস্ট উইংয়েই সীমিত রাখতে প্রচুর কাঠখড় পুড়িয়েছেন, যদিও সব সময় সফল হননি।
এই বিশৃঙ্খল যুগে এটা নিছক সান্ত্বনার বাণী মনে হতে পারে, কিন্তু আমেরিকানদের জানা প্রয়োজন, ঘরে সাবালকেরা রয়েছেন। আমরা পুরোপুরি বুঝতে পারছি কী ঘটছে এবং আমরা ঠিক কাজটি করতে চেষ্টা করছি, এমনকি যখন প্রেসিডেন্ট ট্রাম্প করবেন না, তখনো।
এর ফল হয়েছে দুই নৌকায় পা দেওয়া প্রেসিডেন্সি।
বৈদেশিক নীতির কথাই ধরা যাক: প্রকাশ্যে ও একান্তে প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের মতো একনায়ক ও স্বৈরশাসকদের প্রতি পক্ষপাত প্রদর্শন করেন এবং আমাদের যেসব সম্পর্ক বন্ধু ও সমমনা রাষ্ট্রগুলোর সঙ্গে একসুতোয় বেঁধে রেখেছে, খুব কমই সেগুলোর প্রকৃত মূল্যায়ন করেন।
বিচক্ষণ পর্যবেক্ষকেরা অবশ্য লক্ষ করেছেন যে প্রশাসনের বাকি অংশ অন্য পথে হাঁটছেন, যেখানে অনধিকারচর্চার জন্য রাশিয়ার মতো দেশগুলোকে সমালোচনা করা ও শাস্তি দেওয়া হয় এবং যেখানে বিশ্বব্যাপী মিত্ররা প্রতিপক্ষ হিসেবে তামাশার পাত্র হওয়ার পরিবর্তে সমকক্ষ হিসেবে সম্পৃক্ত হন।
যেমন রাশিয়ার ক্ষেত্রে, ব্রিটেনে একজন সাবেক রুশ গুপ্তচরকে বিষপ্রয়োগের শাস্তি হিসেবে পুতিনের এতগুলো গুপ্তচরকে বহিষ্কারে প্রেসিডেন্ট অনিচ্ছুক ছিলেন। ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে রাশিয়ার সঙ্গে আরও বিরোধে জড়িয়ে পড়ার জন্য কোণঠাসা করায় বেশ কয়েক সপ্তাহ তিনি ক্ষোভ প্রকাশ এবং দুষ্ট আচরণের দায়ে দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র অবরোধ অব্যাহত রাখায় হতাশা ব্যক্ত করেন। কিন্তু তাঁর জাতীয় নিরাপত্তা দল ঠিকই জানত, মস্কোর জবাবদিহির জন্য এ ধরনের ব্যবস্থা গ্রহণ করতেই হবে।
এটা তথাকথিত রাষ্ট্রীয় গোপন সংস্থাগুলোর কাজ নয়। এটি অবিচল রাষ্ট্রের কাজ।
এ ধরনের অস্থিতিশীলতা প্রত্যক্ষ করে মন্ত্রিসভায় প্রথম দিকে ২৫তম সংশোধনী ব্যবহার করার গুঞ্জন উঠেছিল, যা প্রেসিডেন্টকে অপসারণের একটি জটিল প্রক্রিয়া শুরু করত। কিন্তু কেউই হুট করে একটি সাংবিধানিক সংকট সৃষ্টি করতে চাননি। তাই প্রশাসনকে ঠিকপথে পরিচালিত করতে আমাদের পক্ষে যা করা সম্ভব, আমরা তা করব, যতক্ষণ পর্যন্ত না একভাবে নয়তো অন্যভাবে এর অবসান ঘটছে।
বড় উদ্বেগ এটা নয় যে ট্রাম্প প্রেসিডেন্ট পদের কী হাল করেছেন বরং জাতি হিসেবে আমরা তাঁকে আমাদের কী দশা করতে দিয়েছি, বড় উদ্বেগ সেটাই। আমরা তাঁর সঙ্গে নীচ হয়েছি এবং আমাদের আলোচনাকে ভব্যতাবর্জিত হতে দিয়েছি। সিনেটর জন ম্যাককেইন তাঁর বিদায়ী চিঠিতে এটা সবচেয়ে ভালো তুলে ধরেছেন। সব আমেরিকানের তাঁর কথা অবধান করা এবং আমাদের সর্বজনীন মূল্যবোধ ও এই মহান রাষ্ট্রের প্রতি ভালোবাসা দিয়ে ঐক্যবদ্ধ হওয়ার সুউচ্চ লক্ষ্য নিয়ে এই গোষ্ঠীতন্ত্রের ফাঁদ থেকে মুক্ত হওয়া আবশ্যক।
আমাদের হয়তো সিনেটর জন ম্যাককেইন নেই। কিন্তু আমাদের কাছে সব সময় তাঁর দৃষ্টান্ত জনপ্রতিনিধিদের জীবনে ও আমাদের জাতীয় সংলাপে সম্মান পুনরুদ্ধারের আলোক-সংকেত থাকবে। মিস্টার ট্রাম্প হয়তো এ ধরনের সম্মানিত ব্যক্তিদের ভয় পান, কিন্তু আমাদের উচিত তাঁদের শ্রদ্ধা করা।
দেশকে সবার আগে স্থান দেওয়ার উদ্দেশ্যে প্রশাসনের ভেতরের মানুষদের নীরব প্রতিরোধ রয়েছে। কিন্তু রাজনীতির ঊর্ধ্বে উঠে, বিপক্ষের দিকে হাত বাড়িয়ে দিয়ে এবং একটি পরিচয়ের পক্ষে সব পরিচয় ঝেড়ে ফেলার সংকল্প গড়ে সত্যিকারের পার্থক্য গড়ে দেবে সাধারণ মানুষ। সে পরিচয়—আমরা আমেরিকান।