
আমেরিকার সাবেক প্রেসিডেন্ট প্রার্থী মিট রমনি বলেছেন, ‘অভিবাসন প্রশ্নে আমি ট্রাম্পের চেয়েও কট্টর কঠোর।’ ২৬ মার্চ ইউটার প্রোভো শহরে এক সভায় প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন। তিনি নিজেকে অভিবাসন প্রশ্নে প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়েও বেশি ‘রক্ষণশীল’ বলে দাবি করেছেন। তিনি এমনকি ডাকা কর্মসূচির আওতায় সুবিধাপ্রাপ্তদের আমেরিকার বৈধ বাসিন্দা হিসেবে সুযোগ দেওয়ার নীতিরও বিরোধী বলে মন্তব্য করেছেন।
দৈনিক হেরাল্ড জানিয়েছে, ইউটার তৃতীয় বৃহত্তম নগরী প্রোভো’তে এক পরিচিতি সভায় বক্তব্য রাখেন মিট রমনি। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান বাছাইয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী এই রক্ষণশীল রাজনীতিক এবার নভেম্বরে অনুষ্ঠেয় ইউটা সিনেট নির্বাচনে লড়বেন।
২৬ মার্চের সভায় রমনি নিজেকে ‘দরিদ্র বাজপাখি’ দাবি করে বলেন, ‘ওটা (ডাকা কর্মসূচি) আমাকে বহু রিপাবলিকান ও ডেমোক্র্যাটের চেয়ে বেশি রক্ষণশীল করেছে। অভিবাসন প্রশ্নে আমি ট্রাম্পের চেয়েও কট্টর কঠোর। আমার বিবেচনায় ডাকা শিশুদের এ দেশে বৈধ মর্যাদা পেয়ে বসবাসের সুযোগ দেওয়া উচিত নয়।’
গত বছর ট্রাম্প প্রশাসন ডাকা কর্মসূচির ইতি টানার ঘোষণা দেন। এ কর্মসূচির অধীনে ওবামা প্রশাসন অভিবাসীদের সঙ্গে আসা শিশুদের বিতাড়নের ভীতি মুক্ত হয়ে আমেরিকায় বসবাসের অনুমতি দেয়। তখন থেকে এ কর্মসূচির অধীনে স্বপ্নচারী হিসেবে পরিচিতদের প্রশ্নে দীর্ঘ মেয়াদি সমাধানে পৌঁছতে কংগ্রেস ব্যর্থ হয়। সিনেটে ট্রাম্পের ডাকা কর্মসূচি বাতিলের ঘোষণা প্রয়োজনীয় ভোট পেতে ব্যর্থ হয়।
ট্রাম্প প্রশাসন ডাকা কর্মসূচির আওতাধীনদের সঙ্গে সঙ্গে ১৮ লাখ স্বপ্নচারীকে আমেরিকার নাগরিকত্ব প্রদানের ইচ্ছা প্রকাশ করেন। একই সঙ্গে সীমান্ত নিরাপত্তা বাড়ানোর জন্য আড়াই হাজার কোটি ডলার ব্যয়ের প্রস্তাব উত্থাপন করেন সিনেটে। এর সঙ্গে জুড়ে দেন বৈধ অভিবাসন কর্মসূচি সংস্কারের শর্ত। কিন্তু তাঁর এসব প্রস্তাব সিনেটে পাত্তা পায়নি।
দৈনিক হেরাল্ড রমনিকে উদ্ধৃত করে জানায়, এ ক্ষেত্রে আমি প্রেসিডেন্টের চিন্তাধারা মেনে নিচ্ছি। যারা অবৈধভাবে আমেরিকাতে এসেছে, তাদেরকে কোনো প্রকল্পের আওতায় বিশেষ সুবিধা দেওয়া উচিত নয়। এ ক্ষেত্রে নীতি হওয়া উচিত অভিন্ন।